কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগাপাড়ায় গত বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আবারও কোটি টাকার একটি হেরোইনের চালান উদ্ধার করা হয়েছে। ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। এ সময় নীলফামারীর জলডাকা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. রবিনকে (২৬) গ্রেপ্তার করা হয়। এর সত্যতা নিশ্চিত করে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টায় ওই দরগাপাড়ার হোসেন রাইস মিলের সামনে ঢাকা থেকে কক্সবাজারগামী (ঢাকা মেট্টো-ব-১৪-৪৬৬৩) শ্যামলী পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে রবিনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি এই এলাকার পাশের বাংলাবাজার গ্রাম থেকে বিজিবি সদস্যরা অন্য একটি বাসে তল্লাশি চালিয়ে কোটি টাকার আরও এক কেজি হেরোইনসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছিলেন।