কোথায় পেলে এমন রঙিন পাখা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রজাপতি সুন্দর হয় জানতাম, কিন্তু তার পাখায় যে এত বিচিত্র রং আর আশ্চর্য রকম সুন্দর কারুকাজ, এভাবে খেয়াল করা হয়নি কখনো। আজ এ মেলায় এসেই বুঝতে পারলাম, পৃথিবীতে কত-শত প্রজাতির প্রজাপতি রয়েছে। আমি মুগ্ধ, আমি অভিভূত!’ এভাবেই প্রজাপতি মেলা-২০১২ সম্পর্কে নিজের উচ্ছ্বাসের কথা বলছিলেন মেলায় আসা এআইইউবির শিক্ষার্থী নুশরাত নাইমা।‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এই স্লোগান ধারণ করে ৭ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা-২০১২।মেলা উপলক্ষে সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। কেউ কেউ সপরিবারে, কেউ বা বন্ধুরা মিলে আসেন মেলায়। তবে বিশেষ করে তরুণ ও শিশু-কিশোরদের উপস্থিতি ছিল বেশি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোনিয়া আক্তার পরিবারের সবাইকে নিয়ে এসেছেন প্রজাপতি মেলায়। তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাস এমনিতেই সুন্দর। আজকের প্রজাপতি মেলা সেই সৌন্দর্যকে দিয়েছে ভিন্ন মাত্রা।’সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, যেখানে শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। এরপর শুরু হয় প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রজাপতির হাট প্রদর্শন। প্রজাপতির হাটে প্রজাপতি দেখে মুগ্ধ শান্ত-মারিয়ামের শিক্ষার্থী আমীর সোহেল বলেন, ‘প্রজাপতি পছন্দ করি ছোটবেলা থেকেই; তবে এত প্রজাপতি একসঙ্গে এর আগে দেখিনি কখনো। খুবই ভালো লাগছে।’এ ছাড়া মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রজাপতি আকৃতির ঘুড়ি ওড়ানো হয়। বিকেলে অনুষ্ঠিত হয় প্রজাপতিবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয় প্রজাপতির জীবনচক্র এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আশা অদিতি বলেন, ‘আমার সবচেয়ে ভালো লেগেছে প্রজাপতির জীবনচক্র দেখে। প্রজাপতির লার্ভা দেখে ভয় পেয়ে আমরা তা নষ্ট করে ফেলি; অথচ জানিই না, এটা থেকে তৈরি হবে প্রকৃতির অসম্ভব সুন্দর সৃষ্টি প্রজাপতি।’ঢাকা থেকে সপরিবারে মেলা দেখতে আসা কৃষিবিদ জাহিদুল আমিন বলেন, ‘খবর পেয়ে চলে এলাম। এত বিচিত্র বর্ণের আর বিভিন্ন প্রজাতির প্রজাপতি একসঙ্গে দেখে খুবই ভালো লাগছে। প্রতিবছর এই মেলার আয়োজন করা উচিত।’প্রাণীবিজ্ঞান বিভাগের কীটতত্ত্ব শাখার শিক্ষার্থী রিমা নওরীন বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সবার কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া যে প্রজাপতি পরিবেশের ভারসাম্য রক্ষক। এই মেলা থেকে আমরাও উৎসাহিত হচ্ছি গবেষণার জন্য এবং দর্শকও উৎসাহিত হচ্ছে জীববৈচিত্র্য রক্ষায়।’তিন বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে এই প্রজাপতি মেলা। এত সফলভাবে এ রকম ব্যতিক্রমী একটি আয়োজন করে চলেছেন যিনি, মেলার সেই আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনোয়ার হোসাইন। প্রজাপতি নিয়ে তাঁর রয়েছে অসীম কৌতূহল। তিনি বলেন, ‘আজকের শিশুরা প্রজাপতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রকৃতিপ্রেমিক হবে এবং তারা বড় হয়ে প্রকৃতি ও প্রজাপতি সংরক্ষণে মনোযোগী হবে—এই আমার প্রত্যাশা।’মেলার উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা বলেন, ‘প্রকৃতি ও প্রজাপতি সংরক্ষণের জন্য গণসচেতনতা বৃদ্ধি করতে হবে আর এ ক্ষেত্রে এই মেলা একটি ভালো উদ্যোগ। জনসচেতনতা তৈরির জন্য এ মেলার আরও অনেক বেশি প্রসার হওয়া উচিত।’