বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার চট্টগ্রাম অভিমুখী রোডমার্চকে ঘিরে চাঙা হয়ে উঠেছে ফেনী জেলা বিএনপি। জেলায় দলের অন্তঃকোন্দলের কারণে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা দলীয় দুই সাংসদসহ নেতা-কর্মীরাও মাঠে নেমেছেন। বেগম জিয়া আজ রোববার বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। রোডমার্চ ও ফেনীর জনসভা কেন্দ্র করে ব্যাপক প্রচারণা চালিয়েছে বিএনপি। গত কয়েক দিন ধরে ফেনী শহরসহ জেলার সর্বত্র চলে মাইকিং। পাশাপাশি দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার, বিতরণ করা হচ্ছে প্রচারপত্র। ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে শহর। বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। দলীয় সূত্রে জানা যায়, রোডমার্চ কর্মসূচি সফল করতে গত ২৫ ডিসেম্বর ও ৪ জানুয়ারি দুই দফায় কর্মসূচির প্রধান সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের উপস্থিতিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর নোয়াখালীর দলীয় সব সংসদ সদস্য, তিন জেলার ও থানার নেতারা উপস্থিত ছিলেন। সভায় জনসভায় লোক সমাগমসহ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। কয়েকটি উপকমিটিও করা হয়েছে।দলীয় নেতা-কর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার রোডমার্চ ও ফেনীর জনসভাকে কেন্দ্র করে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও ফেনী-৩ আসনের সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সাবেক জেলা সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবদীনকে (ভিপি জয়নাল) দলীয় কর্মকাণ্ডে দেখা গেছে। তাঁদের অনুসারী নেতা-কর্মীরাও মাঠে নেমেছেন। এর প্রভাব পড়েছে সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যেও। সাংসদ জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল বলেন, ‘বেগম জিয়ার রোডমার্চ ও ফেনীর জনসভাকে সফল করতে দলের সব স্তরের নেতা-কর্মী এবং সমর্থক পর্যায়েও তর্যাপরতা চলছে। কাউকে বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।’এদিকে, ফেনী জেলা বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাঈদ এস্কান্দর অসুস্থ থাকায় তিনি ফেনীর কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।জানা যায়, ছাত্রদলও সক্রিয় হয়েছে। পাশাপাশি জোটের শরিক জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলোও সমাবেশে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ওরফে মিস্টার প্রথম আলোকে বলেন, ‘বেগম খালেদা জিয়ার রোডমার্চ ও জনসভা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোন্দল ভুলে সবাই মাঠে নেমেছেন। এতে অনেক ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। আশা করছি, এ ঐক্য অটুট থাকবে।’ ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে জন্য আমরা সর্তক আছি। প্রয়োজনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।’