কোনো সান্ত্বনা নেই মায়ের মনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সমস্যা-সংকট দেখা দিলে এখনো ছেলে এনশাদের কথাই মনে পড়ে মা ফাহমিদা আমিনের। একবার মায়ের চোখে অস্ত্রোপচার হলো। অস্ত্রোপচারের পর দুচোখে নিয়মিত ড্রপ দিতে হবে। চিকিৎসকের এ নির্দেশ শোনার পর ছেলে সব কাজ ফেলে ঢাকা থেকে ছুটে এসেছিলেন মায়ের কাছে। চোখ না সারা পর্যন্ত ছিলেন চট্টগ্রামে। সে চোখে আজ আর কোনো সমস্যা নেই। তবু সব আলো যেন কেড়ে নিল কেউ। পৃথিবীর সব সান্ত্বনা একসঙ্গে জড়ো করলেও মায়ের মনে শান্তি মিলবে না। এ শোকের কোনো সান্ত্বনা হয় না। শহীদ লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবনে আমিনের ওপর মায়ের শতভাগ নির্ভরতা ছিল। হাসিখুশি, শান্ত বিনয়ী স্বভাবের ছেলেটিকে একটু বেশিই স্নেহ করতেন তিনি। আত্মীয়স্বজন কিংবা যে কারও বিপদে ঝাঁপিয়ে পড়তেন এনশাদ। সেই ছেলের এমন মৃত্যু কেন হবে—সেই প্রশ্নের কোনো উত্তর জানা নেই মায়ের। ১৯৫৯ সালের ৩ মার্চ রাজশাহীতে জন্ম হয় এম রুহুল আমিন ও ফাহমিদা আমিনের ছেলে এনশাদ ইবনে আমিনের। ছয় ছেলের মধ্যে দ্বিতীয় সন্তান তিনি। ১৯৭৯ সালে ২৩ ডিসেম্বর প্রথম বিএমএ লং কোর্সের আর্টিলারি রেজিমেন্ট থেকে কমিশন লাভ করেন তিনি। চাকরি জীবনে তিনি সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে কর্মরত থাকার পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্ত্রী রোয়েনা মতিন পেশায় চিকিৎসক। ছেলে এম মাশাহেদ বিন এনশাদ বুয়েটে প্রকৌশলবিদ্যায় অধ্যয়নরত। কন্যা নুজহাত নাহিয়ান এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন হলিক্রস কলেজ থেকে। রবীনের (শহীদ এনশাদের ডাকনাম) ছেলেবেলার কথা আজও স্পষ্ট মনে আছে মায়ের। করাচি প্রবাসে নামের বইতে সে স্মৃতিচারণ বিস্তৃত পরিসরে লিখেছেন তিনি। সে দিনগুলো স্মরণ করলেন আবারও। ‘রবীনকে তখন বালিশের ঠেকনা দিয়ে বসানো হতো। ধরে ধরে হাঁটত ও। বড় ভাইকে মেরে ধরে কিছু রাখত না। কোলে থাকতে চাইত না একদম। সবার অলক্ষে হঠাৎ রেডিওর ভলিউম বাড়িয়ে দিত।’ সেই ছোট্ট রবীন আজও মায়ের স্বপ্নে খেলে বেড়ায়। জীবনের সবচেয়ে মধুর এসব স্মৃতি নিয়েই এখন ফাহমিদা আমিনের বেঁচে থাকা। বললেন, ‘আমার এখন একটাই চাওয়া, সরকার ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করুক। পাশাপাশি যেসব শিশু তাদের পিতাকে হারিয়েছে এবং যেসব নারী স্বামীকে হারিয়েছেন তাঁরা যেন সম্মান নিয়ে বাঁচতে পারেন।’