
সুবিধাবঞ্চিত ৪৫ হাজার পরিবারকে স্থানীয় অবকাঠামো–সুবিধা প্রদানের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন থেকে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি সংস্থা কোডেক একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এই প্রকল্পে সহায়তা করছে ইকো ফাউন্ডেশন।
২১ জানুয়ারি ফয়’স লেকসংলগ্ন কোডেকের কার্যালয়ে প্রকল্পটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। কোডেকের নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপনির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত এবং দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলম। স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী আ ন ম ওয়াহিদ। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন প্রকল্পের ফোকাল পারসন ওমর ফারুক। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য কোডেকের সঙ্গে সহযোগী সংস্থা হিসেবে দ্বীপ উন্নয়ন সংস্থা, দিশা ও কেএমএসএস এবং কারিগরিী সহযোগী সংস্থা হিসেবে নিজেরা করি, এইমস ও সেড কাজ করছে।
সভার সভাপতি বলেন, বাংলাদেশের উপকূলবর্তী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও দুর্যোগপ্রবণ নয়টি জেলার ৪৫টি উপজেলার ৪৫ হাজার হতদরিদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের খাদ্য নিরাপত্তা, বাজার ব্যবস্থার প্রসার ও অধিকার প্রতিষ্ঠা তথা তাদের জীবন ও জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী স্মার্ট প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এই সভায় আরও বক্তব্য দেন কোডেকের পরিচালক এবিএম মুনির হেলাল, সুলতান মুহাম্মদ গিয়াস উদ্দীন এবং ইমরুল হাসান এবং সহযোগী সংস্থাসমূহের প্রতিবিধিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের কর্মকর্তা শায়লা শারমীন। বিজ্ঞপ্তি।