কোন রঙে রাঙাব

শৌখিন বাগান বা টব থেকে অর্কিড ঢুকে পড়বে জীবনযাত্রায়ও। না, অর্কিড ছাপের পোশাক বা অর্কিডের সৌরভযুক্ত সুগন্ধি ব্যবহারের কথা বলা হচ্ছে না। রংটার কথাই ধরছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্যানটোন জানিয়েছে, ২০১৪ সালের রং হলো অর্কিড অর্থাৎ গোলাপি-বেগুনির মিশেলে মিষ্টি সেই রংটা। প্রিন্ট, কাপড়, প্লাস্টিক ইত্যাদিতে রং মেলানোর জন্য প্যানটোন প্রতিষ্ঠানের কালার ম্যাচিং সিস্টেমের খ্যাতি বিশ্বজোড়া। প্রতিবছরই তারা ঘোষণা করে, এ বছরের রং কী হতে পারে। সেই রংটার প্রতিফলন দেখা যেতে পারে পোশাক, অন্দরসাজ ইত্যাদিতে।

এ তো গেল আন্তর্জাতিক অঙ্গনের কথা। আমাদের দেশের ডিজাইনাররা কী ভাবছেন এ নিয়ে। আন্তর্জাতিক ফ্যাশনে ঋতু ধরে নতুন ট্রেন্ড এলেও আমাদের দেশে এটি হয় উৎসবকেন্দ্রিক। দেখা যায়, ঈদ বা পহেলা বৈশাখে সবাই আনছেন তাঁদের সেরা সংগ্রহ। ঈদ কোন সময়ে পড়বে, তার ওপর ভিত্তি করেই ঠিক করা হয় রং, নকশা বা কাপড়টা কেমন হবে। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা মনে করেন, গত বছরের মতো এবারও ঈদের সময় গরম আবহাওয়াই থাকবে। তাই পোশাকে আরামটাই মুখ্য হয়ে উঠবে। হালকা, মিষ্টি রঙের প্রাধান্যই থাকবে। সে ক্ষেত্রে সাদা রঙের কথা না বললেই নয়। সাদার আবেদন তো সব সময়েই থাকে। তবে অনেকেই হয়তো সাদা রঙে নিজের ফ্যাশনটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাঁরা বেছে নেবেন নরম, মিষ্টি অন্য রংগুলো। ‘প্যাস্টেল’ গোত্রের রংগুলোই প্রাধান্য পাবে, এমন মত বিপ্লব সাহার।
ফ্যাশন ডিজাইনার এমদাদ হক অবশ্য মত দিয়েছেন ‘শকিং’ রংগুলোর পক্ষে। উজ্জ্বল নীল, লাল এই রংগুলোর চল থাকবে বলে তিনি জানান। লালের নানা রকম শেডের পোশাক দেখা যাবে। আরও দুটি রং চোখে পড়বে, তা হলো, ফিরোজা আর গোলাপি। গরমে ‘শকিং’ অর্থাৎ অনেক বেশি উজ্জ্বল, চোখ ধাঁধানো রংগুলো দেখা যাবে। হালকা রংগুলোও পরবেন অনেকে। সে ক্ষেত্রে চড়া কোনো রঙের সরু বর্ডার, লেসের ব্যবহার দেখা যাবে পোশাকে। কন্ট্রাস্ট বা বৈপরীত্যের ধারণা থাকবে পোশাকে। ‘এখন হাফ-হাফ শাড়ি অর্থাৎ পাড়-আঁচল একরঙা, জমিনটা অন্য রঙা, এমন শাড়ি খুব চলছে। চওড়া পাড় দেখা যাবে আগামী বছরের শাড়িতে। কুর্তা বা কামিজ লম্বা, ঢিলেঢালা হবে। ডিভাইডারের চল আসবে।’ বললেন এমদাদ হক। এসবের পাশাপাশি খুব চলবে লেসের ব্যবহার।
সাজটা যেমন
রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল জানান সামনের বছরটায় সাজের খুঁটিনাটি। ‘চোখের সাজটা কিছুদিন আগে খুব প্রাধান্য পেত। এ বছর সেই জায়গা দখল করবে ঠোঁট। ঝলমলে, উজ্জ্বল নানা রঙের লিপস্টিকের ব্যবহার দেখা যাবে। যেমন বেগুনি, গোলাপি ও কমলা। এই শীতে অবশ্য একটু কালচে রংও চলবে। যেমন কফি, কালচে বাদামি, খুব গাঢ় লাল ইত্যাদি। আর এ ধরনের রং গ্লসি নয়, বরং ম্যাট ধাঁচের হলেই মানায়।’ বলেন আফরোজা।
লিপস্টিকের সঙ্গে সামঞ্জস্য তৈরি করতে চোখে দেখা যাবে নিউট্রাল ভাব। অর্থাৎ বাদামি, ছাই ইত্যাদির ব্যবহার দেখা যাবে। তবে চোখের সাজটা চোখে পড়বে না মোটেই। ঠোঁটের চড়া রংটাকে ভারসাম্য দেবে, এমন সাজই চাই।
পার্টি সাজের সঙ্গে উঁচু খোঁপা, একটু ফোলানো চুল দেখা যাবে। মেসি লুক অর্থাৎ চুলে এলোমেলো ভাব থাকবে। আর বেণির জনপ্রিয়তা তো গত বছর থেকেই চলছে। সেটা থাকবে ভবিষ্যতেও।
চড়া, পরীক্ষামূলক ধাঁচের সাজ নয়; বরং কোমল, মিষ্টি লুকই ফুটে উঠবে এ বছরের সাজে।
