কোমেনের ক্ষত সারেনি ত্রিপলের নিচে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৯ জুলাই ঘূর্ণিঝড় কোমে​েনর আঘাতে  উড়ে গেছে কেরুনতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনি। দুই মাস পরেও সংস্কার না হওয়ায় ত্রিপল টানিয়ে চলছে পাঠদানের কাজ l প্রথম আলো
গত ২৯ জুলাই ঘূর্ণিঝড় কোমে​েনর আঘাতে উড়ে গেছে কেরুনতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনি। দুই মাস পরেও সংস্কার না হওয়ায় ত্রিপল টানিয়ে চলছে পাঠদানের কাজ l প্রথম আলো

ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে গত ২৯ জুলাই কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে গিয়েছিল। এরপর দুই মাস কেটে গেলেও বিদ্যালয়টির সংস্কার হয়নি। বর্তমানে ভবনের একটি কক্ষে ত্রিপল টানিয়ে চারটি শ্রেণির পাঠদান চলছে একসঙ্গে।
২০০৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত চারটি শ্রেণি রয়েছে। শিক্ষার্থী ১১০ জন ও শিক্ষক রয়েছেন চারজন।
৮ অক্টোবর কেরুনতলী বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছাউনিবিহীন একটি কক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শতাধিক শিক্ষার্থীকে পাঠদান চলছে। প্রখর রোদের তাপে শিক্ষার্থীরা হাঁসফাঁস করছে। নেই কোনো বৈদ্যুতিক পাখার ব্যবস্থাও।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আলিয়া আকতার জানায়, সামনে বার্ষিক পরীক্ষা। তাই রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। বৃষ্টিপাত শুরু হলে পাঠদান বন্ধ রাখা হয়। বৃষ্টি থামলে আবার পাঠদান শুরু হয়।
শিক্ষিকা মিনু আরা জানান, প্রায় দুই মাস ধরে এভাবে পাঠদান চলছে। ছাউনি উড়ে যাওয়ার সময় ভরা বর্ষা মৌসুম ছিল। তাই ত্রিপল টানিয়ে পাঠদান করা হলেও বৃষ্টি হলে বন্ধ হয়ে যেত। এতে লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় কোমেনের পর ইউপি চেয়ারম্যান ছাড়া আর কোনো কর্মকর্তা বিদ্যালয়টি দেখতে আসেননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আলী আসগর বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দুর্দশার শেষ নেই। ঝড়-বৃষ্টি এলে পাঠদান কার্যক্রম বন্ধ করে ছুটি দিতে বাধ্য হন শিক্ষকেরা।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও বিদ্যালয়টির অন্যতম প্রতিষ্ঠাতা খুরশিদা বেগম জানান, চারদিকে ১০ কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় না থাকায় এলাকার ছেলেমেয়েদের কথা বিবেচনা করে এটি প্রতিষ্ঠা করা হয়ছিল। ঘূর্ণিঝড়ের পর ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ে পরিদর্শনে আসার পর এটি মেরামত করার জন্য একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি বেসরকারি। এরপরও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সংশ্লিষ্টদের জানানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে আবেদন করা হলে সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’