কোথায় আমি ভর্তি হব
সামনে ভর্তিযুদ্ধ। সবাই পাল্লা দিয়ে নিচ্ছেন প্রস্তুতি। শুধু বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ আর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ই নয়, সবাই চেষ্টা চালাচ্ছেন সামর্থ্যের পুরোটা ঢেলে পছন্দের বিষয় আর নামকরা প্রতিষ্ঠানে ভর্তি হতে। চলুন, শুরুতেই জেনে নেওয়া যাক কার কী প্রয়োজন।যাঁরা মেডিকেল কলেজে পড়তে চানবিজ্ঞান বিভাগ থেকে যাঁরা এইচএসসিতে ভালো ফল করেন তাঁদের বেশির ভাগেরই স্বপ্ন থাকে চিকিৎসক হওয়ার। যাঁরা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেছেন এবং পাঠ্য হিসেবে জীববিজ্ঞান পড়েছেন, তাঁরাই কেবল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। গতবারের ভর্তি পরীক্ষার তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ জিপিএ। সারা দেশের ১৭টি মেডিকেল কলেজের জন্য আবেদনের একই যোগ্যতা এবং ভর্তি পরীক্ষাও হবে একটি। তাই যেকোনো একটি কলেজ থেকে আবেদন করলেই হবে। মেধা তালিকায় ভালো করলে প্রার্থী যেকোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির। এরমধ্যে জীববিদ্যায় ৩০, রসায়নে ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে থাকবে ১০ নম্বর।স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে, ১৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন দুই হাজার ৩১০টি। আর্মড ফোর্সেস মেডিকেলে আসন আছে আরও ১০০টি। ৪৩টি বেসরকারি মেডিকেলে আসন রয়েছে তিন হাজার ৩৫০টি। বেসরকারি মেডিকেলগুলোর ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ম’ ইউনিটের অধীনে হবে। সরকারি ও বেসরকারি দুধরনের মেডিকেল মিলিয়ে বাংলাদেশের চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের পাঁচ হাজার ৭৬০ জন ছেলেমেয়ে পাবে তার স্বপ্ন পূরণের সুযোগ।সরকারি ১৭টি মেডিকেল কলেজ হচ্ছে: ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (ঢাকা), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (ঢাকা), ময়মনসিংহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিলেট), শেরে-বাংলা মেডিকেল কলেজ (বরিশাল), রংপুর মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (বগুড়া), ফরিদপুর মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, পাবনা মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ এবং কক্সবাজার মেডিকেল কলেজ।ডেন্টাল কলেজ: মেডিকেলের মতো ডেন্টাল কলেজগুলোতেও ভর্তির যোগ্যতা একই রকম। মেডিকেলের পরে অনেকেরই পছন্দ ডেন্ট্রিস্টি পড়ার বিষয়টি। তিনটি সরকারি আর ১১টি বেসরকারি ডেন্টাল কলেজ রয়েছে। সরকারি ডেন্টাল কলেজগুলো হচ্ছে: ঢাকা ডেন্টাল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ও রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। এতে আসন আছে ২১০টি। বেসরকারিগুলোর আসন ৭০০টি। সরকারি-বেসরকারি মিলিয়ে ৯১০ জন শিক্ষার্থী ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবেন। সরকারিগুলোর জন্য ভর্তি পরীক্ষা হয়। আর বেসরকারিগুলোর জন্য আলাদা ভর্তি পরীক্ষা হয়ে থাকে। যাঁরা প্রকৌশল বিষয়ে পড়তে চানদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে পাঁচটি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এর বাইরে গাজীপুরের ডুয়েট আছে, তবে তা ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য। এইচএসসি পাস করা কেউ সেখানে ভর্তির সুযোগ পান না।সব কটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলিয়ে আসন রয়েছে দুই হাজার ৫১১টি। বুয়েটে আসন ৯৬৫টি, কুয়েটে ৪৮০, রুয়েটে ৪৮৫ এবং চুয়েটে ৫৮১টি আসন আছে। যাঁরা প্রকৌশলী হতে চান, তাঁদের প্রধান লক্ষ্য থাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়ার। গত বছরের ভর্তি পরীক্ষার তথ্য থেকে দেখা যাচ্ছে, বুয়েটে ভর্তি হতে চাইলে প্রার্থীর এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ-৪ করে থাকতে হবে। আর এইচএসসিতে পদার্থ, গণিত, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট জিপিএর দরকার পড়বে ১৯। তবে বুয়েটে আবেদন করলেও সবাই ভর্তি পরীক্ষা দিতে পারেন না; কেবল নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার জন্য মনোনীত করা হয়। বুয়েটে দুটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকৌশলের ১০টি বিষয়ের জন্য ক গ্রুপ আর স্থাপত্যবিষয়ের জন্য খ-গ্রুপ। প্রকৌশলের ১০টি বিষয়ে মোট আসন ৯১০টি। স্থাপত্য বিষয়ে আসন মাত্র ৫৫টি। ক গ্রুপে ৬০০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়। ক এবং খ উভয় গ্রুপের পরীক্ষার জন্য পদার্থ, রসায়ন, গণিতে ১৮০ নম্বর করে এবং ইংরেজিতে ৬০ নম্বরের পরীক্ষা দিতে হবে। আর খ গ্রুপের জন্য ৬০০ নম্বরের সঙ্গে আরও ৪০০ নম্বরের অঙ্কন পরীক্ষা দিতে হয়।বুয়েট বাদে অন্য সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার গুচ্ছ আকারে অর্থাৎ মাত্র একটি পরীক্ষা হওয়ার কথা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। ২০০৯-১০ শিক্ষাবর্ষে কুয়েট ও রুয়েটে ভর্তি ফরম তোলার জন্য পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি—এই চারটি বিষয়ে মোট জিপিএ-১৭.৫-এর প্রয়োজন ছিল। যদিও জিপিএ-১৮.৫ পাওয়া শিক্ষার্থীরাই শুধু ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরেছিলেন। বিস্তারিত জানতে কুয়েটের জন্য www.kuet.ac.bd এবং রুয়েটের জন্য www.ruet.ac.bd ওয়েবসাইট ভিজিট করুন। অন্য দিকে চুয়েটে ভর্তি পরীক্ষার জন্য জিপিএ তুলনামূলক কম লাগে। ভর্তি ফরম তোলার জন্য গতবার এখানে দরকার ছিল চার বিষয়ের মোট জিপিএ-১৩। কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পেরেছেন যাঁদের জিপিএ ছিল ১৫। বিস্তারিত চুয়েটের ওয়েবসাইটে www.cuet.ac.bd। উল্লেখ্য, আবেদন করার যোগ্যতা প্রতিবছরই কিছুটা রদবদল হয়ে থাকে। চূড়ান্ত তথ্যের জন্য ভর্তি বিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও বাংলাদেশে বেশ কিছু বেসরকারি প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদের শিক্ষাপদ্ধতিও মানসম্পন্ন। আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে আপনি পড়তে পারেন প্রকৌশল বিষয়ে।টেক্সটাইল প্রকৌশল: বাংলাদেশে টেক্সটাইল শিক্ষার চাহিদা অনেক। প্রতিনিয়ত এ বিষয়ের চাহিদা বাড়ছে। তাই ইদানীং অনেকেই চাইছেন টেক্সটাইল প্রকৌশল সংশ্লিষ্ট কোনো বিষয়ে পড়াশোনা করতে। বর্তমানে দেশে ছয়টি টেক্সটাইল কলেজে স্নাতক পড়ার সুযোগ আছে। কলেজগুলো হচ্ছে: কলেজ অব টেক্সটাইল প্রকৌশল (তেজগাঁও, ঢাকা), টাঙ্গাইল টেক্সটাইল প্রকৌশল কলেজ, পাবনা টেক্সটাইল প্রকৌশল কলেজ, নোয়াখালী টেক্সটাইল প্রকৌশল কলেজ, টেক্সটাইল প্রকৌশল কলেজ (চট্টগ্রাম) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজিস্ট। এসব প্রতিষ্ঠানে সব মিলিয়ে এক হাজারের কাছাকাছি আসন রয়েছে। কলেজ অব টেক্সটাইল প্রকৌশলে ভর্তির জন্য জিপিএ-৪.০০ থাকতে হয়। এখানে গণিত, পদার্থ ও রসায়নে জিপিএ-৩.৫০-এর নিচে হলে আবেদন করা যায় না।লেদার প্রযুক্তি: বাংলাদেশে কলেজ অব লেদার টেকনোলজির প্রতিও চোখ রয়েছে মেধাবী শিক্ষার্থীদের। লেদার প্রযুক্তি, ফুটওয়ার প্রযুক্তি এবং লেদার প্রোডাক্টস প্রযুক্তি—এই তিনটি বিষয়ে এখানে ১২০ জন ছেলেমেয়ের উচ্চশিক্ষার সুযোগ আছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান হলেও এর কার্যক্রম, ভর্তি—সবই চলে আলাদাভাবে। এখানে আবেদনের যোগ্যতা চতুর্থ বিষয় বাদে এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-৭.৫০ থাকতে হবে। তবে এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.০০ অবশ্যই থাকতে হবে। এখানে মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার বিষয়গুলো হলো: পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি, প্রকৌশল ও রাসায়নিক প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে এগিয়ে নিতে গড়ে উঠেছে সাতটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু চাহিদাসম্পন্ন বিষয় আছে। আসনসংখ্যা অনুসারে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর) আসন সংখ্যা ৪৫০টি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল) ৪৫০, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৩০, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৪০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৬০ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট) এক হাজার ২২০টি। এসব বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতায় পার্থক্য রয়েছে এবং এখানে কারিগরি বিষয়ের পাশাপাশি সাধারণ বিষয়ও পড়ানো হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন আছে তিন হাজার ৩৫০টি। যাঁদের আগ্রহ কৃষি বিষয়েদেশে চারটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। মোট আসন এক হাজার ৬৪৭টি। সবচেয়ে বেশি আসন আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে—৮৫০টি। বলার অপেক্ষা রাখে না, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগে পাস করতে হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গত বছর মোট জিপিএ চাওয়া হয়েছিল ৬.৫। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পদার্থ, গণিত, রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজিতে ন্যূনতম জিপিএ-২.০০ থাকতে হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১৭, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৮০ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০০টি আসন রয়েছে। বাংলাদেশের সব কৃষি বিশ্ববিদ্যলয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ আকারে হওয়ার আলোচনা চললেও বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। ভর্তি বিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।লক্ষ্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয়যাঁরা কলা ও বাণিজ্য বিভাগে পাস করেছেন, তাঁদের প্রধান লক্ষ্য থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয় এখানেই। তাই এখানকার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল স্বপ্ন পূরণের সুযোগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রতিবেদন অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন আছে ৫২১৭টি। তবে এ সংখ্যা বছরভেদে কিছু কমবেশি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান বিভাগ হচ্ছে ক ইউনিট, খ ইউনিট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, গ হচ্ছে বাণিজ্য অনুষদ এবং ঘ ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তনের ইউনিট। এর বাইরে চারুকলা অনুষদে ভর্তি হতে আগ্রহীদের চ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হয়। গত বছরের যোগ্যতা অনুসারে ক ইউনিটে ভর্তি পরীক্ষার দেওয়ার যোগ্যতা: চতুর্থ বিষয় বাদে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ-৮.০০। এ ছাড়া খ, গ এবং ঘ ইউনিটের জন্য ন্যূনতম জিপিএ- ৭.০০। এ ছাড়া আপনি যদি আইবিএ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ ভর্তি হতে চান, সে জন্য আলাদা ভর্তি পরীক্ষা দিতে হবে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাধারণ ধারার মোট পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে ১৩টি। এগুলো হচ্ছে: রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩৫২৩টি আসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৯৯২, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৬০৬, ইসলামিক বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) ১৩৪৫, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা) ২৪৭০, খুলনা বিশ্ববিদ্যালয় ৮২৪, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৩৫০, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল, ময়মনসিংহ) ২৮৫, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) ৬৪০টি আসন। এর বাইরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৫৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ১১০ জনের উচ্চশিক্ষার সুযোগ আছে।বেসরকারি বিশ্ববিদ্যালয়: কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন থাকলেও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা নিশ্চিত করে চলেছে। এখানে শিক্ষাব্যবস্থা ব্যয়বহুল হলেও শিক্ষার্থীদের চাপ এখানেও কম নয়। বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ৫১টি বিশ্ববিদ্যালয়। তবে মোট কতজন শিক্ষার্থীর পড়াশোনা করার সুযোগ পাচ্ছে এসব প্রতিষ্ঠানে, এর সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই লাখের মতো ছেলেমেয়ে স্নাতক পর্যায়ে বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা বছরে তিনবার হয়।তাই এটা একটা ভালো সুযোগই বলা যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (আইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটিসহ অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে টিকলেই তবে ভর্তির সুযোগ পাওয়া যায়।জাতীয় বিশ্ববিদ্যালয়: একাডেমিক ফল, ভর্তি পরীক্ষার তুমুল প্রতিযোগিতা এবং সীমিত আসনের কারণে অনেকেই হয়তো পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না। তবে তাই বলে উচ্চশিক্ষা তো আর থেমে থাকতে পারে না। শেষ পর্যন্ত বিপুলসংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের অধীনের কলেজগুলোতে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন-চতুর্থাংশ পরীক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তি হন।২০০৮ সালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যমতে, সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও অঙ্গীভূত কলেজের সংখ্যা এক হাজার ৭৫০টি কলেজে স্নাতক প্রথম বর্ষে মোট আসন আছে এক লাখ ৬০ হাজার ৮১৫টি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু নামকরা কলেজ রয়েছে। বিশেষ করে, পুরোনো ও ঐতিহ্যবাহী কলেজগুলোতে ভর্তির চাপ বেশি থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়েই সবচেয়ে বেশি ছেলেমেয়ে উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবেন।