কোটি টাকার নিজস্ব ভবনে তালা, চেয়ারম্যান বসেন ভাড়া ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকা ব্যয়ে নির্মিত ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন থাকলেও বর্তমান চেয়ারম্যান সেখানে বসেন না। তাঁর দাবি, নিরাপত্তার অভাব। ফলে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউপির কার্যক্রম চলছে অস্থায়ী ভবনে। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে ইউপি ভবন বন্ধ রয়েছে।জানা গেছে, গত ১৬ এপ্রিল ইউপি নির্বাচনে কুতুবজোমে সাবেক চেয়ারম্যান কবির আহমদকে পরাজিত করে মাওলানা শফিউল আলম চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তবে নির্বাচনের সময়ে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনায় শতাধিক লোকজন আহত হয়। পরে মাওলানা শফিউল আলম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আবারও সংঘর্ষ হয়। এরপর গত ২৪ এপ্রিল নতুন চেয়ারম্যান মাওলানা শফিউল আলম দায়িত্বভার নেওয়ার পর নিরাপত্তাহীনতার কথা বলে ইউপি ভবনে বসছেন না। তিনি বটতলী বাজারের সামনে একটি মার্কেটের তিনটি দোকান ভাড়ায় নিয়ে অস্থায়ী কার্যালয়ে পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। এ প্রসঙ্গে কুতুবজোম ইউপির চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, নিরাপত্তার অভাবে ইউপি ভবনে গিয়ে কাজ চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে আপাতত অস্থায়ী কার্যালয় স্থাপন করে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে। অস্থায়ী কার্যালয় স্থাপন করার বিষয়ে পরিষদের একটি রেজুলেশন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।ইউপি ভবন থাকা সত্ত্বে অস্থায়ী কার্যালয় করার নিয়ম আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘ভবনে গিয়ে অফিস করার ইচ্ছা থাকলেও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী কবির আহমদের লোকজনের অব্যাহত হুমকিতে যেতে পারছি না। এ নিয়ে মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ বর্তমান চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাবেক চেয়ারম্যান কবির আহমদ বলেন, ‘স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে পরিষদে এসে অফিস করার জন্য চেয়ারম্যানকে বেশ কয়েকবার বলা হলেও নানা অজুহাত দেখিয়ে তিনি আসছেন না।’ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘চেয়ারম্যান আগে সাধারণ ডায়েরি করেছেন কি না, তা আমার জানা নেই। তবে সন্ত্রাসীদের ভয়ে ইউপি ভবনে অফিস না করার বিষয় নিয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের জন্য একটি নির্ধারিত কমপ্লেক্স থাকার পরও নিয়ম-বহির্ভূতভাবে স্থানীয় চেয়ারম্যান অস্থায়ী ভবনে কার্যক্রম চালাচ্ছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের ভয়ে পরিষদে অফিস না করার মতো পরিস্থিতি এলাকায় এখনো হয়নি। অথচ সন্ত্রাসীদের ভয়ে চেয়ারম্যান ইউপি ভবনে অফিস না করার বিষয়ে লিখিতভাবে আমাকে এখনো পর্যন্ত জানাননি। তাঁকে ভবনে গিয়ে কাজ করার জন্য বলা হলেও তিনি তা মানছেন না।