কোনো অবকাঠামোই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলোনিয়া স্থলবন্দরের কার্যক্রম নানামুখী সমস্যার মধ্যে চলছে। উদ্বোধনের পর এর কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। এমনকি জমি অধিগ্রহণ কার্যক্রমও শেষ হয়নি। এ ছাড়া পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী, গুদামঘর, মালামাল মাপার যন্ত্রের অভাবসহ বিভিন্ন সমস্যার কারণে বন্দর কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ২০০৯ সালের ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিলোনিয়া স্থলবন্দর উদ্বোধন করার পর থেকে জরাজীর্ণ শুল্ক স্টেশনের পুরোনো একটি ঘরে এর কার্যক্রম চলছে। রাজস্ব কর্মকর্তা জানান, একজন রাজস্ব কর্মকর্তা, চারজন পরিদর্শক, দুজন সুপারভাইজারসহ ১০টি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন একজন সহকারী রাজস্ব কর্মকর্তা, একজন অফিস সহকারী, একজন পিয়ন। এই তিনজনের কোনো আবাসনব্যবস্থা নেই বলে তিনি জানান। এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি দুই ধরনের বাণিজ্য হওয়ার কথা থাকলেও এখন শুধু রপ্তানি কার্যক্রমই চলছে। আর এই বাণিজ্যের কারণে সরকার এ যাবৎ ৫৮ কোটি টাকার সমমানের বিদেশি মুদ্রা আয় করেছে বলেও তিনি জানান। আমদানি ও রপ্তানিকারকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিলোনিয়া স্থলবন্দরে এখনো কোনো কাস্টমস অফিস নেই। অনেক পুরোনো পরিত্যক্ত একটি ভবনে মাত্র একজন সহকারী কর্মকর্তা দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া জমি অধিগ্রহণ না হওয়ায় এখনো স্থলবন্দর ওয়্যার হাউস ট্রাক ইয়ার্ড নির্মাণ করা যায়নি। বিলোনিয়া সিঅ্যান্ডএফ এজেন্টের জুলফিকার আলী ও রপ্তানিকারক গিয়াস উদ্দিন দুলাল জানান, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানোর জন্য এই বন্দর উদ্বোধন হলেও এখন শুধু রপ্তানি কার্যক্রম চলছে। বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে সিমেন্ট, ইট, পাথর ও শুঁটকি। তবে ভারত থেকে গরু, কাঠ, বাঁশসহ বিভিন্ন পণ্য আমদানির সুযোগ থাকলেও ভারতের বিলোনিয়া কাস্টমস কর্মকর্তাদের বাধার কারণে আমদানি হচ্ছে না। বিলোনিয়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উদ্বোধনের পর থেকে ভারতে ইট, সিমেন্ট, পাথর, শুঁটকি রপ্তানি করে গত অর্থবছর পর্যন্ত প্রায় ৫৮ কোটি টাকা বিদেশি মুদ্রা আয় হয়েছে। তিনি জানান, ভারত থেকে এখন পর্যন্ত এই বন্দর দিয়ে কোনো পণ্য বাংলাদেশে আসেনি। সহকারী রাজস্ব কর্মকর্তা জানান, বিলোনিয়া স্থলবন্দরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অবকাঠামোগত সমস্যা। বিলোনিয়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. গিয়াস উদ্দিন জানান, অবকাঠামোর দিক থেকে এই স্থলবন্দর এখনো পরিপূর্ণ হয়নি। ফলে ভারতের ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে ব্যবসা করার আগ্রহ হারিয়ে ফেলেছেন। আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলি জানান, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০টি ট্রাকের প্রয়োজন পড়লেও জায়গার স্বল্পতার কারণে একসঙ্গে তিন-চারটির বেশি ট্রাকে পণ্য ওঠানো-নামানো যায় না। পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহাম্মদ খান বলেন, বিলোনিয়া স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামোসহ ওপেন ইয়ার্ড করার জন্য ১৫ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। বন্দরের অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।