কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় পদ্ধতিতে ক্রিকেট দলের কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে কেমন হবে সেটা? ভেবেছেন শরীফ মজুমদার
নিয়োগ বিজ্ঞপ্তি
একটি স্বনামধন্য জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ পদে নিয়োগের জন্য সৎ, চরিত্রবান ও যোগ্য বিদেশি প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
প্রার্থীর যোগ্যতাসমূহ
- প্রার্থী বিদেশি হওয়া বাঞ্ছনীয়। একাধিক দেশের নাগরিকত্বে সমস্যা নেই।
- প্রার্থীকে আইসিসির ‘লেভেল ওয়ান কোয়ালিফিকেশন’ সার্টিফিকেটধারী হতে হবে।
- প্রার্থীকে অতি-অবশ্যই হাই–প্রোফাইলওয়ালা হতে হবে।
- আইসিসির সদস্য এমন যেকোনো দেশের জাতীয় দল অথবা স্বীকৃত, নামজাদা প্রথম শ্রেণির কোনো দলকে কোচিং করানোর অনেক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- মিডিয়া সামলানোয় পটু হতে হবে।
- একটি আবেগপ্রবণ জাতির যেকোনো ধরনের সমালোচনা হজম করার মানসিকতা থাকতে হবে।
- উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মানসিকতা থাকা চলবে না।
সুযোগ-সুবিধাসমূহ
- থাকা-খাওয়া ফ্রি। অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের অতি আকর্ষণীয় বেতন প্যাকেজ প্রদান করা হবে। চলাচলের জন্য ব্যক্তিগত গাড়িও প্রদান করা হবে।
- আলোচনা সাপেক্ষে যখন-তখন হোম কান্ট্রি ভিজিট করার সুবিধা দেওয়া হবে।
- পরিবারসহ বিদেশভ্রমণের সুযোগ।
- প্রোফাইল অনুসারে খেলোয়াড়, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ডের ওপর খবরদারি করার অলিখিত সুযোগ প্রদান করা হবে।
- পারফরম্যান্স সাপেক্ষে বেতন বৃদ্ধির সুবিধা।
আবেদনের নিয়মাবলি
টাইগার ক্রিকেট বোর্ড (টিসিবির) অফিশিয়াল ওয়েবপেজ থেকে আবেদন ফরম ডাউনলোডকরত যথাযথভাবে পূরণ করে সরাসরি, ডাক কিংবা কুরিয়ারযোগে অথবা ই-মেইলে (www.tigercricket.beshi) নির্দিষ্ট সময়ের আগে প্রেরণ করতে হবে।
আবেদন ফরমের সঙ্গে যা যা লাগবে
- প্রার্থীর স্বহস্তে লিখিত আবেদনপত্র।
- প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল প্রকার শিক্ষাগত ও কোচিংগত যোগ্যতার সনদের ফটোকপি।
- সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
বাছাইকৃত আবেদনকারীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে টিসিবির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। যেকোনো ধরনের ব্যক্তিগত সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
বি.দ্র.: মৌখিক পরীক্ষার জন্য কোনো রকম টিএ/ডিএ প্রদান করা হইবে না।
