দলের মধ্যে কোন্দল, সংঘর্ষ কিংবা ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড নেই। তবুও রাজনীতির মাঠে সক্রিয় নয় অপেক্ষাকৃত ছোট ও রাম রাজনৈতিক দলগুলো। নিজস্ব আদর্শিক কিছু কর্মসূচির বাইরে জনগণের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে জনমত গঠনের মতো কোনো সাফল্য দেখাতে পারেনি দলগুলো। বাম নেতাদের ধারণা, আদর্শিক জায়গা থেকে একযোগে কাজ করতে না পারার কারণেই মাঠ পর্যায়ে তাঁদের এ ব্যর্থতা। দ্বি-দলীয় মেরুকরণের বাইরে সংসদে কার্যকর একটি জোট হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলে দল আরও সক্রিয় হতো বলে তাঁরা মনে করেন। জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান নৌকা প্রতীক নিয়ে চট্টগ্রাম-৭ আসন (চান্দগাঁও-বোয়ালখালী) থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও চট্টগ্রামে জাসদের রাজনীতি চাঙা হয়নি। কেন্দ্রের মতোই তাঁরা এখানেও বহুধা বিভক্ত। জাসদের কেন্দ্রীয় সদস্য নুর মোহাম্মদ বলেন, ‘রাজনীতিতে চাঙা না হলেও আমরা নিষ্ক্রিয় নই। নিয়মিত জাতীয় কর্মসূচি পালন করছি। রমজানে নিউমার্কেট মোড়ে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে মানববন্ধনও করেছি।’ জানা গেছে, স্থানীয়ভাবে চাঙা হতে না পেরে কেন্দ্রীয় কিছু কর্মসূচি সামনে রেখে জনমত গড়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ২৪-৩০ অক্টোবর ঢাকা থেকে ফুলবাড়ি অভিমুখে লংমার্চকে সামনে রেখে জনমত গড়তে সভা-সমাবেশ, পোস্টার ও প্রচারপত্র (লিফলেট) বিলির কর্মসূচি নিয়েছে। ১১ দলের সব সংগঠন এ কর্মসূচিতে থাকলেও মাঠে তাঁদের তেমন অস্তিত্ব নেই বলে জানা যায়। সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মিতই জনগণের সমস্যা নিয়ে সভা-সমাবেশ ও আন্দোলন করছি। কিন্তু তা অনেক সময় গণমাধ্যমে আসে না। ফলে আমাদের কার্যক্রম সম্পর্কেও জনগণ জানতে পারে না।’ তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রামের ২২টি স্থানে সভা-সমাবেশ করেছি। থানা পর্যায়েও আমরা এ কার্যক্রম চালিয়েছি।’ জনগণের স্বার্থের প্রতি সজাগ থাকা সত্ত্বেও নির্বাচনে তার প্রতিফলন নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের রাজনীতি দুই দলে মেরুকরণ হয়ে আছে। এটা ভাঙতে না পারলে ভালো মানুষ রাজনীতিতে আসতে পারবেন না। তারপরও কিছু মেরুকরণ হয়। যেমন আওয়ামী লীগকে ঠেকাতে শেষ পর্যন্ত জামায়াতের ভোট বিএনপিতে চলে যায়। একইভাবে বাম দলের ভোটও নৌকা পেয়ে যায়। যেমন পটিয়ায় বামদের ১৫ হাজার ভোট আছে। জামায়াত ঠেকাতে বেশির ভাগ সময়ই এসব ভোট নৌকায় চলে যায়। আমরা একটি বিষয় বিগত নির্বাচনে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে নির্বাচনে ঐক্য হবে। কিন্তু প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে লড়বেন। শেষপর্যন্ত এ বিষয়ে সমঝোতা হয়নি। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু কিংবা মইনউদ্দিন খান দলীয় প্রতীক প্রতিষ্ঠা করতে পারেননি। তাঁরা নৌকা নিয়েই নির্বাচন করেছেন।’ অনেকটা অভিন্ন মত দিয়েছেন বাসদের চট্টগ্রাম সমন্বয়ক মানস নন্দী। তিনি বলেন, এখন নির্বাচনে টাকা একটি বড় বিষয়। গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ধর্মের ইস্যুও নির্বাচন প্রভাবিত করে। তা ছাড়া নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে পারি না। তবে ঐক্য থাকলে ফল পাওয়া যায়—যা বিগত সিটি করপোরেশন নির্বাচনে আমরা দেখেছি। আমাদের এক মহিলা কাউন্সিলর জিতেছেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কারণে।’ তিনি স্বীকার করেন, বর্তমানে বাম সংগঠনগুলোর মধ্যে সিপিবি ও বাসদ অনেকটা দৃশ্যমান। এজন্য দুদল মিলে কিছু কর্মসূচি পালন করছে বলে তিনি জানান। বাম দলগুলো ছাড়াও আলাদা একটি অবস্থান নিয়ে রাজনীতি করছে জাতীয় পার্টি। তবে সুনির্দিষ্ট ইস্যু নিয়ে তাঁদের কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। চট্টগ্রাম নগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলাইমান আলম শেঠের নিয়মিত বিরতিতে শুভেচ্ছাসহ রঙিন পোস্টার দেয়ালে লাগানোর মধ্যেই দলটির কার্যক্রম সীমিত রয়েছে। এ সম্পর্কে সোলাইমান আলম শেঠ প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে শুভেচ্ছা দেওয়া ছাড়া তেমন কর্মসূচিও দিতে পারছি না। মেয়র নির্বাচন করতে চেয়েছিলাম। তা-ও করতে দেওয়া হয়নি। আসলে আমরা সবসময় নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে চাই। এজন্য ছাড় দিয়ে রাজনীতি করি।’