কোচিং সেন্টারের কারণে বখে যাচ্ছে ছাত্ররা
অভিভাবক ও শিক্ষকদের নজরদারি কম থাকায় নগরের কোচিং সেন্টারের শিক্ষার্থীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সহপাঠীদের মধ্যেও সৃষ্টি হচ্ছে বিরোধ। এই বিরোধ থেকেই গত সোমবার সৌমেন বিশ্বাস ওরফে অনিক নামের কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের এক ছাত্র খুন হয়। কোচিং সেন্টারগুলোতে নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোচিং করে। নানা জায়গা থেকে আসা এসব শিক্ষার্থীর আছে নানা মত। সেরা বিদ্যালয় নিয়ে তাঁদের মধ্যে বিতর্ক হয়। আবার এই বিতর্ক একপর্যায়ে ঝগড়া-বিবাদের দিকে গড়ায়। এ প্রসঙ্গে বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও লেখক মোহিত কামাল বলেন, ‘বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক বা খেলাধুলা প্রভৃতি প্রতিযোগিতা নিয়ে বিবাদ ছাত্রদের মধ্যে আগেও ছিল। কিন্তু বিদ্যালয়ের ছাত্ররা ছুরি-চাকুর মতো বিপজ্জনক অস্ত্র নিয়ে অন্যকে আক্রমণ করতে উদ্যত হলে বুঝতে হবে এর মধ্যে অন্য কোনো ইন্ধন আছে। হয় এসব ছাত্রের সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ আছে, নয়তো তারা মাদকাসক্তি বা অন্য অসামাজিক কাজে জড়িত হয়ে পড়েছে। এ দিকগুলো নিয়ে অভিভাবক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সবাইকে সচেতন হতে হবে।’উপ-পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমাদের নামীদামি বিদ্যালয়গুলোতে পাঠদান হলে শিক্ষার্থীদের তো কোচিং করার প্রয়োজন নেই। অনেকে বাধ্য হয়ে বাচ্চাদের কোচিং সেন্টারে পাঠান। কিন্তু এখন কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। সমাজের সবাইকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরাও এ ব্যাপারে কাজ শুরু করেছি।’নগরের একটি কোচিং সেন্টারের মালিকের সঙ্গে আলাপে জানা গেছে, কিছু ছাত্র পড়াশোনার চেয়ে নিজেকে জাহির করতে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। যেমন সম্প্রতি কোচিং সেন্টারের কিছু ছাত্রের মধ্যে নতুন ও দামি মুঠোফোন সেট ব্যবহারের একটি অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে। এই অশুভ প্রতিযোগিতা থেকে ছাত্রদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগে থাকে। কোনো কোনো ক্ষেত্রে তা মারামারিতে রূপ নেয়। নগরের বেশির ভাগ কোচিং সেন্টারে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা গণমাধ্যমে প্রচার হয়নি। তবে সৌমেনের মৃত্যুর ঘটনায় অনেক প্রশ্ন এখন সামনে চলে এসেছে।কাতালগঞ্জের সেঙ্গুইন কোচিংয়ের সাবেক পরিচালক শাহতাব হোসেন ওরফে কেমি প্রথম আলোকে বলেন, ‘নগরের নামীদামি বিদ্যালয়গুলোতে সহশিক্ষার ব্যবস্থা নেই। অথচ কোচিং সেন্টারে ছেলেমেয়েরা একসঙ্গে কোচিং করছে। সেখানে তারা পরস্পরকে পছন্দ করছে, যা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে। সৌমেনের মৃত্যুর ঘটনা থেকে এ বিষয়টি প্রমাণ হয়।’ শাহতাব আরও বলেন, ‘প্রতিটি কোচিং সেন্টারে মেয়ে ও ছেলেদের আলাদা ব্যাচের কথা প্রচারপত্রে (লিফলেট) বলা হয়। কিন্তু নগরের কোনো কোচিং সেন্টারের মালিকেরা এই প্রতিশ্রুতি মেনে চলেন না। আসলে মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা উঠতি বয়সের। ওই বয়সে ছেলে ও মেয়েদের আলাদা করে পাঠদান করা উচিত। এ বিষয়টি মেনে চলা হলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা কমে যাবে বলে আমার বিশ্বাস। তবে উচ্চমাধ্যমিক পর্যায়ের তরুণ-তরুণীদের মধ্যে এ সমস্যা কম।’ পুলিশ সূত্র জানায়, সৌমেন হত্যার নেপথ্যে সেরা বিদ্যালয় বিতর্ক ছাড়াও মেয়েঘটিত বিষয়টি যোগ হয়। হত্যাকাণ্ডের অনেক আগে থেকেই কলেজিয়েট উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রদের মধ্যে চরম দ্বন্দ্ব চলছিল। নগরের রহমতগঞ্জের একটি কোচিং সেন্টারে কলেজিয়েট ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের বিপুল শিক্ষার্থী কোচিং করে। ওই কোচিং সেন্টারে খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের মেয়েরাও কোচিং করে। সৌমেনের এক সহপাঠীর বাবা ও মা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ২০ মার্চ শুভ নামের কলেজিয়েটের এক ছাত্রকে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের মোহাম্মদ আনাস মারধর করে। খাস্তগীর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে তাদের দুজনেরই পছন্দ ছিল। এ কারণে শুভ ও আনাসের মধ্যে চলছিল বিরোধ। এই বিরোধের কারণে কলেজিয়েট ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্ররা বিভক্ত হয়ে পড়ে। ওই দুই অভিভাবক আরও জানান, ২০ মার্চের ঘটনার জের ধরে সৌমেন তাঁর সহপাঠী শুভর পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে সৌমেনের সঙ্গে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র আনাসের তীব্র বাগবিতণ্ডা হয়। উভয়ের মধ্যে ফোনে হুমকি-ধমকির ঘটনা ঘটে। গত ২২ মার্চ সন্ধ্যার দিকে সৌমেনকে ছুরিকাঘাত করে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্ররা, যার নেতৃত্বে আনাস ও আকিব ছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ প্রসঙ্গে ডা. মোহিত কামাল বলেন, যেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রী একসঙ্গে পড়াশোনা করে, তারা পরস্পরকে চেনার সুযোগ পায়। ফলে তাদের মধ্যে অতিরিক্ত সংবেদনশীলতা থাকে না। কিন্তু যেসব বিদ্যালয়ে সহশিক্ষা নেই, সেই সব ছাত্রছাত্রী যদি হঠাৎ করে কোচিং সেন্টারে এসে অবাধ মেলামেশার সুযোগ পায় তাতে একধরনের চিত্তচাঞ্চল্য সৃষ্টি হয়। এ কারণে কোচিং সেন্টারগুলোর উচিত আলাদা পাঠদানের ব্যবস্থা করা। সৌমেনের মৃত্যুর ঘটনায় দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ওই বিদ্যালয়ে প্রতিদিন শ্রেণীকক্ষে পাঠদানের আগে-পরে ছাত্রদের পাঁচ মিনিট করে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ শুরু হয়। শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি জটিল সমাজে ইতিবাচক জীবনযাপনের বিষয়ে এই প্রশিক্ষণ চলছে। কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের ছাত্ররা দেশে মেধাবীদের মধ্যে অন্যতম। শিক্ষা ব্যবস্থাপনায় মনস্তাত্ত্বিক বিকাশের সুযোগ নেই বলে আচরণে অনেক ক্ষেত্রে তারা বিচক্ষণতার পরিচয় দিতে পারছে না। তাই তুচ্ছ ঘটনা থেকে সৌমেনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়।’ প্রধান শিক্ষক আজিজ বলেন, ‘সৌমেনের মৃত্যুর পর আমরা শ্রেণীকক্ষে পাঁচ মিনিট করে ছাত্রদের উপদেশ দিচ্ছি। বিপদে পড়লে কীভাবে বেঁচে আসতে হয় সেই ধরনের মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের বিতর্কে না জড়ানোসহ নানা ইতিবাচক উপদেশ দিচ্ছি। বিশেষ করে জীবন যেখানে বিপন্ন সেখানে প্রতিপক্ষের সঙ্গে আপস করতেই হবে। কোনো বিতর্ক করা চলবে না।’ কোচিং সেন্টারের মালিকেরা জানান, কোচিংয়ের কথা বলে ছেলে-মেয়েরা বাসা থেকে বেরিয়ে যায়। কিন্তু তারা কী আসলে কোচিংয়ে যাচ্ছে, নাকি বাইরে আড্ডা দিচ্ছে সেটা অভিভাবকেরা খতিয়ে দেখেন না। নগরের সাইবার ক্যাফেগুলোতে উঠতি বয়সের ছেলে বা মেয়েদের ভিড় বেশি। ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে শিক্ষার্থীরা ফেসবুকে ছেড়ে দিচ্ছে। বিশেষ করে ছেলেরা মেয়েদের আর মেয়েরা ছেলেদের আকর্ষণ করতেই ফেসবুক ব্যবহার করছে। অথচ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকেরা এসব বিষয়ে খবর রাখেন না। জানা গেছে, ২০০৫ সালে নগরের জাতিসংঘ পার্কের কাছে উৎপল বড়ুয়া নামের এক কিশোর খুন হয়। সেটা ছিল মেয়েঘটিত। নগরের কাতালগঞ্জের একটি কোচিং সেন্টারের এক ছাত্রীকে নিয়ে দ্বন্দ্ব থেকে উৎপলকে খুন করে প্রতিপক্ষের শিক্ষার্থীরা। জানা যায়, নগরের সুগন্ধা আবাসিক এলাকায় অন্তত ২৪-২৫টি কোচিং সেন্টার ছিল। এসব কোচিং সেন্টারকে ঘিরে পাড়ায় বখাটে যুবকদের উৎপাত বেড়ে যাচ্ছিল। তাই মাস তিনেক আগে ২০টি কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। সুগন্ধায় আরও চারটির কার্যক্রম চলছে। এরপরও আবাসিক এলাকার বাসিন্দাদের মনে স্বস্তি আসেনি। উপ-পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কোচিং সেন্টারের কারণে সুগন্ধার পরিবেশ বিপন্ন হয়ে ওঠে। আবাসিক সমিতির নেতাদের অব্যাহত অনুরোধে আমরা ২০টি কোচিং সেন্টার তুলে দিয়েছি। আরও চারটি কোচিং সেন্টার সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ ওই চারটি কোচিং সেন্টারের আশপাশে বখাটে তরুণ-কিশোররা উৎপাত করছে বলে আমাদের কাছে অভিযোগ আছে।’ সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘সুগন্ধার বাসিন্দারা শান্তিতে নেই। ১৩-১৪ বয়সী ছেলেরা প্রতিনিয়ত সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বিশেষ করে মেয়েঘটিত কারণে এবং এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এসব ঘটনা ঘটছে, যে সমস্যা কোচিং সেন্টার থেকে সৃষ্টি হচ্ছে বলে আমরা জেনেছি।’