প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় রাউজান উপজেলার সুলতানপুরের ৩১ শয্যার হাসপাতালে রোগীরা উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। টেকনিশিয়ানের অভাবে অব্যবহূত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে প্রায় কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। এতে সংশ্লিষ্ট রোগ নিরূপণের ক্ষেত্রেও রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।হাসপাতাল সূত্রে জানা যায়, এলাকার মানুষের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯৭ সালে রাউজান পৌর এলাকায় সুলতানপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় ৩১ শয্যার হাসপাতালটি নির্মাণ করা হয়। তিন তলাবিশিষ্ট হাসপাতালটি প্রথমবার ২০০৩ সালে এবং দ্বিতীয় দফায় ২০০৭ সালে উদ্বোধন করা হয়। দুই উদ্বোধক যথাক্রমে বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিয়ুর রহমান হাসপাতালে দ্রুত জনবল নিয়োগ ও চিকিৎসার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পাঁচ বছর আগে সরঞ্জাম এলেও চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। ২০১০ সালে সরঞ্জাম সরবরাহ ও অস্ত্রোপচারকক্ষ তৈরি হলেও তা এখনো চালু হয়নি। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, হাসপাতালের বারান্দায় বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে এক্স-রে মেশিন। দোতলার একটি কক্ষে পড়ে আছে অব্যবহূত চেতনানাশক যন্ত্র, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ অন্যান্য সরঞ্জাম। হাসপাতাল সূত্র জানায়, সাতটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মধ্যে ব্যবহারের আগেই নষ্ট হয়ে গেছে দুটি। একটি আছে বাক্সবন্দী। অন্য চারটি অস্ত্রোপচার কক্ষসহ বিভিন্ন কক্ষে লাগানো হলেও সেগুলোর ব্যবহার নেই। পড়ে আছে চেতনানাশক যন্ত্র। টেকনিশিয়ানের অভাবে এসব যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। সম্প্রতি সরেজমিন পরিদর্শনে দেখা যায়, হাসপাতালে নারী, শিশু ও পুরুষ মিলে সাতজন রোগী ভর্তি রয়েছে। বহির্বিভাগে দেখা গেছে অর্ধশতাধিক রোগীর দীর্ঘ সারি। চিকিৎসকেরা জানান, এখানে প্রতিদিন গড়ে ১০০ জনের বেশি রোগী চিকিৎসা নেন। চিকিৎসা নিতে আসা বৃদ্ধা ফুলজান বেগম অভিযোগ করেন, তিনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এভাবে দাঁড়িয়ে থেকে প্রায় রোগী ভোগান্তির শিকার হন। হাসপাতালে প্রেষণে আসা চিকিৎসক সুকান্ত ধর বলেন, ‘নামে ৩১ শয্যার হাসপাতাল হলেও এটি এখনো চলছে বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রেষণে আসা লোকবল দিয়ে। এখানে একমাত্র চিকিৎসা কর্মকর্তার পদটিও শূন্য। বর্তমানে হাসপাতালে স্থায়ী নিয়োগ পাওয়া লোকবলের মধ্যে আছেন একজন ফার্মাসিস্ট, একজন চিকিৎসা সহকারী ও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। বার্ষিক ওষুধ বরাদ্দ পাওয়া যায় মাত্র দুই লাখ টাকার।’এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার নাথ বলেন, ‘সুলতানপুর হাসপাতালের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যাপারে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন। আশা করি কিছুদিনের মধ্যে ব্যবস্থা হবে।’ সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, ‘বর্তমানে রাউজান উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। সুলতানপুরের হাসপাতালটিতে জনবল নিয়োগের বিষয়টিও মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।’ এ সংক্রান্ত নথি অর্থমন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে বলে তিনি জানান।