কোরবানির গরু আর বৈশাখী ইলিশের কড়চা

আম গাছে যে কাঁঠাল ধরে না বাঙালিমাত্রই তা বোঝেন। দু-একজন অবোধ থাকলেও রাষ্ট্রে সেটা বোঝার ব্যবস্থা থাকে। এই যেমন আমাদের জাতীয় ফল কাঁঠাল হলেও জাতীয় বৃক্ষ কিন্তু আম। অবশ্য জাতীয় ফল জাতীয় গাছেই ধরতে হবে এমন কোনো কথা নিশ্চয়ই নেই। যেমন জাতীয় মাছ ইলিশ খাওয়া নিয়ে আমাদের মাতামাতি। কিন্তু জাতীয় পশুর মাংস আমরা খাই না। বেচারা রয়েল বেঙ্গল টাইগাররা অল্পের জন্য বেঁচে গেল। ভাগ্যিস কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ‘বনের পশুরে নয়, মনের পশুরে করো জবাই।’ আমরা হয়তো বনের পশু বলতে কেবল বাঘকেই বুঝেছি! তাই হবে হয়তো, কেননা দেশে আর বনই বা কই আর পশুই বা কই!
অবশ্য বন, পশু, পাখি, মাছ, গাছ, গান যাই হোক না কেন জাতীয় যেকোনো ব্যাপারেই আমাদের উচ্ছ্বাসের কমতি নেই। কমতি কিছু থেকে থাকলে সেটা বোঝাপড়ার। আমরা সুন্দরবনকে বিশ্ব প্রকৃতির নতুন সপ্তাশ্চর্যের স্বীকৃতি এনে দিতে এসএমএস ভোটে হুমড়ি খেয়ে পড়ি। কিন্তু সুন্দরবনে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে দ্বিতীয়বার ভাবি না। সুন্দরবনে ট্যাংকার ডুবিতে ভয়াবহতম তেল দূষণ হয়ে গেলেও বিচলিত হই না। সবচেয়ে বেশি লোক মিলে জাতীয় সংগীত গাই, জাতীয় পতাকা বানাই। একটা কোম্পানির বিশ্ব রেকর্ডের জন্য দৌড়াদৌড়ি করি। আমরা জাতীয় সংগীতে মাতি, কিন্তু আমের বনে ঘ্রাণে পাগল হওয়ার বদলে ফরমালিনের বিষে ক্যানসার হয়ে গেলেও ভাবি না। লাল সবুজের পতাকা নিয়ে গর্ব করি, কিন্তু শহর-নগর-মাঠ-ঘাট থেকে সব সবুজ হারিয়ে গেলেও ভাবি না। এসব খোলা চোখে দেখা গেলেও বিষয়গুলো যেন আমরা ঠিক বুঝতে পারি না।
হালে পয়লা বৈশাখকে ঘিরে পান্তা-ইলিশ নিয়ে মাতামাতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আর কিছুদিন পর কোরবানির গরু আর বৈশাখের ইলিশ হয়তো একই দামে কিনতে হবে। এই তো সেদিন প্রথম আলোর সংবাদেই জানা গেল মাওয়া ঘাটে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটা ইলিশ বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়! আর গরু-খাসির মাংসের দামও তো পাল্লা দিয়ে বাড়ার খবর প্রায়শই আসছে। কিন্তু দাম যতই বাড়ুক, কোরবানির গরু কিংবা বৈশাখের ইলিশ তো আমাদের লাগবেই। তা ভারত থেকে গরু আমদানি করেই হোক কিংবা ভারতে ইলিশ রপ্তানির পরই হোক। উৎসব বলে কথা। উৎসব ভালো তো বটেই, উৎসব অনেক জরুরিও। বারো মাসে তেরো পার্বণের দেশ বলে আমাদের খ্যাতি তো বহু আগে থেকেই। আর সাম্প্রতিক কালের গুরুত্বপূর্ণ সংযোজন বাংলা নববর্ষ উদ্যাপন উৎসবের ব্যাপক প্রতিষ্ঠা। গ্রামীণ ঐতিহ্য থেকে নাগরিক পরিসরে প্রতিষ্ঠার মধ্য দিয়ে এটা এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় উৎসবের একটি।
ইতিহাসের দীর্ঘ পথে বহু চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশের মানুষ এখনো এক অনন্য সামাজিক সংস্কৃতির পথে হাঁটছে। পয়লা বৈশাখের উৎসব তারই চমৎকার দৃষ্টান্ত। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব যেন ক্রমেই আরও সর্বজনীন হয়ে উঠছে। রাজধানী, নগর-মহানগর, শহর-বন্দরে মঙ্গল শোভাযাত্রা আর গানে গানে বর্ষবরণ হচ্ছে। গ্রামে-গঞ্জে বসছে চৈত্র-সংক্রান্তি আর বৈশাখের মেলা। সমতলে বৈশাখ উৎসব হচ্ছে তো পাহাড়ে চলছে বৈসাবির উৎসব। দেশের গণ্ডি পেরিয়ে বাংলা নববর্ষের উৎসব এখন সত্যিই ছড়িয়ে পড়েছে সাত-সমুদ্দুর-তেরো-নদীর পাড়ে।
একটু ভালো করে তাকালেই পাঠক খেয়াল করবেন যে, বাংলাদেশ দুনিয়ার কমসংখ্যক দেশগুলোর একটা যেখানে রাষ্ট্র ও সমাজ দুই পরিসরেই তিনটি ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুসরণ করা হয়। ইংরেজি সন হিসেবে পরিচিত খ্রিষ্টাব্দ, বাংলা সন বা বঙ্গাব্দ আর আরবি সন বা হিজরী অব্দ। তিন ক্যালেন্ডারেই আমাদের সরকারি ছুটি-ছাটা যেমন আছে, তেমনি আছে ধর্মীয় ও সামাজিক উৎসব। বাংলাদেশের মর্মমূলে অন্তঃসলিলা নদীর মতো প্রবাহিত স্রোতটি যে মূলত বহু সংস্কৃতির মিলনে পুষ্ট হয়ে ওঠা আর চেতনাগতভাবেই অসাম্প্রদায়িক, এটা তারই প্রমাণ।
কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে, দেশের মানুষ এতটাই অসাম্প্রদায়িক চেতনার হলে এখনো কেন ধর্মীয় ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বলি হচ্ছি আমরা। কেন সমাজে অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি দিন দিন বাড়ছে মতাদর্শিক নানা পার্থক্যও। পরমতসহিষ্ণুতা কমতে কমতে শূন্যের কোঠায় গিয়ে ঠেকছে। ভিন্নমতাবলম্বীদের ওপর একের পর এক হামলা বাড়ছে। সামাজিক পরিসরে একে অন্যের প্রতি বিদ্বেষ ছড়ানোটাই যেন কিছু গোষ্ঠীর সাধারণ চর্চা হয়ে উঠছে। এক দল মত প্রকাশের স্বাধীনতার নামে যাচ্ছেতাই লিখছেন। আরেক দল কেবল লেখালেখির কারণেই এমনকি অন্যের প্রাণ কেড়ে নিতেও কুণ্ঠিত বোধ করছেন না। নিঃসন্দেহে এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রাজনীতির কূটচালে, রাজনৈতিক অপরিণামদর্শিতায়। লুকিয়ে আছে ঔপনিবেশিক আমলের মতোই এখনো সেই একই বিভাজন আর বৈষম্যের শাসনে।
এই বিভাজনের রাজনীতির ফলাফল কিন্তু আমরা চোখের সামনেই দেখছি। একদিকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তরুণ-তরুণীরা ভিড় করছেন একুশের প্রভাতফেরিতে, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের উৎসবে। লালন-হাসন-রবীন্দ্র-নজরুলের গানে-কবিতায়, জয়নুল-সুলতান-কামরুলের আঁকা ছবিতে আত্মপরিচয় খুঁজে মাতছেন বাংলা নববর্ষের উৎসবে। আরেকদিকে, ধর্মীয় শিক্ষার দোহাই দিয়ে নিজের মায়ের ভাষা, নিজের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে, নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন করে গড়ে তোলা হচ্ছে কিশোর-তরুণদের আরেকটা প্রজন্মকে। মাঝে মাঝেই আমরা এই দুই দলকে একে অন্যের চিন্তা-চেতনা আদর্শের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে দেখছি। একইভাবে শেকড়ের সঙ্গে সম্পর্কহীনভাবে পুরোপুরি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠছে সমাজের সবচেয়ে বেশি সুবিধাভোগীদের আরেকটা প্রজন্মও। সমাজের ওপরতলায় থাকেন বলেই এই শ্রেণির সঙ্গে বাকিদের লড়াইটা খুব একটা চোখে পড়ে না হয়তো।
এই বিভাজনের শ্রেণীগত ভিত্তি স্পষ্টতই অর্থনৈতিক বৈষম্য। কিন্তু সেটা সব সময়ই আড়াল করা হয়। আর প্রচার করা হয় এই বিভাজনের আদর্শিক পাল্টাপাল্টির সংঘাতই যেন দেশের সবচেয়ে বড় সমস্যা। ফলে প্রত্যেকেই ভাবেন, নিজের ইচ্ছেমতো চলতে পারা, নিজের আদর্শিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারাটাই যেন সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় সংগ্রাম। অনেকটাই যেন একচোখা দৃষ্টিতে দেশকে দেখা। দেশের বাকি সব মানুষের ভাগ্যে কী ঘটবে সেটা নিয়ে ভাববার কোনো দায় যেন কোনো পক্ষেরই নেই। একদল নিজেদের প্রগতিশীল-মুক্তমনা দাবি করছেন এবং বাকিদের পশ্চাৎপদ এবং মৌলবাদী হিসেবে চিহ্নিত করছেন। আরেক দল নিজেদের ধর্মের পথে সঠিক আদর্শের অনুসারী বলে ভাবছেন এবং বাকিদের দিগভ্রষ্ট বলছেন আর নির্বিচারে নাস্তিক আখ্যা দিচ্ছেন। কোনো পক্ষের পাল্টাপাল্টি মিছিলেই কিন্তু লোক সমাগমের কমতি দেখা যায়নি। কমতি দেখা যায় না যার যার উৎসব-অনুষ্ঠানের ভিড়েও। কেবল দেশগঠনের সত্যিকার রাজনৈতিক প্রশ্নে পথে নামার লোক পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন।
এই কারণেই আম গাছে কাঁঠাল না ধরার গল্প দিয়ে শুরু করেছিলাম। সেই গল্প দিয়েই শেষ করি। গল্পটা আসলে এতই সাধারণ যে, এটা যেন আর আমাদের চোখেই পড়ে না। আজ যে শিশুরা জন্ম নিল কাল ওরা নিজেরা কিছু বুঝে ওঠার আগেই তাদের এক দলকে আমরা জামা-জুতো পরিয়ে স্কুলে পাঠাব। আরেক দলের মাথায় চাপিয়ে দেব টুপি, গায়ে পাঞ্জাবি, ওদের পাঠাব মাদ্রাসায়। সংখ্যায় অপেক্ষাকৃত ছোট হলেও আরেকটা দলকে জামা-জুতোর সঙ্গে গলায় টাই ঝুলিয়ে গাড়িতে চড়িয়ে আমরা পাঠিয়ে দেব ইংরেজি মাধ্যম স্কুলে। ছোটবেলায় শুনতাম স্কুলে যেতে হয় ‘ইউনিফর্ম’ পরে। বড় হয়ে বুঝলাম আসলে স্কুলগুলোই তো ‘মাল্টিফর্ম’। বহু বছর ধরে আমরা যেসব চারাগাছ রোপণ করে চলেছি তাতে কোন গাছে কী ফল ধরবে সেটা তো আমাদের অজানা থাকার কথা না!
লেখক: সংস্কৃতিকর্মী ও সাংবাদিক