খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী কংচাইরী মগ মনোনয়নপত্র দাখিলের সময় জমা দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন ‘অক্ষরজ্ঞানসম্পন্ন’। একই হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, বর্তমানে ব্যবসা।
কংচাইরী মগের মতো খাগড়াছড়ি জেলার ছয়টি উপজেলার ২৬ জন চেয়ারম্যান পদপ্রার্থীর বেশির ভাগেরই হলফনামায় দেওয়া তথ্যে শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির বিবরণ, ঠিকানাসহ নানা বিষয়ে অসংলগ্নতা ধরা পড়েছে।
প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার ছয়টি উপজেলায় ২৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে মাস্টার্স ডিগ্রিধারী চারজন, ব্যাচেলর ডিগ্রিধারী আটজন, এইচএসসি নয়জন, এসএসসি তিনজন এবং অক্ষর ও সাক্ষরজ্ঞানসম্পন্ন রয়েছেন দুজন।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, ২৬ জন প্রার্থীর মধ্যে ২১ জনের পেশা ব্যবসা, দুজন কৃষিজীবী ও দুজন শিক্ষকতা করেন। প্রার্থীদের মধ্যে চারজনের সম্পদ কোটি টাকার বেশি।
সরকারি চাকরি করে শিক্ষাগত যোগ্যতা অক্ষরজ্ঞানসম্পন্ন লিখলেন কেন জানার জন্য কংচাইরী মগকে পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি নাম প্রকাশ না করে জানান, তিনি (কংচাইরী মগ) এক সময় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তখন সপ্তম-অষ্টম শ্রেণী পাস লোকেরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন।
একই উপজেলার চঞ্চুমনি চাকমা আয়ের উৎস হিসেবে বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য খাতে ভাড়া বাবদ আড়াই লাখ টাকা আয় দেখিয়েছেন। কিন্তু স্থাবর সম্পত্তি হিসেবে তাঁর কোনো জমি নেই বলে দাবি করেছেন। শুধু যৌথ মালিকানায় পাঁচ একর কৃষিজমি রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এ বিষয়ে চঞ্চুমনি চাকমা বলেন, ‘বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ইত্যাদির ভাড়া আমি নিলেও সেগুলো আমার বাবার নামে। তাই আমার নামে স্থাবর সম্পত্তি দেখাইনি।’
সদর উপজেলার এস এম রেজাউল করিম ওরফে হেলাল স্থাবর সম্পদের মধ্যে আট শতক জায়গাসহ টিনশেড ভবনের মূল্য দেখিয়েছেন চার কোটি টাকা। তবে এসব সম্পদের ঠিকানা তিনি উল্লেখ করেননি। এ প্রসঙ্গে হেলাল জানান, সম্পত্তিগুলো ঢাকার গোড়ান এলাকায়। ভুলে ঠিকানা উল্লেখ করা হয়নি।
ছয় উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক খাগড়াছড়ি সদর উপজেলার এস এম রেজাউল করিম। তাঁর সম্পদ রয়েছে ছয় কোটি ২৫ লাখ টাকার বেশি। এরপর রামগড় উপজেলার বেলায়েত হোসেন ভূঁইয়ার সম্পদের পরিমাণ দুই কোটি ৬৭ লাখ টাকার ওপরে। তৃতীয় স্থানে রয়েছেন বেলায়েত হোসেন ভূঁইয়ার ভাতিজা শহীদুল ইসলাম ভূঁইয়া। তাঁর সম্পদের পরিমাণ প্রায় এক কোটি ৯৭ লাখ টাকা। মাটিরাঙ্গা উপজেলার আবুল কাশেম ভূঁইয়ার সম্পদের পরিমাণ এক কোটি দুই লাখ টাকার বেশি।
প্রার্থীদের অনেকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। বেলায়েত হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে নয়টি, শহীদুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে চারটি, আবুল কাশেম ভূঁইয়ার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তবে এসব মামলায় তাঁরা জামিনে আছেন এবং মামলাগুলো বিচারাধীন বলে জানা গেছে।
হলফনামার অসংলগ্ন তথ্য সম্পর্কে জানতে চাইলে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, হলফনামায় কোনো ভুল বা অসংলগ্নতা থাকলে সে ব্যাপারে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া যেত। এখন কেউ অভিযোগ করলে তা দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, খাগড়াছড়ি জেলার আটটি উপজেলার মধ্যে প্রথম দফায় ছয়টি উপজেলায় ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো খাগড়াছড়ি সদর, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও রামগড় উপজেলা।
সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন কংচাইরী মগ, চঞ্চুমনি চাকমা, শানে আলম ও এস এম রেজাউল করিম ওরফে হেলাল। পানছড়ি উপজেলায় অনিমেষ চাকমা, বকুল চন্দ্র চাকমা, জিমি চাকমা ও সর্বোত্তম চাকমা। মহালছড়ি উপজেলায় ক্যজাই মারমা, বিমল কান্তি চাকমা, নিলোৎপল খীসা ও সোনারতন চাকমা। মাটিরাঙ্গা উপজেলায় আবুল কাশেম ভূঁইয়া, শামছুল হক, তাজুল ইসলাম ও আলকাছ মিয়া। মানিকছড়ি উপজেলায় ম্রাগ্য মারমা, এনামুল হক, এস এম রবিউল ফারুক। রামগড় উপজেলায় রিয়াজ উদ্দিন, উশ্যে প্রু মারমা, চাইথোয়াই চৌধুরী, কাজী মোহাম্মদ সেলিম, শহীদুল ইসলাম ভূঁইয়া, বেলায়েত হোসেন ভূঁইয়া ও এ কে এম আলীম উল্লাহ। এ ছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।