কোনো প্রার্থীই মানছেন না আচরণবিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ মার্চের সীতাকুণ্ড উপজেলা নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা। তবে প্রচরণা চালাতে গিয়ে কোনো প্রার্থীই মানছেন না নির্বাচনী আচরণবিধি। দেয়ালে পোস্টার সাঁটানো নিষেধ হলেও প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্নস্থানের ভবন ও প্রতিষ্ঠানের দেয়াল। এমনকী সড়কের পাশের গাছও বাদ পড়েনি। বাদ পড়েনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও। আর একাজে ব্যবহার করা হচ্ছে শিশুদেরও। প্রচারে ব্যবহূত গাড়িতে লাগানো হচ্ছে পোস্টার ও একাধিক মাইক।

এসব ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রার্থীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করলে আচরণবিধি লঙ্ঘন ঠেকানো যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে প্রাশাসনের নাকের ডগায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলেও কেউ অভিযোগ না করায় ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি অনুসারে কোনো প্রার্থী প্রচারণা জন্য দেয়ালে পোস্টার সাঁটাতে পারবেন না। এ ক্ষেত্রে দড়ি দিয়ে পোস্টার ঝোলানোর বিধান রাখা হয়েছে। এ ছাড়া প্রচারণায় ব্যবহূত গাড়িতেও পোস্টার সাঁটানো যাবে না। প্রচারণার সময় এক গাড়িতে একাধিক মাইক লাগানোর বিধানও নেই। এসব আচরণবিধি ভঙ্গ করায় সীতাকুণ্ডের জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমএন মোস্তফা নুর, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম আল মামুন, বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মো. সালাউদ্দীন, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ চৌধুরী ও জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হুসাইন মোহাম্মদ আশরাফের কর্মী-সমর্থকের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। আদায় করা হয়েছে ১৪ হাজার ৪০০ টাকা।

গতকাল সরেজমিনে দেখা যায়, উপজেলার বিএমএ স্কুল এলাকা, মাদামবিবিরহাট, সীতাকুণ্ড সদর, বরআউলিয়া, কুমিরাসহ বিভিন্ন স্থানের কারখানা, বিদ্যালয় ও অফিসের দেয়ালে আঠা দিয়ে প্রার্থীদের পোস্টার সাঁটানো হয়েছে।’

জরিমানা দেওয়ার কথা স্বীকার করে প্রার্থী হুসাইন মোহাম্মদ আশরাফ প্রথম আলোকে বলেন, তাঁর কর্মীরা আচরণবিধি না জেনে দুটি মাইক লাগিয়ে প্রচার করায় জরিমানা করা হয়েছে। তিনি বিষয়টি জানার পর থেকে কর্মীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করেছেন। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন সেদিন একপেশে আচরণ করেছেন। ওই দিন প্রত্যেক প্রার্থী একাধিক মাইক লাগিয়ে প্রচারণা করলেও শুধু তাঁর কর্মীদের জরিমানা করা হয়েছে।

এ সম্পর্কে জানতে বিএনপির প্রার্থী কাজী মো. সালাউদ্দীনের মুঠোফোনে ফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তার নির্বাচন পরিচালনা কমিটি এ সম্পর্কে জেনে থাকতে পারে।

বিষয়টি জানতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচরণবিধি ভঙ্গের দায়ে বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকদের জরিমানা করা হয়েছে। প্রয়োজনে আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যেসব প্রার্থীকে আগে জরিমানা করা হয়েছে তাঁরা যদি পুনরায় আচরণবিধি ভঙ্গ করে আবারও জরিমানা করা হবে।