কোটি টাকার স্বপ্নযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে স্বপ্নবিলাসী নারী-পুরুষের সারি। শিক্ষার্থী, গৃহিণী, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাও আছেন ওই সারিতে। তাঁদের চোখেমুখে স্বপ্ন ও অভিযান। কোটিপতি হওয়ার স্বপ্নের চেয়েও দুঃসাহসী অভিযানের সাক্ষী হওয়ার ইচ্ছেটাই যেন প্রবল ছিল তাঁদের মনে। তবে দেশ টিভির ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানে অংশ নিতে আসা স্বপ্নবিলাসীদের কোটিপতি হওয়ার স্বপ্ন যে মনের কোণে একেবারে উঁকি দিচ্ছিল না তা-ও নয়। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী পাল স্বপ্ন দেখছেন নিজের একটি পাঠশালার। ‘যদি শেষপর্যন্ত টাকাটা পেয়ে যাই তাহলে একটি বিদ্যালয় গড়ার চেষ্টা করব। যেখানে দরিদ্র শিশুরা লেখাপড়ার সুযোগ পাবে।’ বললেন মৌসুমী। গত বুধবার নগরের টাওয়ার ইন হোটেলে অনুষ্ঠিত হয় ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের চট্টগ্রাম পর্বের প্রথম ধাপের বাছাই (অডিশন)। খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে সঠিক উত্তরদাতাদের ২০৫ জন এই পর্বে অংশ নেন। এর আগে ২৩ মে সিলেট ও রাজশাহীতে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। সারা দেশের এক হাজার ২০০ প্রতিযোগী থেকে ১২০ জন হটসিটে বসার সুযোগ পাবেন বলে জানা গেছে। দেশ টিভির একদল ক্রু ও স্বেচ্ছসেবক প্রাথমিক বাছাই-প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব পালন করছেন। রবির সৌজন্যে পুরো অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার প্রথম আলো ও এবিসি রেডিও। বাছাই-প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকা দেশ টিভির রবিন শামস বলেন, ‘বাংলাদেশে এটা নতুন একটি অনুষ্ঠান। তাই আমরা স্বচ্ছতা ও জবাবদিহিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’ প্রাথমিক বাছাই-প্রক্রিয়ার প্রথম ধাপে সাধারণ জ্ঞানের ওপর লিখিত পরীক্ষায় অংশ নেন প্রতিযোগীরা। এরপর স্মার্টনেসসহ অন্যান্য বিষয় দেখার জন্য ক্যামেরার সামনে একে একে সবাইকে আসতে হয়। সেখানেও প্রাথমিক বাছাই পর্বে অংশ নিতে আসা প্রতিযোগীদের মুখোমুখি হতে হয় কোটিপতি হয়ে কী করবেন—এমন প্রশ্নের। এক তরুণী স্বপ্নের কথা জানালেন এভাবে, ‘আমি কোটিপতি হলে সেন্ট মার্টিন দ্বীপে একটি বাড়ি বানাব। তারপর মাঝেমধ্যে গিয়ে সেখানে থাকব।’প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে আসা নারী-পুরুষের মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই ছিল বেশি। তবে ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নূরুল ইসলামকে বেশি চোখে পড়ছিল সবার। তিনি বলেন, ‘আমি এখন অবসর জীবন কাটাচ্ছি। একটি দাতব্য চিকিৎসালয় করা আমার খুব শখ।’তবে অনেকে এসেছিলেন কৌতূহল থেকে, কেউ কেউ অভিজ্ঞতা অর্জন করতে। যেমন ব্যবসায়ী হারুনুর রশীদ বলেন, ‘যদি মূল পর্বে যেতে পারি তাহলে আমাকে সবাই দেখবে। এটাও কম কিসের! এখানে আসা মানেই যে কোটিপতি হতে হবে, তা নয়।’সার্বক্ষণিকভাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুই কর্মকর্তা সকাল থেকে বাছাই পর্বটি পর্যবেক্ষণ করেন। টিআইবির মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা নাহিদ কাউসার জোয়ার্দার ও হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক অন্তনু কর সিলেকশন রাউন্ড, প্রশ্নপত্র ইত্যাদি বিষয়ে কোনোরকম অনিয়ম হচ্ছে কি না খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। নাহিদ জোয়ার্দার বলেন, ‘যেহেতু অনুষ্ঠানটি অর্থসংশ্লিষ্ট। তাই স্বচ্ছতা ও জবাবদিহি কতটা নিশ্চিত হচ্ছে এ বিষয়গুলো আমরা দেখছি। মেধা নিয়ে যাতে কোনো বাণিজ্য না হয়, এই দিকটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’টিআইবির কর্মকর্তারা প্রতিযোগীদের কাছে কথা বলে কোনো অনিয়ম-অস্বচ্ছতা আছে কি না জানতে চান। কোটি টাকার স্বপ্নে বিভোর প্রতিযোগীদের কাছে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা, দেরি—এসব কোনো সমস্যাই নয়। তাঁরা সবাই ঢাকার টিকিট পাওয়ার স্বপ্নের ঘোরে। তরুণ জীবক বড়ুয়া বললেন, ‘কোটি টাকার স্বপ্ন পরের বিষয়। কিন্তু এই অসাধারণ অনুষ্ঠানের সাক্ষী হতে পারাটাই তো অনেক বড় ব্যাপার।’