কোচিং বন্ধে এবার বিদ্যালয় কমিটির সভাপতির কাছে চিঠি
আনোয়ারায় বিদ্যালয় শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধে এবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে উপজেলা প্রশাসন। গত ২০ সেপ্টেম্বর উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির কাছে এ চিঠি পাঠানো হয়।উপজেলা প্রশাসনের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চবিদ্যালয়ের সভাপতি তৌহিদুল হক চৌধুরী বলেন, ‘কোচিং-বাণিজ্য বন্ধের ব্যাপারে সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার পর অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আলোচনা করেছি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা সচেষ্ট।’উপজেলা প্রশাসন সূূত্র জানায়, পরিপত্র জারি হলেও আনোয়ারার উপজেলার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকেরা বিদ্যালয়ের কাছাকাছি স্থানে প্রাইভেট পড়ানোর নামে কোচিং-বাণিজ্য চালিয়ে আসছেন। এ জন্য পরিচালনা কমিটিকে চিঠি দেওয়া হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার বলেন, ‘আনোয়ারায় ২৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও তিনটি কলেজের সভাপতি বরাবরে এ চিঠি পাঠানো হয়েছে। কোচিং-বাণিজ্য যাতে একেবারে বন্ধ হয়ে যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।’নাম প্রকাশ না করার শর্তে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘সরকার আমাদের প্রাইভেট পড়াতে দিচ্ছে না। অথচ অর্ধ শিক্ষিত বেকারেরা যেখানে-সেখানে কোচিং ব্যবসা শুরু করেছেন। বিদ্যালয়ের শিক্ষকেরা কোচিং না করালেও শিক্ষার্থীরা ঠিকই অন্য কোথাও কোচিং করবে।চিঠি প্রদান প্রসঙ্গে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘কোচিং-বাণিজ্য বন্ধের ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা আছে। আমরা সে আলোকে এগোচ্ছি।’