কোটবাজারের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার থেকে সরকার প্রতিবছর ১৮ থেকে ২০ লাখ টাকার রাজস্ব আদায় করছে। কিন্তু বাজারের ন্যূনতম উন্নয়নও হয়নি গত এক যুগেও। পুরো বাজারজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। ফলে রত্নাপালং ইউনিয়নসহ পার্শ্ববর্তী তিন-চারটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা বাজারের সার্বিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। উপজেলার আরাকান সড়কের পাশে ব্যস্ততম বাস স্ট্যান্ডে কোটবাজার অবস্থিত। প্রতিদিন জমজমাট বেচাকেনা হয় এ বাজারে। সব মিলিয়ে এতে দেড় শতাধিক দোকান রয়েছে। রত্নাপালং ছাড়াও আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ তরিতরকারিসহ নিত্যপণ্যের জন্য আসেন এ বাজারে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বাজারটিতে সমস্যার পাহাড় জমেছে। সরেজমিনে দেখা যায়, প্রবেশপথসহ বাজারের অভ্যন্তরীণ সবকটি সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ক্রেতা-বিক্রেতারা জানান, যেকোনো সময় সামান্য বৃষ্টি হলেই সবগুলো গলিপথ নোংরা পানিতে সয়লাব হয়ে যায়। ময়লা আবর্জনার দুর্গন্ধে ক্রেতা-বিক্রেতাদের বাজারে টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে।কাঁচা তরকারির ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান, আবুল কালাম ও মুরগি বিক্রেতা নুরুল হক বলেন, ‘আমরা প্রতিদিন নির্ধারিত হাসিল দিয়ে থাকি। অথচ, গত পাঁচ-ছয় বছর ধরে বাজারের বিন্দুমাত্র উন্নয়ন হয়নি। ঝুপড়ি দোকানে বসে কোনো রকমে ব্যবসা করছি।’ মাছ বিক্রেতা মনজুর আলম, জামাল উদ্দিন ও জাগির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্ষার সময় বৃষ্টিতে ভিজে এবং প্রায় সময় কাদার ওপর দাঁড়িয়ে ব্যবসা করি। ময়লা আবর্জনা পরিষ্কার না করায় পুরো বাজারের পরিবেশ দূষিত হয়ে পড়েছে। বাজারের পিছনে ঝোপ-ঝাড়ে বসে শৌচকর্ম সারতে হয়। এসব সমস্যা নিয়ে ইজারাদার ও উপজেলা প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কোটবাজার থেকে ২০১১-১২ সালে ১৬ লাখ, ২০১০-১১ অর্থবছরে ২০ লাখ টাকা ও ২০০৯-১০ অর্থবছরে ১৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। বাজারের ইজারাদার ছাবের আহমদ জানিয়েছেন, রাজস্ব আয় অনুপাতে গত কয়েক বছরে বাজারের উন্নয়ন চোখে পড়েনি। কয়েক মাস আগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাজারে পাঁচটি নলকূপ, ড্রেনেজব্যবস্থা, একটি গণশৌচাগার নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। তবে কোনো কাজ হয়নি। কোটবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘ক্রেতা সাধারণের দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, উপজেলার জনগুরুত্বপূর্ণ এলাকা কোটবাজারের উন্নয়নের জন্য উপজেলা পরিষদের সিদ্ধান্তক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শাহ জালাল চৌধুরী বলেন, ‘প্রয়োজনে উপজেলা পরিষদের তহবিল থেকে অর্থ বরাদ্দ দিয়ে কোটবাজারের উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।’