কোন পক্ষে যাবে তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ এলেই গোটা দুনিয়ার মতো বাংলাদেশও ভাগ হয়ে যায় নানা ফুটবল শিবিরে। তবে বাকি সব দলের চেয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের দাপটটাই বেশি। সোজা কথায় বিশ্বকাপে এই দুই দল যত দিন টিকে থাকে, মুখের লড়াই চলতেই থাকে। এবার মুখের সেই লড়াইয়ে আমরা বরং কিছু মসলা যোগ করে দিই। দুই দলের সমর্থকদের তর্ক করার মতো কিছু উপাদান খুঁজে বের করেছেন দেবব্রত মুখোপাধ্যায়যে কারণে বিশ্বকাপ জিতবেই আর্জেন্টিনা বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় এবং ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি খেলবেন এই দলে।  গ্যালারিতেই তাঁর উপস্থিতি আর্জেন্টিনার সবকিছু বদলে দেয়; সমালোচকেরা মনে করেন, গ্যালারিতে তাঁর প্রাণবন্ত উপস্থিতি বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার সোনা জয়ে বড় ভূমিকা রেখেছে। সেই ডিয়েগো ম্যারাডোনা এবার আর্জেন্টিনার শিবিরেই উপস্থিত! পেলে ১৯৭০ সালের শিরোপা জিতিয়ে দেওয়ার ২৪ বছর পর শিরোপা-খরা ঘুচিয়েছিল ব্রাজিল। ম্যারাডোনা আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়ে দিয়েছেন ১৯৮৬ সালে; ২৪ বছর আগে। অতএব, হিসাবমতে শিরোপা এবার আর্জেন্টিনার।  বাছাইপর্বে দাপট দেখালে আর্জেন্টিনা মূল পর্বে ভালো করতে পারে না। এবার যেহেতু বাছাইপর্বটা ভালো কাটেনি, আর্জেন্টিনা মূল পর্বেই চমকে দেবে।  গঞ্জালো হিগুয়েন, কার্লোস তেভেজ, ডিয়েগো মিলিতো এবং সর্বোপরি মেসি—এ মুহূর্তে ইউরোপ কাঁপানো সব স্ট্রাইকার মিলে তৈরি করেছেন আর্জেন্টিনার ভয়ংকরতম আক্রমণভাগ।  ‘আন্ডারডগ’ অবস্থা থেকে কীভাবে বিশ্বকাপ জিততে হয় তা ম্যারাডোনার চেয়ে ভালো জানে খুব কম লোকই। ১৯৮৬ সালে প্রায় একক ক্ষমতায় বিশ্বকাপ জেতানো ম্যারাডোনাই আবার চ্যালেঞ্জটা নিয়েছেন।  বিশ্বকাপ, কনফেডারেশন কাপ ও অলিম্পিক ফুটবল জেতা দুটি মাত্র দলের (অন্যটি ফ্রান্স) একটি আর্জেন্টিনা। এমন দল বিশ্বকাপ জিতবে না তো কারা জিতবে! তথাকথিত ‘ফেবারিট’-এর চাপ নেই আর্জেন্টিনার ওপর। সংবাদমাধ্যমের যেটুকু চাপ, তা সামাল দেবেন ম্যারাডোনা। ফলে খেলোয়াড়েরা একেবারেই নির্ভার হয়ে খেলতে পারবেন। যে কারণে বিশ্বকাপ জিতবেই ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জেতা দলটা বিশ্বকাপ জিতবে, সে জন্য যুক্তির দরকারটা কী? ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা জানেন ‘কীভাবে জিততে হয়’। ১৯৯৪ সালে যে ব্রাজিল দলকে নিয়ে ব্রাজিল-সমর্থকেরাও আশা করেনি, সেই দলকে নিয়ে দুঙ্গা বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৯৭ সালে অধিনায়ক হিসেবে কোপা আমেরিকা জিতেছেন। এবার বিশ্বকাপও জিতবেন।  ব্রাজিলের কাকা আছেন। ইনজুরি থেকে সেরে উঠে মাঠে নেমেই গোল করে প্রমাণ করে দিয়েছেন, ব্রাজিলকে একটা বিশ্বকাপ এনে দেওয়ার মতো ফর্মে আছেন তিনি।  সমালোচকদের মুখে ছাই দিয়ে ব্রাজিল দিব্যি জয়ের মধ্যে আছে। লোকেরা যখন ছিঃ ছিঃ করছিল, সেই অবস্থাতেই ব্রাজিল কোপা আমেরিকা জিতেছে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে। গত বছর জিতেছে কনফেডারেশন কাপ।  নিজের মহাদেশের বাইরে বিশ্বকাপ জেতার রেকর্ড আছে শুধু ব্রাজিলের। আফ্রিকীয় কোনো দেশের বিশ্বকাপ জেতার যেহেতু সম্ভাবনাই নেই, এবারও তাই শিরোপাটা ব্রাজিলীয়দের হাতে যাচ্ছে। সর্বশেষ ২৪ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ব্রাজিল। বুঝতেই পারছেন, কেমন ফর্মে আছে দলটি।  দলে তথাকথিত তারকা কম। ফলে এই দল অনেক বেশি ‘টিম গেম’ খেলবে, বিশ্বকাপ জেতার জন্য যেটি খুব জরুরি। দুঙ্গা তাঁর দল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করেননি। বিশ্বকাপ সামনে রেখে অনেক আগে থেকেই দল গুছিয়ে ফেলেছেন। ফলে খেলোয়াড়দের পরস্পরের মধ্যে ও কোচের সঙ্গে বোঝাপড়া অনেক ভালো।  ১৯৯৪, ২০০২—ব্রাজিলের সর্বশেষ শিরোপা জয়ে আট বছর ব্যবধান। আবার আট বছর পর এবারের বিশ্বকাপ ব্রাজিল ছাড়া আর কে জিতবে?