কোন ভাষা পড়তে চাই
ঘড়ির কাঁটা একটার ঘর ছুঁয়েছে। কলাভবন থেকে ক্লাস করে আধুনিক ভাষা ইনস্টিটিউটের দিকে ছুটছেন ফারহানা। কেননা দেড়টার সময় আধুনিক ভাষা ইনস্টিটিউটে তাঁর ইংরেজি কোর্সের ক্লাস, যা ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ বা আইএমএল নামে বেশি পরিচিত শিক্ষার্থীদের কাছে। ফারহানা বলেন, কর্মক্ষেত্রে নিজেকে আরও যোগ্যতাসম্পন্ন বা উপযোগী করে গড়ে তোলার জন্যই আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি শিখছি।সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশি ভাষা শেখালেও এ ক্ষেত্রে সবচেয়ে বড় পরিসরে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অংশ হিসেবে ‘বিদেশি ভাষা বিভাগ’ নামে এই ইনস্টিটিউটের জন্ম। যার উদ্দেশ্য ছিল ওই বিভাগের শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখানো। ধীরে ধীরে শিক্ষার্থীদের আগ্রহ বিবেচনা করে ১৯৭৪ সালের ১ জুলাই আধুনিক ভাষা ইনস্টিটিউটে পরিণত হয় বিভাগটি। বর্তমানে এখানে শেখানো হয় ১২টি ভাষা।আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী সুবর্ণা সরকার বলেন, ‘ইংরেজি সাহিত্যের সঙ্গে ফরাসি সাহিত্যের চমত্কার একটি মিল রয়েছে। তাই সিদ্ধান্ত নিলাম, ফ্রেঞ্চ ভাষা শিখব। এ ছাড়া জাতিসংঘের দ্বিতীয় ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। সে জন্য জাতিসংঘের আওতাভুক্ত বিভিন্ন সংস্থায় চাকরি পাওয়ার সুবিধার জন্য ফ্রেঞ্চ ভাষা শিখছি।’বর্তমান সময়ে সচেতন শিক্ষার্থীরা নিজেদের শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে বন্দী না করে বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো ভাষা শেখার ওপর জোর দিচ্ছে। আর সে কারণে আইএমএলের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলে মনে করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক আবদুর রহিম।আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা শিখতে সুদূর চীন থেকে এসেছেন ইরা। ইনস্টিটিউটের বাংলা বিভাগে ডিপ্লোমা করছেন তিনি। অনেকটা ভাঙা ভাঙা অস্পষ্ট স্বরে বলেন, ‘বাংলা শিখছি, কারণ বাংলা ভাষাটা আমার ভালো লাগে। বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার। বর্তমানে ইনস্টিটিউটের বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ জন।’ পঠনপদ্ধতিআধুনিক ভাষা ইনস্টিটিউটে এক বছর মেয়াদি জুনিয়র ও সিনিয়র কোর্স, ডিপ্লোমা ও চার বছর মেয়াদি উচ্চতর ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। আবদুর রহিম বলেন, এখানকার পঠনপদ্ধতি অন্যান্য বিভাগ থেকে আলাদা। এ ছাড়া এখানে প্রতিটি কোর্সে ক্লাস শেষে ডিসকাশনের জন্য রয়েছে কনসালটেশন সেল, যেখানে সংশ্লিষ্ট ভাষা আরও সহজে বোঝার জন্য বাংলায় অনুবাদ করে দেওয়া হয়। যোগ্যতাঅনেকে মনে করেন, আধুনিক ভাষা ইনস্টিটিউটে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবেন। আসলে তা নয়। উচ্চমাধ্যমিক পাস যেকোনো শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে পড়াশোনার সুযোগ পেতে পারেন। সময় ও খরচআধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রতিটি কোর্সের মেয়াদ এক বছর বা ন্যূনতম ১২০ ঘণ্টা। তবে এখানে টানা চার বছর না পড়েও উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা সম্ভব। একজন শিক্ষার্থী বিভিন্ন সময় বিরতি দিয়ে মোট চার বছরের কোর্স সম্পন্ন করলেও পেতে পারেন উচ্চতর ডিপ্লোমা। ইনস্টিটিউটে প্রতিটি কোর্সের ফি এক হাজার ৩০০ টাকা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন যাঁরা, তাঁদের রেজিস্ট্রেশনের জন্য অতিরিক্ত ৩৩৫ টাকা খরচ করতে হবে। আর বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এখানে ভর্তি হতে পারবেন। এ জন্য ভর্তি ও রেজিস্ট্রেশন ফি বাবদ বিদেশি শিক্ষার্থীদের খরচ হবে ১০ হাজার টাকা। এ ছাড়া শিক্ষা-উপকরণ বাবদ দিতে হবে আরও দুই হাজার টাকা। আবেদনপত্র সংগ্রহ ও পরবর্তী কাজএকজন শিক্ষার্থী একাধিক বিষয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। তবে একই সঙ্গে একাধিক ভাষায় ভর্তি হতে পারবেন না। টিএসসিতে অবস্থিত জনতা ব্যাংকের শাখা থেকে ২৫০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মার্কশিটের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মার্কশিটের অনুলিপি না হলেও চলবে। তবে সে ক্ষেত্রে আবেদনপত্রে নিজ নিজ বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন হবে।