বাংলাদেশ রেলওয়ে লোকসানের অজুহাতে সাড়ে ১৩ বছর আগে ফেনী-বিলোনীয়া রেলপথ বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে পরিত্যক্ত রেলপথের অনেক স্থানে রেললাইন, স্লিপার, স্টেশনের দরজা-জানালাসহ অবকাঠামো চুরির অভিযোগ পাওয়া গেছে। রেলওয়ের বিশাল ভূসম্পত্তি বেদখল হচ্ছে। ফেনীর রেলপথ পরিদর্শকের কার্যালয় থেকে গত কয়েক বছরে লাকসাম জিআরপি থানায় অন্তত সাতটি চুরির মামলা করা হয়েছে। চুরি যাওয়া বেশ কিছু রেললাইন ও স্লিপার ফুলগাজী ও মুন্সিরহাট এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। কোটি কোটি টাকার সম্পদ দীর্ঘ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে চুরি, বেদখল হওয়া ছাড়াও নষ্ট হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, ব্রিটিশ শাসনামলে ১৯২৯ সালে ফেনী-বিলোনীয়া রেলপথ নির্মাণ করা হয়। চট্টগ্রাম বন্দর থেকে তৎকালীন ভারতের আগরতলাসহ বিভিন্ন এলাকায় মালামাল পাঠানো এবং যোগাযোগব্যবস্থা সহজ করার জন্য এ রেলপথ নির্মাণ করা হয়। দীর্ঘ ২৭ কিলোমিটার রেলপথে আটটি রেলস্টেশন স্থাপন করা হয়। স্টেশনগুলো হচ্ছে—বন্ধুয়া দৌলতপুর, আনন্দপুর, পীরবক্স মুন্সিরহাট, নতুন মুন্সিরহাট, ফুলগাজী, চিথলিয়া, পরশুরাম ও বিলোনীয়া। একসময় এ রেলপথ ছিল এলাকার শিক্ষাদীক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক উন্নয়নের একমাত্র মাধ্যম। শুধু ব্রিটিশ শাসনামল নয়, পাকিস্তান আমলেও ফেনীর উত্তরাঞ্চলের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ছিল ফেনী-বিলোনীয়া ট্রেন। ফেনী থেকে বিলোনীয়া পর্যন্ত একটি ট্রেন দৈনিক চারবার চলাচল করত। অবসরপ্রাপ্ত বিদ্যালয়শিক্ষক আবু তাহের চৌধুরী জানান, তিনি ছাত্রাবস্থায় এ ট্রেনে যাতায়াত করতেন। প্রতিদিন টিকিটের ঝামেলা ছিল না। সস্তায় ট্রেনের মাসিক টিকিট কেটে স্বাচ্ছন্দ্যে বাড়ি থেকে ফেনী আসা-যাওয়া করতেন। এলাকাবাসী জানান, বাংলাদেশের স্বাধীনতার পর ফেনী-বিলোনীয়া রেলপথের পাশঘেঁষে ধীরে ধীরে সড়ক যোগাযোগ গড়ে উঠতে থাকে। এরপর সড়কপথে শুরু হয় বাসসহ অন্যান্য যানবাহন চলাচল। ধীরে ধীরে রেলের যাত্রী ও আয় কমতে থাকে। একপর্যায়ে ফেনী থেকে পরশুরাম পর্যন্ত পাকা সড়ক নির্মিত হলে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সরাসরি বাস চলাচল শুরু হয়। অব্যাহত লোকসানের মুখে ১৯৯৭ সালের ১৭ আগস্ট রেল কর্তৃপক্ষ ফেনী-বিলোনীয়া রেলপথ বন্ধ করে দেয়। এরপর থেকে এ রেলপথ অচল ও পরিত্যক্ত হয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে কর্মরত কর্মচারীদের বিভিন্ন স্থানে পদায়ন বা বদলি করা হয়। এ রেলপথ রক্ষণাবেক্ষণের জন্য চারটি খালাসি দল (গ্যাং) ছিল। এসব দলে ৫০ জনের মতো খালাসি কর্মরত ছিলেন। তাঁদের থাকার জন্য ছিল ছাউনি। খালাসিদের ছাউনিগুলো এখন নিশ্চিহ্ন হয়ে গেছে।ফেনী-বিলোনিয়া রেলপথের আটটি স্টেশনে স্টেশনমাস্টারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর বাসস্থান ছিল। এসব ভবনে বর্তমানে বিভিন্ন জেলা থেকে কাজের সন্ধানে আসা ভাসমান শ্রমিকেরা বসবাস করেন। অযত্ন-অবহেলায় ও দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে স্টেশনগুলোর দরজা-জানালা ও অন্যান্য অবকাঠামো। রেলপথের বেশির ভাগ স্লিপার চুরি হয়ে গেছে। রেলপথের অনেক স্থানে শত শত মিটার রেললাইন কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। চুরি হয়েছে রেলপথের দুপাশের গাছপালা। এ ছাড়া ফেনী থেকে বিলোনীয়া পর্যন্ত রেলপথের দুপাশে বিশাল ভূসম্পত্তির একাংশ ইতিমধ্যে প্রভাবশালী লোকজন দখল করে নানা স্থাপনা নির্মাণ করেছেন।ফেনী স্টেশনের স্টেশনমাস্টার বিমল কান্তি বিশ্বাস পরিত্যক্ত এ রেলপথের বিভিন্ন স্থপনা চুরি ও সম্পত্তি বেদখলের কথা শুনেছেন বলে জানান। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কিছুই করার নেই। চুরির বিষয়টি বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ ফেনী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস) মো. আমিনুল ইসলাম জানান, ‘পরিত্যক্ত ফেনী-বিলোনিয়া রেলপথে অবস্থিত বিভিন্ন রেলস্টেশনের দালানের দরজা-জানালার প্রচুর ক্ষতি হয়েছে। খালাসিদের ছাউনিগুলোও প্রায় ধ্বংস হয়ে গেছে।’ ফেনীর রেলপথ পরিদর্শক (পিডব্লিউআই) মো. রশিদ আহম্মদ জাহাঙ্গীর জানান, তিনি ফেনীতে সম্প্রতি যোগদান করে জানতে পেরেছেন, রেলপথের অনেক স্থানে শত শত মিটার রেললাইন চুরি হয়েছে এবং রেল কর্তৃপক্ষ ও রেল পুলিশ (জিআরপি) বেশ কিছু চুরি যাওয়া রেললাইনের টুকরাও উদ্ধার করেছে। চুরির ঘটনায় গত কয়েক বছরে লাকসাম জিআরপি থানায় সাতটি মামলা হয়েছে। তিনি জানান, দীর্ঘ ২৭ কিলোমিটার রেলপথ এখন সম্পূর্ণ অরক্ষিত।বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, ‘ফেনী-বিলোনীয়া রেলপথ সংস্কারের একটি প্রস্তাব গত জানুয়ারিতে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ে অনুমোদনের পর প্রস্তাবটি পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে। সরকারের নির্দেশনা পেলে দ্রুত এ রেলপথ আবার চালু হবে।’