
বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়ক সংস্কার করা হয় ২০১৪ সালের মার্চ মাসে। এতে ব্যয় হয় ১ কোটি ৩৩ লাখ টাকা। কিন্তু কোটি টাকার এই সংস্কার বছর ঘুরতেই শেষ। ২২ কিলোমিটারের সড়কটির পুরোটা জুড়েই এখন খানাখন্দ। ফলে পাহাড়ি এই উঁচু-নিচু সড়কটিতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কটি বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের একমাত্র যোগাযোগের মাধ্যম।
উপজেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগ সূত্রে জানায়, ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনী মারিশ্যা-দীঘিনালা ২২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণ করে। ২০০৩ সালে সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সরেজমিনে দেখা গেছে, প্রায় স্থানে পিচঢালাই নেই। কিছু স্থানে ইট-সুরকিও নেই। এসব স্থানে সৃষ্টি হয়েছে বড় গর্ত। বিশেষ করে ছয় কিলো, নয় কিলো, পনছড়ি ও বটতলায় গর্ত বেশি। এদিকে রক্ষাদেয়াল না থাকায় বিভিন্ন স্থানে সড়কের মাটি সরে যাচ্ছে। সড়কের পাগয্যাছড়ি ও সেগুনবাগান এলাকায় প্রায় চার ফুট অংশ ধসে গেছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর মারিশ্যা-দীঘিনালা সড়কে ১৭ কিলোমিটার সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। ৩০ ডিসেম্বর সড়ক সংস্কারের কার্যাদেশ দেওয়া হয়। এরপর ২০১৪ সালের মার্চ মাসজুড়ে চলে সংস্কারকাজ। চারজন ঠিকাদার মিলে সংস্কারকাজ করেন। এরপর বছর ঘুরতেই সড়কে আবার খানাখন্দ সৃষ্টি হয়। গত জুলাই মাসে সড়কটির দেবে যাওয়া অংশ ও বড় গর্ত মেরামত করা হয়। সম্প্রতি ভারী বৃষ্টিতে আবার গর্ত সৃষ্টি হয়েছে।
জিপচালক (চাঁদের গাড়ি) নূর মোহাম্মদ ও ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম জানান, সড়কের বিভিন্ন স্থানে গত দুই মাসে গর্তে পড়ে আট থেকে দশটি গাড়ি বিকল হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার কবলে পড়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। সড়কটিতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
পগয্যাছড়ির বাসিন্দা দেবপ্রিয় চাকমা বলেন, সড়কের পুরোটা জুড়েই খানাখন্দ। এক বছর আগে দেখলাম সড়ক সংস্কার করা হয়েছে এখন আবার গর্ত। সংস্কার করা অংশও ভেঙেচুরে একাকার। এভাবে চলতে থাকলে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
সওজের খাগড়াছড়ির সহকারী প্রকৌশলী মো. মমতাজ উদ্দিন মুঠোফোনে বলেন, মারিশ্যা-দীঘিনালা সড়কটি রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগের আওতায়। দেখাশোনা করি আমরা। সড়কজুড়ে গর্ত ও ভাঙন সৃষ্টি হওয়ায় গত জুলাই মাসে মেরামত করা হয়। এরপর ১৩ সেপ্টেম্বর চার কিলো ও পাগয্যাছড়ি এলাকায় কয়েকটি অংশ মেরামত করা হয়। সড়কটি পুনরায় সংস্কারের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে বরাদ্দের জন্য পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দরপত্র আহ্বান করা হবে। সড়কটি চালু রাখার জন্য বেশি ঝুঁকিপূর্ণ স্থানে আবার কাজ করা হবে। কোটি টাকার সংস্কারকাজ বছরের মধ্যে নষ্ট হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি দাবি করেন, ‘সংস্কার করা অংশ ঠিক আছে। ভেঙেছে অন্য স্থানে।’
মারিশ্যা বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল খন্দাকর সাইফুল আলম বলেন, ‘সড়কটি খানাখন্দে ভরা। কয়েকটি স্থানে দেবে গিয়ে বড় ভাঙন দেখা দিয়েছে। দ্রুত সংস্কার করা না হলে উপজেলার সঙ্গে বাইরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।’