কোরবানির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন পরেই ঈদ। পশু কেনা, হাটে যাওয়া এবং কোরবানির পর পশুর চামড়া সংরক্ষণের কিছু বিষয় মাথায় রাখলে গুরুত্বপূর্ণ এ কাজগুলো করা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। কোরবানির জন্য সুস্থ ও ভালো পশু চেনা এবং হাটে যাওয়ার আগের কিছু বিষয় নিয়ে পরামর্শ দিয়েছেন ঢাকা সিটি করপোরেশনের ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী। হাটে যাওয়ার আগে পশু কেনার উপযুক্ত সময় ঈদের দু-এক দিন আগে। অনেকেই ঈদের আগের রাতে পশু কিনতে যান। ঈদের আগের রাতে হাটে না যাওয়াটাই ভালো। হাটে যাওয়ার আগে হাতে সময় নিয়ে যেতে হবে। এতে আপনার জন্য পশু দেখা ও দরদাম করতে সুবিধা হবে এবং ঠকার আশঙ্কা থাকবে না। হাটে যাওয়ার সময় দড়ি, অভিজ্ঞ ব্যক্তি ও পশু নিয়ন্ত্রণ করতে পারে এমন একজনকে নিয়ে যেতে হবে। টাকাপয়সা সাবধানে রাখতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে। সম্ভব হলে টাকা কয়েকজন মিলে আলাদা করে রাখতে পারেন। নতুন ও সাদা কাপড়চোপড় পরে হাটে যাওয়া উচিত নয়। কারণ, পশুর মলমূত্রে আপনার পোশাক নষ্ট হতে পারে। পশু বিক্রির সময় যে বিক্রেতাকে বেশি আগ্রহী মনে হবে, তারথেকে পশু না কেনাই ভালো। পশু কিনতে গেলে ভিড় পরিহার করে পশু কিনতে হবে। হাটে পশু কিনতে গেলে দালাল বা মধ্যস্থতাকারী কারও সঙ্গে কথা না বলে সরাসরি পশুর মালিকের সঙ্গে কথা বললে ঠকার আশঙ্কা থাকবে না। হাটে অপরিচিত লোকজনের কাছ থেকে কোনো কিছু খাওয়া উচিত নয়। হাটে ছোট ছেলেমেয়েদের নিয়ে না যাওয়াই ভালো।ভালো পশু চিনতে গরু বেশি স্বাস্থ্যবান ও আকারের তুলনায় মোটা হলে মাংসে চর্বির পরিমাণ বেশি হয়। তাই বেশি স্বাস্থ্যবান ও মোটা গরু না কেনাই ভালো। ভারতীয় ও নেপালি গরুরচেয়ে আমাদের দেশি গরুর দাম বেশি হলেও দেশি গরুই কেনা উত্তম। কারণ, বিদেশি এসব গরু বহু পথ পাড়ি দিয়ে আসার কারণে দুর্বল হয়ে পড়ে। অনেক সময় কোরবানির আগে ব্যাপারিরা ওষুধ খাইয়ে পশু অধিক মোটাতাজা করে আনেন। তাই মাঝারি আকারের অথচ অধিক স্বাস্থ্যবান গরু বা মহিষ কেনা উচিত নয়। গরু বা মহিষের ক্ষেত্রে দুই বছর এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ছয় মাসের কম বয়সী পশু কেনা ঠিক নয়। পশু কেনার সময় দেহে কাটা ক্ষত, শিং ভাঙা, লেজ কাটা, জিহ্বা, ক্ষুর, মুখ বা গোড়ালিতে ক্ষত আছে কি না, তা দেখে নিতে হবে। পশুর সামনে খাবার ধরলে যদি জিহ্বা দিয়ে খাবার টেনে নেয় এবং মুখের ওপরটা ভেজা থাকে, তাহলে বুঝতে হবে পশু সুস্থ আছে। অসুস্থ পশু খাবার খেতে চায় না।চামড়া সংরক্ষণের পদ্ধতিপশু কোরবানির পর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো চামড়া সংরক্ষণ। আর এ বিষয়ে কিছু তথ্য দিয়েছেন বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির প্রভাষক আবদুল্লাহ-আল-মাহমুদ।  চামড়া আলাদা করার সাত-আট ঘণ্টার মধ্যে বিক্রি না হলে তা সংরক্ষণ করতে হবে। তবে আবহাওয়া বেশি গরম হলে তিন-চার ঘণ্টার মধ্যেই এ কাজটি করতে হবে। চামড়া সাধারণত তিনভাবে সংরক্ষণ করা যায়। লবণ-পদ্ধতি, রোদে শুকানো পদ্ধতি ও হিমাগার-পদ্ধতি। লবণ-পদ্ধতিতে গরু বা মহিষের নাগরা সোল চামড়ায় পাঁচ কেজি, ঢিলা চামড়ায় দুই-চার কেজি ও কুরুম চামড়ায় দেড়-তিন কেজি লবণ এবং ছাগল বা ভেড়ার স্টার চামড়ায় আধা কেজি, হেভি ও মেল চামড়ার মাংসল অংশে ২৫০ গ্রাম লবণ লাগিয়ে কয়েক দিন সংরক্ষণ করা যাবে। লবণ লাগানোর পর দেখতে হবে, পুরো চামড়াটিতে পরিপূর্ণভাবে লবণ লেগেছে কি না। কারণ, লবণ ঠিকমতো না লাগলে চামড়া নষ্ট হয়ে যেতে পারে। রোদে শুকিয়েও চামড়া সংরক্ষণ করা যায়। পুরো চামড়াটি কাঠের বা বাঁশের কোনো ফ্রেমের ওপর রেখে রোদে ভালোভাবে শুকিয়ে চামড়া সংরক্ষণ করা যায়। তবে এ পদ্ধতিতে চামড়ার গুণাগুণ কিছুটা নষ্ট হয়ে যায়।  হিমাগার পদ্ধতিতে সাধারণত অনেক চামড়া একসঙ্গে সংরক্ষণ করা যায়। এখানে মূলত ব্যবসায়ীরা চামড়া সংরক্ষণ করে থাকেন। তবে আমাদের দেশে সবচেয়ে কার্যকর ও সহজ উপায় হলো লবণ-পদ্ধতি।