কোপেনহেগেনে কয়েক ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালমো কেন্দ্রীয় রেলস্টেশনের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকাই আমরা। তারপর পরস্পরের সঙ্গে দৃষ্টি বিনিময় করি। তিন জোড়া চোখের একই ভাষা। ঠিক হয়, হোটেল রুমে ফিরে ঠিক আধঘণ্টার মধ্যে আমরা লবিতে এসে মিলিত হব, তারপর একটু হেঁটে আবার মালমো কেন্দ্রীয় রেলস্টেশনে আসব। গন্তব্য: কোপেনহেগেন।মালমো সুইডেনের দক্ষিণের একটি অপূর্ব শহর। মিলানের খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচের বাড়ি এই শহরে। পাঁচ দিনের সুইডেন সফরের এটা ছিল শেষদিন। সফরসঙ্গীরা সবাই সাংবাদিক। আটজনের বাকি পাঁচজন একটু আগেই দুই দফায় বিদায় নিয়েছে। এরা সবাই স্টকহোম এয়ারপোর্ট দিয়ে সুইডেনে ঢুকেছিল, ফিরবে কোপেনহেগেন এয়ারপোর্ট থেকে। দেখা গেল মেক্সিকোর গুইয়েরমো, পোল্যান্ডের সেজারো আর আমার ফ্লাইট এক দিন পর। অর্থাৎ ১ জুনের ওয়ার্কিং লাঞ্চ শেষ হওয়ার পর থেকেই দিনের বাকি অংশে পুরো অবসর। সুতরাং, চার-পাঁচ ঘণ্টার জন্য ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন ঘুরে আসার ভাবনাটা আমাদের অনুপ্রাণিত করল।এই দলে সেজারো একটু পাগলাটে। প্রাণপ্রাচুর্যে ভরপুর। গুইয়েরমো খুবই ভদ্র। ভ্রমণটা খারাপ হবে বলে মনে হচ্ছে না।টিকিট কাটতে গিয়ে যে ক্যাশিয়ারের দেখা পাওয়া গেল, সেও স্প্যানিশভাষী। ব্যস! আমাদের টাকা-পয়সার সাশ্রয়েরও একটা পথ বেরিয়ে গেল। গুইয়েরমোর সঙ্গে কথা বলে যাওয়া-আসার টিকিটের দাম জনপ্রতি ৫০ ক্রোনার কমিয়ে ফেলল ছেলেটি! অর্থাৎ ২২০ ক্রোনারের জায়গায় আমাদের জনপ্রতি দিতে হবে ১৭০ ক্রোনার! ভাবা যায়!বিশ মিনিট পর পর কোপেনহেগেনগামী ট্রেন। ওরস্যান্ড ব্রিজ বাল্টিকের দুই পারের দুই শহরকে মিলিয়েছে। মালমো থেকে কোপেনহেগেন ট্রেন বা গাড়িতে পাড়ি দিতে হয়। সাইকেল চালানো যায় না এই ব্রিজে। তবে ট্রেনে করে সাইকেল নিয়ে আসা যায়, তারপর ঘোরাও যায়। এটি টোলব্রিজ। ২০ মিনিট ট্রেনজার্নি। তারপরই হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের দেশে আমরা! সেজারো বারবার বলছিল, মারমেইডটা দেখে আসতে পারলে ভালো হয়। গুইয়েরমোর সরল প্রশ্ন: মারমেইড আবার কী?‘মারমেইড কী মানে? মারমেইড ডেনমার্কের প্রতীক! ভালোবাসার প্রতীক!’—রেগে যায় সেজারো। তারপর আমার কানে কানে বলে, ‘গুইয়েরমো কোন দুনিয়ায় থাকে! হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের নামও মনে হয় শোনেনি। ও একটা যা তা!’বললাম, গুইয়েরমো সজ্জন মানুষ। অ্যান্ডারসনের নাম শোনেনি বলেই ও একেবারে যা তা হয়ে গেল?’খ্যাক খ্যাক করে হেসে সিজারো বলে, ‘ঠাট্টাও বোঝো না!’ট্রেনেই এক মহিলা এসে আমাদের পাশে বসেন। তিনি আজই স্টকহোম থেকে এসেছেন। বললেন, স্টকহোমে আজ খুব ঠান্ডা পড়েছিল। আর ছিল বাতাস। কোপেনহেগেনে নাকি প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আমাদের মন একটু দমে গেল। বৃষ্টির মধ্যে পড়লে তো শহর দেখা হবে না! কোপেনহেগেন রেলস্টেশনে নেমেই মালমো বা স্টকহোমের সঙ্গে এই শহরের পার্থক্যটা ধরা পড়ল সাদাচোখেই। এই শহর নীরবতাকে অগ্রাহ্য করে। স্টকহোম বা মালমোতে মানুষের দেখা পাওয়াই ভার। পাবে বা রেস্তোরাঁয় হয়তো মানুষের ভিড়, কিন্তু সেই মানুষেরাও নিজেদের গণ্ডির বাইরে খুব একটা আড্ডা মারে না। আর কোপেনহেগেনে মনে হচ্ছিল, প্রতিটি মুহূর্তকে আনন্দে ভরে দিতে চাইছে প্রতিটি মানুষ। একটু হাঁটার পরই টিভোলি গার্ডেন। সেজারো ভীষণ উত্তেজিত। বলল, এ রকম অ্যামুজমেন্ট পার্ক কি সারা ইউরোপে খুঁজে পাওয়া যাবে? ইশ্! যদি ঢুকতে পারতাম!ঢোকা হয়তো যেত, কিন্তু তাহলে কোপেনহেগেন ঘুরে দেখা হতো না। অগত্যা শিশু ও বড়দের জন্য আনন্দদানকারী এই পার্কটিকে বাইরে থেকেই দেখতে হলো। একটু পরেই আমরা পৌঁছে যাই সিটি টাউন হল স্কয়ারে। বিশাল চত্বরটিতে মঞ্চ বানিয়ে গান চলছে। জড়ো হওয়া মানুষ নাচছে গানের তালে তালে। কারও হাতে পানিয়ের বোতল। গলায় ঢালছে। কেউ গান শুনতে শুনতেই খাচ্ছে সসেজ-রুটি। টাউন হলের জাদুঘরটিতে ঢুকে সেজারো বলল, ‘এটা হ্যামলেটের প্রাসাদ। দ্য প্রিন্স অব ডেনমার্ক!’আমাকে হাসতে দেখে বলল, ‘তুই কিরে! একটু ঠাট্টাও করতে পারব না!’তবুও এই প্রাসাদে হ্যামলেটের মতো বীরচিত্তে দাঁড়িয়ে আমরা পরস্পরের ছবি তুলে রাখি। ওখান থেকে বেরিয়ে আমরা অ্যান্ডারসনের মূর্তির সামনে যাই। অ্যান্ডারসন মিউজিয়াম একটু ঘুরে দেখি। একটি আয়নার সামনে দাঁড়িয়ে পাশের সুইচ টিপে দিলেই নিজেকে অকল্পনীয় যেকোনো আকারে দেখা যাবে। সেই আয়নায় আমরা আমাদের নানা ধরনের আকৃতি দেখে হাসতে হাসতে ফিরে যাই শৈশবে। খাবার আর কেনাকাটার দোকানগুলো পার হয়ে একটি চত্বরে ফটোসাংবাদিকদের একটি প্রদর্শনীর দিকে চোখ চলে যায়। খোলা চত্বরে যে যার মতো ছবিগুলো দেখে যাচ্ছে। এই রাস্তাটাই আমাদের দিয়ে গেল পার্লামেন্ট হাউসের দিকে। এটি সত্যিই অসাধারণ স্থাপত্যের নিদর্শন। এখানেই আছে রাজকীয় আস্তাবল। সিজারোর খুব ইচ্ছে ছিল তা দেখার। কিন্তু কোথায় সে আস্তাবল, আমরা খুঁজে পেলাম না। ইউরোপিয়ান স্পেস এক্সপো শুরু হয়েছিল সেদিনই। গোল সেই সাময়িক কাঠামোর ঘরটিতে ঢোকার আগেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। ঝোড়ো বাতাস রোমাঞ্চিত করে তুলছিল এক্সপোর ঘরটিকে। ঝড়ের মধ্যে কম্পিউটারের স্ক্রিনে উপগ্রহ থেকে মহাশূন্যের ছবি দেখতে ভালোই লাগছিল। আধঘণ্টা সেখানে আশ্রয় নিয়ে আবার আমরা রাস্তায়। রাস্তাঘাট লোকে লোকারণ্য। বেশির ভাগ লোকের কানেই হেডফোন। হাতে আইসক্রিম কিংবা হটডগ। ফাস্টফুডের দোকান শহরজুড়ে ছড়ানো। তবে নিজস্ব খাবারের দোকানও কম নয়। ফাস্টফুডের দাম কম। তাই বিদেশিরা মাঝেমধ্যে টাকা বাঁচানোর জন্য সে খাবারই খায়।এবার আমরা যে রাস্তায় এসে পড়লাম, সেটিতে অনেক মানুষের ভিড়। সেই ভিড়ের প্রতিটি মানুষের হাতে ওয়াইনের পেয়ালা। বোঝা গেল, এখানে কোনো এক প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে। ভেতরে ঢুকে জানা গেল বাকিটা। যে ছয়তলা ভবনটির সব ফ্লোরজুড়ে প্রদর্শনী হচ্ছে, তা কিছুদিনের মধ্যেই ভেঙে ফেলা হবে। জীর্ণ বাড়ি। প্রতিটি ফ্লোর হয়তো ৫০০ স্কয়ারফিট। শিল্পীরা ঠিক করেছেন, এই বাড়িতে প্রদর্শনী করবেন। প্রদর্শনীটিকে আকর্ষণীয় করে তুলতে চারজন তরুণ-তরুণী বিভিন্ন প্রাণীর মুখোশ পরে নাচছেন পুরো ছয়তলা জুড়ে, ঘুরে ঘুরে। আরও খানিকটা ঘুরে চোখ চলে গেল একটি বিশাল লিমুজিনের দিকে। তিন তরুণ সেই গাড়ির সওয়ারি। আমরা যখন গাড়িটি দেখছি, তখন আভাসে ওরা কী যেন বলছিল। সিজারো বলল, ‘ওরা আমাদের গাড়িতে উঠতে বলছে।’আমি বললাম, ‘ওরা বলার চেষ্টা করছে, গেলি!’গম্ভীর গলায় গুইয়েরমো বলল, ‘ওদের গাড়িতে ওঠা ঠিক হবে না। বড়লোকের সন্তানেরা যা খুশি তা-ই করতে পারে। দেখা যাবে, আমরা আর মালমোতে ফিরতেই পারব না আজ।’ঘুরে-ফিরে আবার টাউন হলের কাছে আসতেই দেখি বদলে গেছে ঘণ্টা-দুয়েক আগের টাউন হল স্কয়ার। সেখানে কী নিয়ে কে জানে, একটা আনন্দমিছিল বের হয়েছে। বাদ্যের তালে তালে হাসি-খুশি মানুষেরা নাচতে নাচতে চলেছে। আমরাও কিছুক্ষণের জন্য মিশে যাই সেই জনস্রোতে। দূর থেকে ইংরেজি গানের সুর শোনা যায়। সেখানে তরুণদের সঙ্গে বৃদ্ধদেরও মিলনমেলা বসেছে। তাদেরই কয়েকজন আমাদের সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। বাংলাদেশ, মেক্সিকো, পোল্যান্ড—নামগুলো শুনে দেশগুলো নিয়ে যে যার অনুভূতি বলে যায়। ছবি তোলা হয়। এবং এরপর ওয়াশরুমে যাওয়ার নাম করে সিজারো হঠাৎ লাপাত্তা হয়ে যায়।কোপেনহেগেনের শেষ দুটি ঘণ্টা আমার আর গুইয়েরমোর জন্য খুবই আতঙ্কের। কারণ, ওয়াশরুমে যাওয়ার নাম করে সিজারোর প্রস্থানের পর ওকে আর পাওয়া যায়নি। আমরা যে পথগুলোয় একসঙ্গে হেঁটেছি, যেখানে খাদ্য ও পানিয়ের ব্যবস্থা ছিল, সব জায়গায় তন্নতন্ন করে সিজারোকে খুঁজেছি, কিন্তু লোকটা একেবারেই লাপাত্তা! মারমেইড দেখা হলো না, এই আক্ষেপে আমরা দুজনেই তখন ম্লান। আমরা দুজন ফিরে এলাম সুইডেনের মালমো শহরে। ঠিক করলাম, কাল সকাল পর্যন্ত ও না ফিরলে পুলিশে খবর দেব। কিন্তু রাত সাড়ে এগারোটার সময় হঠাৎ আমার হোটেল রুমের ফোন বেজে উঠল। সিজারোর কণ্ঠ, ‘তোমরা কেমন বন্ধু, আমাকে ফেলে চলে এলে?’বুকের ওপর থেকে পাথর নেমে গেল। কিন্তু ওর ওপর রাগ গেল না। ১০ বছর রাশিয়ায় কাটানো জীবনে যে গালি কখনোই কাউকে দিইনি, সেই গালিটিই দিলাম সেজারোকে। পোলিশ ছেলেটি রাশিয়াতেই পড়াশোনা করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে। গালির মর্মার্থ ও বুঝবে।গাল শুনে সেজারোর খুক খুক ধাতব হাসি আমার মধ্যেও সঞ্চারিত হলো।