কোদাল নিয়ে নিজেই মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চীনের কিছু তরুণ পেশাজীবী নিজেদের প্রয়োজনীয় খাদ্য নিজেরাই উৎপাদনের দিকে ঝুঁকছেন। দামি আইফোন সামলাতে সামলাতে তাঁরা চালাচ্ছেন কোদাল। সপ্তাহের কাজের দিনগুলোতে এসব তরুণের কেউ শিক্ষক, কেউ গণসংযোগ উপদেষ্টা, কেউ বা কম্পিউটার প্রোগ্রামার। কিন্তু ছুটির দিনে শহুরে এই চটপটে তরুণেরাই গাঁয়ের পথ ধরে মাঠে নামেন। ছুটির দিনটা কেন শাকসবজি চাষে কাটাচ্ছেন তার জবাব দিলেন হি লিয়িং এভাবে, ‘বাজারের খাদ্যের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। এ জন্য নিজের খাবার নিজেই যতটা পারি চাষ করছি।’ গ্রীষ্মের প্রখর তাপের মধ্যে হি লিয়িংয়ের মতো একদল তরুণ রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ‘লিটল ডাংকি’ (ছোট গাধা) নামের একটি সমবায়ী খামারে কঠোর পরিশ্রম করছেন। শিশুখাদ্যে বিষাক্ত মেলামিনের মতো ভেজালের দৌরাত্ম্যে খাদ্য মান নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে চীনের সচেতন মধ্যবিত্ত সম্প্রদায়ের। তাঁদের জন্য এ রকম কয়েক ডজন খামার গড়ে উঠেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতেও খাদ্যের মান নিয়ে অভিযোগকারী ভোক্তার সংখ্যা বাড়ছে। দেশটিতে সম্প্রতি অন্ধকারেও চকচক করা মাংস বিক্রি আর বনরুটিতে রং মাখিয়ে তা আরও দামি পদের মতো দেখানো জাতীয় অনেক কেলেঙ্কারি ধরা পড়েছে। তবে সবচেয়ে বিচিত্র ঘটনাটি হলো তরমুজের ‘বিস্ফোরণ’। দৃশ্যত, আকৃতিবর্ধক রাসায়নিক অতিমাত্রায় ব্যবহারের কারণেই খেতের তরমুজ হঠাৎ ফেটে যাচ্ছে। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্যতম কৃষক জিয়াং ইয়ান শি। তবে তাঁর দাবি, বীজের কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। তরমুজে অতিরিক্ত সার বা স্টেরয়েড ভরা শূকরের মাংসের মতো নানা কারণে খাদ্যের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাস নেই বহু চীনার। ব্যাপারটি সরকারি কর্তৃপক্ষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, তাদের আশঙ্কা, জনগণকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে না পারলে তারা সরকারের প্রতি বিশ্বাস হারাবে। বাড়তি অর্থ ও সময় দুই-ই রয়েছে এমন শখের কৃষকেরা ভাগ্যবান হাতেগোনা মানুষদের অন্যতম। কারণ, তাঁরা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারছেন। চীনে তিন বছর আগে খাদ্য নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় কেলেঙ্কারি প্রকাশ হওয়ার পর থেকে জনগণের মধ্যে আস্থার সংকট দেখা দেয়। বিষাক্ত মেলামিনযুক্ত খাদ্য খেয়ে তখন ছয় শিশুর মৃত্যু হয়েছিল। অসুস্থ হয়ে পড়েছিল প্রায় তিন লাখ শিশু। ওয়াং গ্যাং নামের এক ব্যক্তির সন্তান মেলামিন দূষণের শিকার হয়েছে। ওই শিশুখাদ্য খাওয়ার কারণে তাঁর ছেলে জি ইউয়ানের কিডনিতে পাথর হয়েছে। ওয়াং তাঁর ছেলের এ পরিণতির জন্য দায়ী ব্যক্তিদের বিচার চান। তিন বছর আগের সেই শিশুখাদ্যের মোড়ক রান্নাঘরের চারপাশে জমিয়ে রেখেছেন ওয়াং। ওয়াং বলেন, ‘আমি মনে করি, এ ঘটনার দায়দায়িত্ব সরকারের বহন করা উচিত।’ চীনা কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোরতর আইন প্রণয়ন করেছে। নিম্নমানের ও অনিরাপদ খাদ্যের কারণে কেউ মারা গেলে তাঁর জন্য দায়ী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানিয়ে নির্দেশনা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে চীনে আইনকানুন লঙ্ঘনের ঘটনা হরহামেশাই ঘটে। আর খাবারের দাম ক্রমেই বেড়ে চলেছে বলে কিছু অসাধু লোক লাভের পরিমাণ বাড়ানোর জন্য দুনম্বরি করেই যাবে।  কৌশিক আহমেদ