কোনো উদ্যোগ কাজে আসেনি
বিশ্বকাপ ক্রিকেটের পর আবারও যানজট বেড়েছে নগরে। সকাল ও সন্ধ্যার কর্মব্যস্ত সময়ে যানজটের দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। গা সওয়া হয়ে গেছে দেরিতে গন্তব্যে পৌঁছানো। যানজট নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতি পাল্টায়নি। অপরিকল্পিত ভবন নির্মাণ, পার্কিংয়ের স্থানের অপ্রতুলতা, যানবাহন বেড়ে যাওয়া, বিদ্যালয়ের পরিবহন না থাকা এবং রাস্তার অপ্রশস্ততাই এর মূল কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন রাখায় যানজট সৃষ্টি হচ্ছে। নগরের ওয়াসার মোড়, জাকির হোসেন সড়ক, নাসিরাবাদ, চট্টেশ্বরী ও জামালখান এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে প্রতিদিন সীমাহীন যানজট তৈরি হচ্ছে।পরিবহন গবেষক প্রকৌশলী সুভাষ বড়ুয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে সব ক্ষেত্রে। অবকাঠামোগত সমস্যাই মূলত প্রধান সমস্যা। নগরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই পরিকল্পিতভাবে ভবন নির্মাণ করে না। ফলে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা না রাখায় শিক্ষার্থীদের আনা-নেওয়ায় ব্যবহূত ব্যক্তিগত গাড়িগুলো মূল সড়কে পার্ক করে রাখতে হয়। বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে ওয়াসা এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। হাঁটার সেতু (ফুট ওভারব্রিজ) না থাকা এবং ছাত্রীদের বহনকারী যানবাহনের অস্থায়ী পার্কিংই এ সড়কে যানজটের মূল কারণ। জানা গেছে, মহিলা সমিতি বিদ্যালয়ে দুই পালায় (শিফট) বিদ্যালয় চলে। সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ১২টা এবং দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই পালার পাঠদান শুরু এবং শেষের সময়ই এ সড়কে যানজট লাগে। হাঁটার সেতু না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় ওই সড়কে চলাচলরত গাড়ি থেমে যেতে হয়। এক ছাত্রীর অভিভাবক আব্দুস সাত্তার বলেন, ‘ঢাকার মতো চট্টগ্রামেও বিদ্যালয়বাস চালু হলে যানজট কিছুটা হলেও কমবে।’ বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারা বেগম বলেন, ‘বিদ্যালয়ের ফাঁকা জায়গাটুকুতে টোকেনের বিনিময়ে গাড়ি পার্কিংয়ের জন্য অভিভাবকদের সঙ্গে আলোচনা করেছি। তবে আমরা এখনো পর্যন্ত কাজে হাত দিতে পারিনি। বিদ্যালয়ের বাস সার্ভিস চালুর জন্যও সিটি করপোরেশনের সঙ্গে কথাবার্তা চলছে। এ ছাড়া বিদ্যালয়সংলগ্ন সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য একটি বেসরকারি ব্যাংক সহযোগিতা করবে বলে জানিয়েছে।’ নগরের জামালখান সড়ক মোড়ে রয়েছে অসংখ্য ছোট-বড় শিক্ষাপ্রতিষ্ঠান। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যানবাহন এ মোড়ে যানজট সৃষ্টি করছে।জামালখান এলাকায় খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সেন্ট মেরিস স্কুল, সেন্ট জোসেফ টিউটোরিয়াল, বেথলেহেম এজি চার্চ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) দুটি ক্যাম্পাস এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস রয়েছে। এ ছাড়া এসএস খালেদ সড়কে সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদ্রাসা অ্যান্ড ইসলামিক কিন্ডারগার্টেন, চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজ, চট্টগ্রাম ভিক্টোরি ন্যাশনাল স্কুল, উদয়ন ছোটদের স্কুল, সেন্ট মেরিস স্কুল রয়েছে। অন্যদিকে কলেজ সড়কে রয়েছে চিটাগাং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হাজি মুহাম্মদ মহসিন উচ্চবিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়। খাস্তগীর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান বলেন, এ বিদ্যালয়টি চট্টগ্রামের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সহাবস্থানই জামালখান মোড়ের যানজটের মূল কারণ। এলাকায় নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা না হওয়ার ক্ষেত্রে প্রশাসন যদি নজর দেয় তবে যানজটের মাত্রা কমবে। নগরের জাকির হোসেন সড়কে প্রতিদিন সকাল সাতটা বাজতে না বাজতেই শুরু হয় যানজট। জানা গেছে, জাকির হোসেন সড়কে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ওমরগনি এমইএস কলেজ, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ ছাড়াও রয়েছে একাধিক কিন্ডারগার্টেন। ইস্পাহানী স্কুলের শিক্ষার্থীদের পৌঁছে দিতে আসা কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখায় যানজট সৃষ্টি হয়। তা ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনও এ সড়ক দিয়েই যাওয়া-আসা করে বিধায় যানজটও প্রকট আকার ধারণ করছে। ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম চৌধুরী বলেন, সড়কের শিক্ষার্থীদের গাড়ি পার্কিং যানজটের মূল কারণ। নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউতে উইলিয়াম কেরি একাডেমিও নগরের যানজটের অন্যতম কারণ। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা না থাকায় প্রতিদিনই নগরের দুই নম্বর গেট থেকে জিইসি পর্যন্ত যানজট লেগেই থাকে। তা ছাড়া জাকির হোসেন সড়কের সঙ্গে সংযুক্ত বিদ্যালয়ের সামনের রাস্তাটি অপ্রশস্ত এবং ভাঙা হওয়ায় সারাদিনই এ রাস্তায় যানজটের কবলে পড়তে হয় চলাচলকারী লোকজনকে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, একমাত্র এ প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের নামিয়ে দিয়েই গাড়ি চলে যায়, অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ নিয়ম কেউ মেনে চলে না। এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপক স্বপন মালাকার বলেন, ‘বিদ্যালয়ে পার্কিংয়ের জায়গা না থাকলেও সামনের রাস্তাটি একমুখী হওয়ায় গাড়ি দাঁড়ায় না।’ চট্টেশ্বরী এলাকায় চিটাগাং গ্রামার স্কুলের দুটি ক্যাম্পাসের কারণে যানজট লেগে থাকে প্রতিদিনই। শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়িই এ যানজটের মূল কারণ বলে অভিযোগ এ রাস্তায় চলাচলকারী লোকজনের। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ প্রথম আলোকে জানান, যানজট নিরসনে ট্রাফিক বিভাগ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। এমনিতেই যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। তা ছাড়া চালকদের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতাও কম। বিদ্যালয়কেন্দ্রিক যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাওয়া এবং ইস্পাহানী বিদ্যালয়ে বাস চালুর পরিকল্পনা রয়েছে।