কোরবানির বর্জ্য ফেলুন জায়গামতো
কোরবানির ঈদের অন্যতম দিক হলো পশু কোরবানি। যেহেতু এই ঈদে বেশি পশু জবাই হয়, তাই এ সময় পরিবেশদূষণের ভয়ও বেশি।তবে সবাই যদি একটু সচেতন থাকি এবং পশু জবাই করি নিয়ম মেনে, তাহলে দূষণ হওয়ার কোনো কারণ নেই বলে জানালেন ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা (বাংলাদেশ নৌবাহিনী)।যাঁরা এরই মধ্যে পশু কিনে ফেলেছেন তাঁরা একটু সচেতনভাবে পশুর মলমূত্র ড্রেন অথবা ময়লার গাড়িতে ফেলতে পারেন। আর সিটি করপোরেশনের বাইরের এলাকা হলে অবশ্যই মলমূত্র মাটিতে ফেলে না রেখে সব সময় পরিষ্কার করে রাখুন। পশু কোরবানির সময় এবং এর পরের করণীয় নিয়ে বলছিলেন বিপন কুমার সাহা। তিনি জানান, পশু জবাই করতে পাকা জায়গা ব্যবহার করা ভালো। এতে সহজেই রক্ত ধুয়ে ফেলা যায়। কোনো অবস্থায়ই রক্ত শুকাতে দেওয়া উচিত নয়।জবাই হয়ে গেলে পশু সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে পানি দিয়ে ওই স্থান ধুয়ে ফেলুন। পশুর নাড়িভূঁড়ি রাখতে চাইলে তা পরিষ্কার করে ময়লাগুলো গাড়িতে তুলে দিন অথবা মাটিতে পুঁতে ফেলুন। কাঁচা স্থানে পশু জবাই দিতে হলে অবশ্যই গর্ত খুঁড়ে নেওয়া উচিত। জবাইয়ের পর বর্জ্যগুলো ওই গর্তে পুঁতে রাখা যায়। পশুর হাড়, চামড়া, নাড়িভূঁড়ি ইত্যাদি যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে রাখুন, যেখান থেকে পরিচ্ছন্নতাকর্মীরা তা তুলে নিতে পারেন। আর মাটিতে হলে পুঁতে রাখুন। জবাইয়ের স্থানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে পারেন। ঈদের দিন ঢাকা শহরে ১৩৭টি ট্রাক, ৪০টি কন্টেইনার ট্রাক, পানির গাড়ি ১৪টি, ২৫টি ভ্রম্যমাণ ট্রাক (আধুনিক) এবং এর পেছনে থাকবে আট হাজার লোক, যাঁরা সারা শহর চষে বেড়াবেন ময়লার খোঁজে। যেসব স্থানে গাড়ি নেওয়া সম্ভব নয়, সেখানেও ভ্যানগাড়ি থাকবে। সুতরাং একটু সচেতন হয়ে পশু জবাই করুন। আর পরিবেশদূষণ রোধে নিজের ভূমিকাকে মুখ্য করে দেখুন।