কোন কাননের ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘ শুরু হয়েছে বাঘের শীত নিয়ে। কয়েক দিন ধরে চলল শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় রুক্ষ প্রকৃতি। কুয়াশার চাদরে ঢেকে থাকে সকাল-বিকেল, দিনের অনেকটা সময়। এই রুক্ষতার বিপরীতে প্রকৃতিকে বর্ণিল করে রেখেছে শীতের ফুলগুলো। ভোরে আলতো করে শিশির লেগে থাকে ফুলের গায়ে। রং-রূপের ফুল আর বিন্দু বিন্দু শিশিরকণার মিলনস্পর্শের দৃশ্যও অপরূপ। সকালটা যাঁরা চাদরমুড়ি দিয়ে কাটিয়ে দেন, তাঁদের জন্য দুঃখই হয়।ফুল বেশি ফোটে বসন্তে। ঋতুরাজের খ্যাতিও আছে তার। ফুল-পাখি আর কলকাকলির ঋতু বসন্ত হলেও প্রকৃতিতে শীতের ফুলও কিন্তু কম নয়। শুধু গোলাপই শীতের বাগানের অনেক অংশ দখল করে রেখেছে। গোলাপের আবার নানা রং, নানা প্রজাতি। গাঁদা ফুলও রং ছড়ায়। হলুদের সমারোহে ভরপুর করে তোলে প্রকৃতি। একসময় শীতের ফুল ছিল হাতে গোনা। গাঁদা, ডালিয়া, সূর্যমুখী, কসমস, চন্দ্রমল্লিকা—এগুলোই ছিল শীতের ফুল। ফুটে ফুটে ফুলগুলো বাগানের সৌন্দর্য বাড়াত। এখন শীতের ফুল অজস্র। জিনিয়া, হুড়হুড়ি, কসমস, জারবেরা, পয়েনসেটিয়া, ভারবেনা, বোতাম, ক্যালেন্ডুলা, ক্যান্ডিটাফট, ডেইন্টাস, ঝরনা, ফ্লক্স, গোল্ডেন শাওয়ার, কার্নেশন, অ্যাস্টার, পিটুনিয়া, লুপিন, পপি, সুইট-পি ও হলিহক প্রভৃতি শীতের অন্যতম ফুল। এ ছাড়া বনে বনে ফুটে আছে নাম না-জানা অনেক ফুল। এসব ফুলের অধিকাংশেরই গন্ধ নেই কিন্তু রং-রূপে রয়েছে বিপুল বৈচিত্র্য। বর্ষার ফুল হলেও শীতে ফোটে শুভ্র রজনীগন্ধা। লাল, সাদা ও গোলাপি কসমস ফোটে শীতে। আর হলুদ রঙের কসমস ফোটে বর্ষায়। শীত ও বর্ষায় ফোটে স্থলপদ্ম। গোলাপি রঙের বলে অনেকটাই গোলাপের মতো দেখতে। লতানো উদ্ভিদের মধ্যে রয়েছে লতা পারুল। বাড়ির আঙিনা ও বাগান ভরপুর হয়ে থাকে অজস্র নীল পারুল ফুলে।সালভিয়া, পয়েনসেটিয়া, জারবেরা, হুড়হুড়ি ও গোল্ডেন শাওয়ার—আগুনরাঙা এই ফুলগুলো যেন পাল্লা দিতে প্রস্তুত পলাশ-শিমুলকে।শীতের বেশির ভাগ ফুলই বাইরে থেকে আমদানি করা। ফুলগুলো এসেছে মূলত শীতপ্রধান দেশ থেকে। আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ফুলগুলো। ব্যাপকভাবে চাষ হচ্ছে টবে, বাগানে, নার্সারিতে। ফলে ফুলগুলো আর ভিনদেশি মনে হয় না। ঢাকার বোটানিক্যাল গার্ডেন, রমনা নার্সারি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কার্জন হল, উদ্ভিদবিজ্ঞান নার্সারি, চারুকলা অনুষদ, পরমাণু শক্তি কমিশন, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমী ও শিশু একাডেমীসহ নগরের নানা স্থান নয়নাভিরাম পুষ্পশোভায় বর্ণিল হয়ে উঠেছে। দেখে আসতে পারেন।