কোন ফুলের কী নাম!
কিছু কিছু ফুল নিয়ে পুষ্পপ্রেমীদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। অনেকেই অনেক ফুলকে ভুল নামে চেনেন। ভুল নামের আড়ালে হারিয়ে গেছে অনেক ফুলের প্রকৃত নাম। এমনই একটি ফুল হচ্ছে হেলিকোনিয়া প্রজাতির হ্যাংগিং লবস্টারস ক্লো। এ ফুলের জন্মস্থান আমাদের দেশ না হলেও এখানকার প্রকৃতিতে অভিযোজনা চমৎকার। তা ছাড়া ফুলের সৌন্দর্যও দারুণ। এ কারণেই ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই অঞ্চলের ফুল না হওয়ায় কোনো বাংলা নাম নেই। আর সেই সুযোগই কাজে লাগিয়েছেন কিছু গাছবিক্রেতা। তাঁরা এ গাছের নাম দিয়েছেন বার্ড অব প্যারাডাইস! আদতে দুটি সম্পূর্ণ ভিন্ন ফুল।আমাদের দেশে বার্ড অব প্যারাডাইস দুর্লভ। তবে জানামতে, কারও কারও ব্যক্তিগত সংগ্রহে দু-চারটি গাছ রয়েছে। মাটি ও আবহাওয়ার কারণে এখানে সাধারণত এ ফুল ফোটে না। কিন্তু প্রায় বছর ছয়েক আগে অনেকটা অসাধ্য সাধন করেছিলেন অধ্যাপক দ্বিজেন শর্মা। ইংল্যান্ড থেকে এর চারা এনে টবে লাগিয়েছিলেন। সেই গাছ শিশু একাডেমীর বাগানে লাগানোর পর ফুলও হয়।হেলিকোনিয়া উষ্ণমণ্ডলীয় দেশগুলোয় মোটামুটি সহজলভ্য। কিন্তু বার্ড অব প্যারাডাইস শীতের দেশগুলোয়ই ভালো জন্মে। এ দুটি ফুলের আকৃতি, প্রকৃতি ও গড়নে কোনো সাদৃশ্য নেই। ছবি দেখে খুব সহজেই এ দুই ফুলের পার্থক্য নির্ণয় করা সম্ভব।হেলিকোনিয়া (Heliconia rostrata) ক্রান্তীয় আমেরিকান প্রজাতি। গাছ প্রায় চার মিটার পর্যন্ত উঁচু ও খাড়া হয়। পাতা কলাগাছের পাতার মতো, লম্বা ডাঁটার আগায় আয়তাকার ফলক। ফুলের মধু হামিং বার্ডসহ অনেক পাখির প্রিয়। এটি বলিভিয়ার জাতীয় ফুল। সেখানকার স্থানীয় নাম ‘পাটুজু’।বার্ড অব প্যারাডাইস (Strelitzia reginae) দক্ষিণ আফ্রিকার গাছ হলেও ১৭৭৩ সালের দিকে লন্ডনের ‘কিউ’ বোটানিক গার্ডেনের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং আলংকারিক উদ্ভিদ হিসেবে অতি অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় এ ফুল সবচেয়ে বেশি চাষ হতে দেখা যায়। চাষের জন্য নাতিশীতোষ্ণ আবহাওয়াই সর্বোত্তম। অতিরিক্ত তুষারপাত ক্ষতিকর বলেই শীতের দেশগুলোয় কাচঘর বা নেট হাউসে রাখা হয়। প্রধান প্রস্ফুটনকাল শীত ও প্রাক-বসন্ত।