নাটক মিশে আছে তাঁদের রক্তে। তাঁদের পড়াশোনা, ভাবনা, চিন্তাচেতনা, আড্ডা—সবকিছুই নাটককে ঘিরে। দিনভর মহড়া, অভিনয়, নির্দেশনা, গান—এসব নিয়েই কাটে সময়। বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের শিক্ষার্থীদের কথা।আগামী ৩ থেকে ১০ জুলাই কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক যুব নাট্যোৎসব। এ উৎসবে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ তাদের সিদ্ধান্ত নাটক নিয়ে।কোরিয়ার কুকমিন বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এ নাট্যোৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ৫০টির মতো বিশ্ববিদ্যালয় থেকে নাটকের দল নিয়ে আসবেন শিক্ষার্থীরা। এ নাট্যোৎসবে নাটক প্রদর্শন ছাড়াও বিভিন্ন দেশের তরুণেরা তাঁদের সংস্কৃতি, নাটকের ইতিহাস আর নাটক নিয়ে নিজেদের ভাবনাগুলো তুলে ধরবেন সবার সামনে। নাটকের ভেতর দিয়েই বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ গড়ে তোলার জন্যই নেওয়া হয়েছে দারুণ এ প্রয়াস। অসংগতির বিরুদ্ধে লড়াই করা এবং হতাশাগ্রস্ত তরুণদের আলোর পথে ফিরিয়ে আনার জন্য এ নাট্যোৎসবের আয়োজন।আন্তর্জাতিক এই যুব নাট্যোৎসবে বাংলাদেশের শিক্ষার্থীরা পরিবেশন করবেন বার্টল্ট ব্রেখটের দ্য মেজারস টেকেন নাটকটি। সিদ্ধান্ত নামে এর বাংলা অনুবাদ করেছেন শাহমান মৈশান এবং নির্দেশনায় আছে তাঁদের শিক্ষক ড. ইসরাফিল শাহীন। ৬ থেকে ৯ জুলাই নাটকটির ৪টি প্রদর্শণী করার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।তরুণ এক বিপ্লবীর গল্প নিয়ে এ নাটক। জনতার প্রতি রয়েছে তার অপরিসীম মমত্ববোধ। নাটকের শেষে মৃত্যুর পরিণতি গুনতে হয় তাকে। সে মৃত্যু হত্যা, নাকি আত্মহত্যা—এ নিয়ে থেকে যায় সংশয়। এসব প্রশ্ন, বিভ্রান্তি, কৌতূহল, সমস্যা—সবকিছুর সমাধানই খোঁজা হয় নাটকটিতে।সিদ্ধান্ত নাটকে অভিনয় করেছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মাহজাবিন ইসলাম, লাবণী আখতার, নুসরাত শারমীন, সৈয়দা ইফতি আরা, সুশান্ত কুমার সরকার, মাহদী তানজীর ও রফিকুল ইসলাম।‘আমাদের শিক্ষার্থীদের মধ্যে নাটকটি ঘিরে তৈরি হয়েছে এক বিচিত্র আনন্দ। প্রচুর পরিশ্রম করছে তারা। বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এমন উৎসব আয়োজন করা আমাদের দেশেও খুবই প্রয়োজন।’ বলছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক ও সিদ্ধান্ত নাটকের নির্দেশক ইসরাফিল শাহীন।তরুণ প্রজন্মের স্বপ্ন, মতামতের জায়গা তৈরি করা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা—এসব নিয়ে আলোচনা হবে এই যুব নাট্যোৎসবে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণেরা তাঁদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে জমায়েত হবেন ওখানে। নাটকের মাধ্যমে মুক্তচিন্তা, মুক্ত মানসিকতা তৈরির উদ্যোগই বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবে। এতে সুযোগ রয়েছে নিজেকে যাচাই করা, ভিন্নমতকে শ্রদ্ধা করা আর পরমতসহিষ্ণু হয়ে ওঠার চর্চা। এগুলো মানুষের স্বপ্ন পূরণ করে। আর এ স্বপ্নপূরণের জন্য নাট্যকলা বিভাগের তরুণেরা ভাষা হিসেবে বেছে নিয়েছেন নাটককে। নাটক ঠাঁই নিয়েছে তাঁদের মননে।শিক্ষার্থীদের মহড়া দেখে বোঝা গেল, আগ্রহ তাঁদের অপরিসীম। প্রচণ্ড উৎসাহ নিয়ে দিনমান পরিশ্রম করছেন তাঁরা। এ ভালোবাসা, আগ্রহ আর পরিশ্রমের প্রমাণ দেখা গেল তাঁদের চোখেমুখে, রক্তে জায়গা করে নেওয়া তারুণ্যের উজ্জ্বলতা খেলা করছে সেখানে। সংলাপ আর অভিনয়ের এ যেন এক নতুন বিপ্লব, যে বিপ্লবে তরুণদের জয় নিশ্চিত।