কোনো কিছু বাধা হতে পারেনি নেজামের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারিদ্র্য জয় করে এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে নেজাম উদ্দীন
দারিদ্র্য জয় করে এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে নেজাম উদ্দীন

অদম্য মেধাবী নেজাম উদ্দীন গল্পকেও হার মানিয়েছে। দারিদ্র্য, সামাজিক প্রতিবন্ধকতা সব বাধা ডিঙিয়ে নেজাম এবার এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। নেজামের বাবা নেই। ঘরে প্রতিবন্ধী মা। বড় ভাইয়েরাও আলাদা হয়েছেন। এই অবস্থায় নেজাম কারখানায় শ্রমিকের কাজ করে সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে। এর মধ্যে লেখাপড়াও চালিয়ে গেছে।
২০০৫ সালে নেজাম উদ্দীনের বাবা মুন্সি মিয়া মারা যান। এর দুই বছর পর নেজামের তিন ভাই চার বোনের সংসার ছেড়ে আলাদা হন তার বড় দুই ভাই। বাকপ্রতিবন্ধী বড় বোন আয়-রোজগারের আশায় মানুষের বাসায় কাজ নেন। নেজামের প্রতিবন্ধী মা ছানোয়ারা বেগমকে হিমশিম খেতে হচ্ছিল সংসর চালাতে।
২০০৯ সালে স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ত নেজাম। সংসারের হাল ধরতে পড়ালেখা ছেড়ে শুঁটকির কারখানায় ৯০০ টাকা বেতনে চাকরি নেয় সে। কিন্তু পড়ালেখার আগ্রহটা বরাবরই ছিল। ২০১১ সালে নিজ উদ্যোগে আবার পটিয়ার ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়। এবার পড়ালেখা পাশাপাশি গৃহশিক্ষকতা করে সংসারের জন্য আয় করত সে।
ঘরে বিদ্যুৎ-সংযোগ ছিল না। কুপি জ্বালিয়ে পড়ালেখা করতে হতো। অনেক সময় তেলের অভাবে কুপিও জ্বালানো যেত না। টিফিন ছুটিতে না খেয়েই থাকতে হতো। তবু ভেঙে পড়েনি সে। উপজেলার দক্ষিণ ছনহরা গ্রামের এই অদম্য মেধাবীর সাফল্যের খবর শুনে চোখের পানি আটকাতে পারেনি প্রতিবেশীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘গরিব হলেও পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ দেখে বিদ্যালয় থেকে সাহায্য করা হতো নেজামকে। নেজামও আমাদের মুখ উজ্জ্বল করেছে।’
মেধাবী নেজামের স্বপ্ন অনেক বড় হওয়া। আপাতত একটা ভালো কলেজে বিনা বেতনে পড়ার সুযোগ পেলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে সে। নেজামের কথা, ‘এত দূর এসছি যখন, তখন শেষ পর্যন্ত যেতে হবে। আর আমার বিশ্বাস আমি পারব।’