কোটি টাকার জিরো

বন্ধুত্বের টানাপোড়েন দুঃখ জাগায়। কখনো মনের কোণে অপার শূন্যতার সৃষ্টি করে। জামি হোসেনের মনেও একদিন ভর করেছিল এমন শূন্যতা। তিনি সে শূন্যতা ফুটিয়ে তুলতে হাতে নিয়েছিলেন তুলি। বেদনাবিধুর মনের রং চড়িয়ে সৃষ্টি করেছেন চিত্রকর্ম ‘জিরো’।
কে জানত বন্ধুত্বের দুঃখবোধ থেকে সৃষ্ট অ্যাক্রিলিক পেইন্টটি একদিন নজর কাড়বে শিল্প সমঝদারদের। ব্লুথাম্ব (https://bluethumb.com.au) নামে অস্ট্রেলিয়ার চিত্রকর্ম কেনাবেচার একটি ওয়েবসাইটে জামি হোসেনের জিরোর মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৪৮০ অস্ট্রেলীয় ডলার (প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা), যা ব্লুথাম্বে বিক্রির জন্য তোলা চিত্রকর্মের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম। বাংলাদেশের সুতি ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা ৪০ x ৬০ সেন্টিমিটারের ছবিটি এখন বিক্রির অপেক্ষায়। জামি বলেন, বেশ কয়েকজন ক্রেতা এই ছবির জন্য দুই লাখ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত দাম হেঁকেছেন। ‘জিরো’ বাদেও জামির আঁকা ‘পরিবার’, ‘দ্য গ্রিন ব্যালেন্স’ ও ‘কালারফুল ডেভাস্টেটেশন’ নামে তিনটি শিল্পকর্ম রয়েছে ব্লুথাম্বে।
শখের আঁকিয়ে জামির পড়াশোনা চিকিৎসাবিজ্ঞানে। অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তৃতীয় বর্ষে। ১৯ নভেম্বর মেসেঞ্জারে আলাপ হলো তাঁর সঙ্গে। জামি হোসেন তাঁর ‘জিরো’ নামের চিত্রকর্ম সম্পর্কে বলেন, ‘সবকিছুর শুরু শূন্য থেকে, এটাই এই চিত্রকর্মের মূল ভাবনা। ব্লুথাম্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’
জামি হোসেনের কাছে জানতে চেয়েছিলাম, ব্লুথাম্বে চিত্রকর্মের দাম নির্ধারণ হয় কীভাবে? তিনি বুঝিয়ে বলেন, শিল্পীরা নিজে সম্ভাব্য একটা দাম দেন। কিন্তু এর মানে এই নয় যে তিনি ইচ্ছেমতো দর দিতে পারবেন। কারণ, ব্লুথাম্ব কর্তৃপক্ষ শিল্পকর্মের মানসহ সবকিছু যাচাই-বাছাই করে চূড়ান্ত দাম নির্ধারণ করে।
কোনো শিল্পকর্ম ব্লুথাম্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হলে সেটার বিস্তারিত তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। বিস্তারিত তথ্যের মধ্যে থাকে শিল্পকর্মটির রঙের ব্যবহার, ওজন ও দেয়ালে টাঙালে তা কেমন দেখাবে, সেসবও। তথ্য মনঃপূত হলে, তখন তা প্রকাশ করা হয়।

জামির পড়াশোনা চিকিৎসাবিজ্ঞানে হলেও আঁকাআঁকিতে হাতেখড়ি ছোটবেলায়। চারুকলায় স্নাতক ফুফা ফরিদ হুদার কাজ দেখে জামি আগ্রহী হন রংতুলিতে। জামি হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজ সমানভাবে দেখেছি।’

রাজধানীর ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় এ-লেভেল পর্যন্ত পড়েছেন। এরপর ভর্তি হয়েছিলেন চীনের ঝিয়াংঝু বিশ্ববিদ্যালয়ে। আঁকিবুঁকিতে নতুন মাত্রা পায় চীনে পড়তে যাওয়ার পর। এমবিবিএস শিক্ষার্থী হলেও সখ্য গড়ে ওঠে ঝিয়াংঝু বিশ্ববিদ্যালয়ের শিল্প বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে। তাঁদের কাছেই রপ্ত করেন ক্যালিগ্রাফি ও চীনা পেইন্টিংয়ের কলাকৌশল।
চীন থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেন কবে? জামি হোসেন বলেন, ‘২০১৬ সালের শেষের দিকে ক্রেডিট ট্রান্সফার করে চলে আসি। চীনে স্নাতক হতে একটু সময় বেশি লাগে, তাই অস্ট্রেলিয়ায় চলে আসা।’
অস্ট্রেলিয়ায় চলে আসার পরই জামি তাঁর চিত্রকর্মে নতুন আঙ্গিক খুঁজে পান। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, মেলবোর্নসহ বিভিন্ন শহরের রাস্তায় তুলির আঁচড়ের সুন্দর চিত্রকর্মগুলো তাঁকে নাকি ভীষণ মুগ্ধ করত। এই মুগ্ধতাই তাঁর আঁকার আগ্রহ বাড়িয়ে তোলে। শুরু করেন আঁকাআঁকি। পড়াশোনা ও খণ্ডকালীন কাজের মধ্যেও সময় করে ক্যানভাসে রং ছড়ান জামি। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমার ভালো লাগলেও আঁকি, খারাপ লাগলেও আঁকি। আর্ট আমার হৃদয়। প্রচণ্ড খারাপ লাগার সময়গুলোয় রাতভর আঁকাআঁকি করি।’
২১ বছর বয়সী জামি পড়াশোনা শেষে দেশে ফিরতে চান। চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতে চান।
আর আঁকাআঁকি?
‘সে তো আছেই।’