কোন্দলে স্থবির রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দল। তবু তাদের ভেতরে কোন্দল। দলীয় অন্তর্কোন্দলের কারণেই চট্টগ্রামের রাজনীতি বদ্ধ ডোবার ঘোলা জল হয়ে আছে। নিষ্ক্রিয় ও অচল। শত বছর ধরে বিপ্লবে, বিদ্রোহে পথিকৃতের ভূমিকা রাখার যে ঐতিহ্য চট্টগ্রামবাসী গড়ে তুলেছেন, তা ক্রমেই ম্লান করে দিচ্ছে রাজনৈতিক বিবাদ ও বিভেদ। আমাদের রাজনীতিকদের সব আয়োজনের পেছনে কাজ করে নিজস্ব প্রয়োজন। নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় কিংবা দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার মানসিকতা কাজ করে না বলেই চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। কী আওয়ামী লীগ, কী বিএনপি—উভয় দলেই এই সমস্যা চট্টগ্রামে।এটি কোনো সাম্প্রতিক বিষয় নয়, আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোন্দলের দীর্ঘ ইতিহাস আছে। জন্মলগ্ন থেকে বিএনপিও জড়িয়ে আছে এ রকম দ্বন্দ্বে। বর্তমান নেতৃত্বের মধ্যে আমরা যে কোন্দল দেখতে পাচ্ছি, তা তাঁরা উত্তরাধিকারসূত্রেই পেয়েছেন। ১৯৮৬ সালের ১৯ ফেব্রুয়ারি প্রগতিশীল বুদ্ধিজীবী প্রয়াত রশিদ আল ফারুকী তাঁর দিনপঞ্জিতে লিখেছিলেন, ‘মহানগর আওয়ামী লীগ আয়োজিত একুশে ফেব্রুয়ারিবিষয়ক একটা সেমিনারে বক্তৃতা করার আমন্ত্রণ পেয়েছিলাম। ডক্টর দিলওয়ার হোসেন এবং গোলাম মুস্তাফাও সঙ্গে ছিলেন। এই সেমিনারে অংশ নিয়ে একটা জিনিস আমার চোখে পড়ল, চট্টগ্রামে দুই আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। এক দলের নেতৃত্বে আছে আখতারুজ্জামান বাবু, অন্য দলের নেতৃত্বে মহিউদ্দিন ও আবদুল মান্নান (প্রয়াত)। যদিও আমাকে আমন্ত্রণ জানায় মহিউদ্দিনের দল, তবু অন্য দলটির সভাতেও বক্তৃতা করতে হয় আমাকে।’ রশিদ আল ফারুকির মতো দশক দশক ধরে চট্টগ্রামের মানুষের চোখে পড়ছে ব্যাপারটি। একই উদ্দেশ্য, একই দিবস তবু তাঁরা তা পালন করছেন দীর্ঘদিন ধরে পৃথক পৃথকভাবে। পূর্বকথন: স্বাধীনতার আগেও আওয়ামী লীগে এম এ আজিজ ও জহুর আহমদের মধ্যে দ্বন্দ্ব ছিল। স্বাধীনতার পর সত্তরের দশকে জহুর আহমদ ও এম এ হান্নান সেই দ্বন্দ্ব বয়ে বেরিয়েছেন। সে সময় এম এ মান্নান নগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তখন নতুন নেতা হিসেবে উঠে আসছিলেন মৌলভী সৈয়দ ও এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আশির দশকে এসে আমরা দ্বন্দ্ব দেখি বাবু-মহিউদ্দিন গ্রুপের মধ্যে। দীর্ঘকালব্যাপী এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ নতুন নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে একটি প্রতিকূলতা তৈরি করেছে। গত ২০ বছর তৃণমূল থেকে কোনো নতুন নেতৃত্ব আওয়ামী লীগে গড়ে ওঠেনি। আওয়ামী লীগের আদর্শ সার্বিকভাবে বিজ্ঞানমনস্ক ও প্রগতির পক্ষে। আমাদের মহান মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছিল। আদর্শের ভিত্তি, আর মূল ম্যানিফেস্টো জনগণের পক্ষে আছে বলেই আওয়ামী লীগ এত দিন ধরে এত কোন্দলের মধ্যেও টিকে আছে। নগর আওয়ামী লীগের সর্বশেষ বিভেদটি হয়েছে দলে নতুন মেরুকরণের মাধ্যমে। এই মেরুকরণে মহিউদ্দিনের এক সময়ের ঘনিষ্ঠ বলে পরিচিতি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, আইনজীবী ইব্রাহিম হোসেন এখন তাঁর প্রতিপক্ষ দলে। উল্টোভাবে মহিউদ্দিনের সঙ্গে আছেন তাঁর বৈরী বলে পরিচিত তরুণ নেতা আ জ ম নাছির উদ্দিন, সাংসদ আবদুল লতিফের মতো মানুষ। এই উপদলীয় কোন্দল এমন পর্যায়ে চলে গেছে যে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও উভয় পক্ষে সমঝোতা হচ্ছে না। এখনো উভয় পক্ষকে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে। বিএনপি: অপরদিকে, চট্টগ্রাম বিএনপির অবস্থাও একই রকম। চট্টগ্রামের বিএনপির রাজনৈতিক নেতৃত্বেও কোন্দল। এখানকার অনেক নেতার মধ্যে আদর্শের ভিত্তিটাই দুর্বল। নগর বিএনপির সহসভাপতি সামসুল আলম আওয়ামী লীগে স্থান না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম সারা জীবন আওয়ামী লীগ করে বিএনপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কোনো আদর্শে উদ্বুদ্ধ হয়ে দল পরিবর্তন করতে পারেন যে কেউ। কিন্তু দল পরিবর্তনের কারণ যদি ক্ষমতার মোহই প্রধান হয়ে দাঁড়ায়, তবে সে রাজনীতিবিদের কাছে জনগণ কল্যাণকর কিছু প্রত্যাশা করতে পারে না।ইতিহাস বলে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বকালেই নগর বিএনপির কোন্দল ছিল। জনশ্রুতি আছে, ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার আগের দিন জিয়ার চট্টগ্রাম সফরের অন্যতম কারণ ছিল চট্টগ্রামের অন্তঃকোন্দল। সেই সময়ের দলীয় নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদ ও প্রয়াত ব্যারিস্টার সুলতান আহমদের সমর্থনপুষ্ট দুই পক্ষের মধ্যে কোন্দল মেটাতে বৈঠক করতেই তিনি সেবার চট্টগ্রামে এসেছিলেন। এর পর থেকে নগর বিএনপির দুই পক্ষ ছিল সাবেক যোগাযোগমন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ এবং সাবেক ম ৎ স্য ও পশুসম্পদমন্ত্রী আবদুল্লাহ আল নোমানের সমর্থনপুষ্ট।পরে নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং সর্বশেষ নোমান ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থকদের দ্বন্দ্ব চট্টগ্রামবাসী দেখছে চার থেকে পাঁচ বছর ধরে।উভয় দলের নেতাদের এই কোন্দলের সঙ্গে জড়িয়ে গেছে তাঁদের ছাত্র এবং যুব সংগঠনগুলোও। তাঁরা কেউ ছাত্রদল কিংবা ছাত্রলীগ করেন না। তাঁরা করেন অমুক গ্রুপ আর তমুক গ্রুপ।দুই বড় দলের কোন্দলের কারণে উভয় দলের কার্যক্রমে যেমন বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তেমনি তারা জনগণের আস্থাও হারাচ্ছে।আদর্শ ছাড়িয়ে ব্যক্তিগত ক্ষোভ, আক্ষেপকে প্রাধান্য দেওয়ার এই নেতিবাচক মনোভাব চট্টগ্রামের রাজনীতিকদের পাল্টাতেই হবে, নইলে নিকট ভবিষ্যতে জনগণই তাঁদের প্রত্যাখ্যান করবে।