কোন পথে যাবে তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলাফলের অপেক্ষা শেষ, মিষ্টিমুখ করানোও শেষ। শেষ হলো ঈদের মজার দিনগুলোও। এইচএসসির ফল প্রকাশের পর এখন কেবল বাকি রয়ে গেছে মূল কাজটাই, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি।পৃথিবীর বেশির ভাগ দেশেই বিষয় পছন্দ করার জন্য ভর্তি পরীক্ষার প্রয়োজন হয় না। তবে আমাদের দেশের শিক্ষাব্যবস্থাটাই এ রকম, ভর্তি পরীক্ষাই একজন শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়ায়। তাই সবাই এখন ভীষণ ব্যস্ত ভর্তি প্রস্তুতি নিয়ে। ৭১ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী এবার এইচএসসি পাস করলেও সংখ্যার অনুপাতে বিশ্ববিদ্যালয়গুলোয় আসনসংখ্যা কম। তাই প্রতিযোগিতাও বেশি।স্বপ্ন নিয়ে-র পক্ষ থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া কজন শিক্ষার্থীর সঙ্গে মুঠোফোনে কথা বলা হয়। ঢাকা কলেজের শাকির আহমেদের স্বপ্ন প্রকৌশলী হিসেবে নিজেকে গড়ে তোলার। প্রথম পছন্দ হিসেবে বুয়েটে পড়ার স্বপ্ন নিয়েই প্রস্তুতি নিচ্ছেন শাকির। শাকিরের মতো নটর ডেম কলেজের হেনরি রাতুল, হাসিব ইব্রাহিম এবং সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের সিরাতুল ইসলামও একই স্বপ্নপূরণে দিনরাত পরিশ্রম করে চলেছেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মেডিকেল কলেজে পড়তে আগ্রহীদের সংখ্যা সবচেয়ে বেশি। কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের গিরিজা নন্দন দাসের কথাই ধরা যাক। ‘আপুকে মেডিকেলে পড়তে দেখেই মেডিকেলে পড়ার ইচ্ছা জাগে। সাদা অ্যাপ্রোন পরা মানুষগুলোকে যখনই দেখি, তখনই কেমন যেন শ্রদ্ধা জাগে মনে। আমিও একদিন তাঁদের মতো হতে চাই’, বলেন এই শিক্ষার্থী। নন্দনের মতো হলিক্রস কলেজের সাবরিনা জাহান, টাঙ্গাইলের গোপালপুর মেহেরুননিসা মহিলা কলেজের জয়িতা সাহা, ভিকারুননিসা কলেজের মাইসা মুনাওয়ারা, সাদিয়া আফরিন, মালিহা তাবাসসুম, নটর ডেম কলেজের ড্যানি গোমেজের স্বপ্ন শুধুই মেডিকেল কলেজকে ঘিরে। সবাই ইতিমধ্যেই পুরোদস্তুর প্রস্তুতি শুরু করে দিয়েছে।অনেকে আবার একই সঙ্গে মেডিকেল ও বুয়েটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রাজউক উত্তরা মডেল কলেজের ফাহমিদা ফাইজা মজুমদার, রাফিউল মাহবুব ও বাকিবিল্লাহ তাঁদেরই দলে।তবে সব শিক্ষার্থীই যে কেবল মেডিকেল কলেজ বা প্রকৌশলে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন, তা কিন্তু নয়। যেমন নটর ডেম থেকে উত্তীর্ণ এহসান আবরার ফাইয়াজ বিবিএ পড়তে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। কেউ কেউ মূল বিষয়গুলোর আগ্রহ থেকে পদার্থ কিংবা রসায়নে পড়ার জন্য নিজের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ আসিফ ইয়ামিনের পদার্থবিদ্যার প্রতি ভালোবাসাই তাঁকে স্বপ্ন দেখাচ্ছে এই বিষয়টি নিয়ে পড়ার।ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করা দূর্বা জাহানের স্বপ্নটা আবার অন্য রকম। দূর্বা পড়তে চান চারুকলায়। ক্যানভাসের আঁকিবুঁকির ইচ্ছা থেকেই দূর্বার ভর্তির প্রস্তুতি চলছে চারু ও কারুশিল্পে পড়ার জন্য। আবার কেউ কেউ আছেন সাহিত্যপ্রেমী। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর আর জীবনানন্দ পড়তে পড়তে কারও আবার শখ হয় সাহিত্য নিয়ে পড়াশোনা করতে। বাংলা বা ইংরেজি যেকোনো একটি বিষয়ে পড়াশোনার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন নড়াইলের লোহাগড়া নবগঙ্গা ডিগ্রি কলেজের ফরহাদ হোসেন।বাণিজ্য শাখার হিসাবি শিক্ষার্থীদের বরাবরই পছন্দ ফিন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিংয়ের মতো বিষয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটকে কেন্দ্র করে তাই প্রস্তুতি নেওয়ার শিক্ষার্থীদেরও অভাব নেই। ঢাকা ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহ থেকে প্রস্তুতি নিচ্ছেন বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা। অর্থনীতি বা আইনের মতো বিশাল পরিসরের একটা বিষয়েই বা পড়াশোনার আগ্রহ কম থাকবে কেন? তাই ‘খ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন মানবিকের ছাত্রী রাইসা। ঠিক একইভাবে আইন বিষয়ে পড়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছেন মানবিকের আরেক শিক্ষার্থী বাঁধন।অধ্যবসায়ী উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা তাই সময় নষ্ট না করে তাঁদের কাঙ্ক্ষিত বিষয়টিতে পড়াশোনার জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যৎ যে এসব তরুণের হাতেই নিহিত। নিজেকে সঠিকভাবে তৈরি করার সঙ্গে দেশ গড়ার প্রত্যয়ে বলীয়ান হয়ে এগিয়ে চলুক স্বপ্নজয়ী এসব তরুণের পথচলা।