কোণঠাসা কাশ্মীরের যোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় কাশ্মীরের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নেওয়া তরুণ-যুবকেরা এখন বিস্মৃতপ্রায় চরিত্র। ভারত ও পাকিস্তান উভয় অংশের অনেক কাশ্মীরি কারও অধীনেই না থেকে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। শুরু থেকেই তাদের কঠোর হাতে দমনে তৎপর হয়ে ওঠে দুই দেশের সরকার। ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা দুই কাশ্মীরেই সরকারের কঠোর অভিযান ও নীতি এসব স্বাধীনতাকামী যোদ্ধার নৈতিক শক্তি ও লড়াইয়ের উদ্যম দুটিই নিঃশেষিত করেছে। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের (পাকিস্তান যাকে বলে আজাদ বা স্বাধীন কাশ্মীর) ইসমাত করিম তেমন এক যোদ্ধা। নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ার পর ২০ দিন আটক রাখা হয় তাঁকে। ইসমাতের ভাষায়, এক ‘নির্যাতন কেন্দ্র’-এ আটক ছিলেন তিনি। করিম বলেন, ‘তারা আমাদের ইচ্ছামতো চাবকাত। আর এমন এক লোকের খোঁজ জানতে চাইত, যার নাম কখনো শুনিনি।’ গ্রেপ্তার হওয়ার আগে করিম ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির (পিএনপি) সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটি ভারত ও পাকিস্তান উভয় দেশের কাছ থেকে কাশ্মীরের স্বাধীনতা চায়। তারুণ্যের আবেগে উদ্দীপ্ত হয়ে এই সংগঠনে যোগ দেন করিম। একপর্যায়ে পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) হাতে গ্রেপ্তার হন তিনি। তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের জিম্মায়। তারপর করিমের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়। তিনি এখন আর ওই সংগঠনের সঙ্গে নেই। হয়রানি ও নির্যাতনের ভয়ে রাজনীতি ছেড়ে দিয়েছেন তিনি। স্বাধীনতার পরপরই ১৯৪৮ সালে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। জাতিসংঘের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এর পর থেকেই কাশ্মীর দুই ভাগ হয়ে একটি অংশ পাকিস্তানের ও অন্যটি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। এর চূড়ান্ত সমাধান অধরা রয়ে গেছে।সমস্যার শুরুর দিকে মুসলিমপ্রধান কাশ্মীরের সাধারণ মানুষের মনোভাব পাকিস্তানের দিকেই বেশি ঝুঁকে ছিল। কিন্তু ধীরে ধীরে এই মনোভাব বদলে যেতে থাকে। গত কয়েক দশকে কাশ্মীরে বেশ কয়েকটি স্বাধীনতাকামী সংগঠন আত্মপ্রকাশ করেছে।যারা পাকিস্তান বা ভারত কারো সঙ্গেই থাকতে চায় না, তারা চায় স্বাধীনতা।পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সাবেক স্বাধীনতাকামী যোদ্ধারা অনেকেই এখন নিগৃহীত জীবন যাপন করছেন। নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক বাধার মধ্যে বাস করতে হচ্ছে তাঁদের। পাকিস্তানি নিরাপত্তা কর্তৃপক্ষ এসব সংগঠনকে সন্দেহের চোখে দেখে। ভারতেও স্বাধীনতার পক্ষের কাশ্মীরিদের অবস্থা মোটেই ভালো নয়। ভারতের অভিযোগ, ১৯৮৯ সাল থেকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে যে বিদ্রোহ চলছে, তাতে মদদ দিচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।একটি স্বাধীনতাকামী সংগঠনের সদস্য ছিলেন আবদুল মজিদ। বেশ কয়েক বছর আগে, ছাত্রজীবনে স্বাধীনতাকামী কাশ্মীরিদের সঙ্গে হাত মেলান তিনি। তাঁর বিরুদ্ধে ৪৭টি বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। খুন ও দেশদ্রোহিতা থেকে চুরি ও দাঙ্গায় লিপ্ত হওয়া পর্যন্ত হেন অপরাধ নেই যা এর মধ্যে ছিল না। মজিদ বলেন, ‘তিন মাস আমাকে থানাহাজতে রাখা হয়েছিল। আদালতে একটি মামলা খারিজ হলেই আরেকটি তোলা হতো।’মজিদ জানান, একপর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁকে ডেকে নেন। তিনি বলেন, ছাত্র রাজনীতি বাদ দিলে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেওয়া হবে। এ প্রস্তাবে রাজি হন মজিদ। তিন দিন পরই ছেড়ে দেওয়া হয় তাঁকে। সেই থেকে রাজনীতির বাইরে আছেন তিনি।প্রথম দিকে যেসব কাশ্মীরি জঙ্গিবাদ ছেড়ে দেন, তাঁরা যুক্ত ছিলেন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) সঙ্গে। এ সংগঠনই ১৯৮৯ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র আন্দোলন শুরু করে। অভিযোগ রয়েছে, ভারতীয় কাশ্মীরে জঙ্গি তৎপরতায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মদদ রয়েছে। পাকিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। তবে নিরাপত্তা বাহিনী ও বিশ্লেষকদের স্থির বিশ্বাস, পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কিছু কর্মকর্তা কাশ্মীরের জঙ্গি তৎপরতায় উসকানি দিয়ে থাকেন।জেকেএলএফের নেতাদের ভাষ্য অনুযায়ী, শুরুতে তাঁরা পাকিস্তানের কাছ থেকে সমর্থন পেয়েছেন। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে গিয়ে তাঁদের সদস্যরা প্রশিক্ষণ নেন। কিন্তু জেকেএলএফয়ের আন্দোলন জনপ্রিয় হয়ে উঠলে তাঁদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে পাকিস্তানপন্থী একটি গোষ্ঠীকে মাঠে নামানো হয়। নব্বইয়ের দশকের শুরুতে হিজবুল মুজাহিদীন (এইচএম) নামে একটি ইসলামি সংগঠন আত্মপ্রকাশ করে। বিশ্লেষকেরা বলেন, এই সংগঠনের উদ্দেশ্য ছিল ভারতীয় বাহিনী ও জেকেএলএফ উভয়ের সঙ্গে লড়াই করা। যুগপৎ আক্রমণে জেকেএলএফের যোদ্ধারা কোণঠাসা হয়ে পড়েন। আবদুল ওয়াদুদ এমনই একজন যোদ্ধা। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুল্লা এলাকায় জেকেএলএফের বড় কমান্ডার ছিলেন তিনি। এখন মুজাফফরাবাদের (পাকিস্তানি কাশ্মীরের রাজধানী) কাছে একটি গ্রামে স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে তাঁবুতে বাস করেন। ওয়াদুদ বলেন, ‘আমার ভবিষ্যৎ বলে কিছু নেই। সন্তানদের জীবনও অনিশ্চিত। এভাবে বেঁচে থাকা বড় বেদনাদায়ক।’নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে এইচএমের নেতাদের মধ্যেও হতাশা দেখা দেয়। কারণ, বিদ্রোহ অচলাবস্থার মধ্যে ঘুরপাক খেতে থাকে। সংঘাতের প্রতিক্রিয়ায় স্থানীয় জনজীবনে দুর্ভোগ নেমে এলে মুজাহিদরা সমর্থন হারাতে থাকে। এইচএমের সাবেক সদস্য আবদুল রউফ বলেন, ‘যেখানকার সমস্যা সেখানেই রয়েছে। লড়াই করে লাভ হয়নি। একসময় মনে করতাম, আমরা জিহাদ করছি। এখন তো মনে হয়, এটা স্রেফ ব্যবসা।’স্থানীয় আন্দোলনকর্মীরা বলেন, স্বপ্নভঙ্গের কারণে ক্রমেই বেশি বেশি স্বাধীনতাকামী কাশ্মীরি অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলে পাকিস্তানি নিরাপত্তা কর্তৃপক্ষ সংঘাত জিইয়ে রাখতে লশকর-ই-তাইয়েবা ও জইশে মোহাম্মদের মতো জঙ্গি ইসলামি সংগঠনের জন্ম দেন। আইনজীবী ফজল মেহমুদ বেগ বলেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে এখনো তাঁদের কার্যালয় ও শিবির রয়েছে।স্বাধীনতাকামী সাবেক পাকিস্তানি কাশ্মীরি যোদ্ধারা ২০০৪ সালে ‘আসল যোদ্ধা’ নামে একটি সংগঠন গড়ে তোলার চেষ্টা চালান। তাঁদের লক্ষ্য ছিল পাকিস্তানপন্থী সংগঠনগুলোর বিরোধিতা করা। সংগঠনটির সদস্যরা বলেছেন, আইএসআইয়ের ধরপাকড়ের কারণে অচিরেই এটি ভেঙে যায়। আইনজীবী বেগ বলেন, কাশ্মীরের শত শত সাবেক জঙ্গি ও স্বাধীনতাকামী কর্মী নিখোঁজ রয়েছেন। তাঁরা আইএসআইয়ের কবজায় আছেন বলে ধারণা করা হয়। মুজাফফরাবাদের পাকিস্তানপন্থী কর্তৃপক্ষ এ অভিযোগ সরাসরি অস্বীকার করে না। তবে তাদের যুক্তি, দেশের প্রচলিত আইনে স্বাধীনতাপন্থী কোনো সংগঠনকে প্রশ্রয় দেওয়া সম্ভব নয়।কাশ্মীরে অসন্তোষের ধিকিধিকি আগুন জ্বলছেই। কবে তা নিভবে, কেউ জানে না। এ পরিস্থিতিতে স্বাধীনতার স্পৃহা বুকে ধারণ করা অনেকের কথা শোনার কেউ নেই। শুনতে বাধ্য করার হাতিয়ার যে অস্ত্র, তা-ও ছেড়ে দিয়েছেন তাঁরা। তাঁদের সামনে কেবলই অনিশ্চয়তার অন্ধকার। শরিফুল ইসলাম ভূঁইয়া