কোরবানির ঈদের আগে চট্টগ্রামের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। ফলে সময় বিন্যাস করে (স্ট্যাগারিং) বিভিন্ন কারখানায় গ্যাস সরবরাহের কাজও দীর্ঘস্থায়ী হতে পারে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা এ ধারণা করছেন। তবে একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাসাবাড়িতে বর্তমানে গ্যাসের যে সংকট চলছে তা কোরবানির সময় থাকবে না। কারণ তখন বেশির ভাগ কলকারখানা বন্ধ থাকবে। এতে আবাসিক এলাকায় গ্যাসের চাপ অনেক বাড়বে। কাজেই নগরবাসীর এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। কেজিডিসিএল সূত্র জানায়, বর্তমানে জাতীয় গ্রিড থেকে যে পরিমাণ গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যে তা বাড়ার কোনো সম্ভাবনা নেই। তাই এ মুহূর্তে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য কর্ণফুলী গ্যাস কোম্পানি অন্যদিকে মনোযোগ দিয়েছে। প্রতিষ্ঠানটি এখন দুটি প্রকল্পের দিকে তাকিয়ে আছে। একটি হচ্ছে স্যামুতাং ফিল্ড থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ। অন্যটি সাগর গর্ভ থেকে নতুন কূপ খনন করে সেখান থেকে চট্টগ্রামে গ্যাস আনা। বর্তমানে সান্তোস সাগরে কূপ খনন করে গ্যাস অনুসন্ধান করছে। স্যামুতাংয়ের গ্যাস নভেম্বরের শেষদিকে চট্টগ্রামের সরবরাহ লাইনে যোগ হবে বলে কেজিডিসিএল কর্মকর্তারা আশা করছেন। কিন্তু সাঙ্গুর গ্যাস কবে পাওয়া যাবে কিংবা আদৌ পাওয়া যাবে কি না-তা নিয়ে নিশ্চিত নন কেজিডিসিএল কর্মকর্তারা। কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী সমপ্রতি বিজিএমইএর সঙ্গে এক বৈঠকে বলেছেন, ‘সাঙ্গুর বর্তমান মালিকপক্ষ সান্তোস নিশ্চয় নতুন কূপে গ্যাস পেয়েছে। যদিও তাঁরা তা প্রকাশ্যে বলছেন না। তবে আমরা তা ধারণা করছি। এটা সত্য হলে সেখান থেকে আগামী এক বছরের মধ্যে চট্টগ্রামে বাড়তি গ্যাস দেওয়া সম্ভব হবে।’ তবে সান্তোসের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে নিশ্চিত হতে কমপক্ষে আরও একসপ্তাহ অপেক্ষা করতে হবে। তার আগে কোনো মন্তব্য করা সম্ভব নয়। সাঙ্গুর বর্তমান গ্যাসফিল্ড থেকে চট্টগ্রামে মাত্র ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হয়। তা ছাড়া জাতীয় গ্রিড থেকেও সরবরাহ কমেছে। ফলে সব মিলিয়ে চট্টগ্রামের গ্যাস পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। কেজিডিসিএলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে চট্টগ্রামে গ্যাসের চাহিদা ৩৮৫ মিলিয়ন ঘনফুট। কিন্তু সরবরাহ মিলছে মাত্র ২০৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে সাঙ্গুর গ্যাসও রয়েছে।