‘কল্পনার রাজ্যে যে বাংলাদেশকে ভেবেছিলাম, বাস্তবের বাংলাদেশ তার চেয়ে সম্পূর্ণ আলাদা। আমার জানা ছিল না, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল এ দেশের শিশুরা এতটা চৌকস ও সৃষ্টিশীলতা দেখাতে সক্ষম।’ এ অভিজ্ঞতা বাংলাদেশ সফরে আসা দক্ষিণ কোরিয়ার ইউনসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিন ছাউল কিমের।২২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ঘুরে গেলেন দক্ষিণ কোরিয়ার সুপ্রাচীন এ বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থীসহ ৩৭ সদস্যের একটি প্রতিনিধিদল। শীতকালীন অবকাশে বাংলাদেশের ছিন্নমূল ও হতদরিদ্র শিশুদের নিয়ে পরিচালিত বেশ কিছু স্কুল পরিদর্শন করাই ছিল ১০ দিনের এ সফরের মূল উদ্দেশ্য।‘আরসি উইন্টার ভলান্টারি ওয়ার্ক অ্যাব্রোড: বাংলাদেশ’ কার্যক্রমে আসা শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন ইউনসি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশল বিভাগের পরিচালক অধ্যাপক জুন ইন ক্যাং, ফিজিক্যাল থেরাপি বিভাগের অধ্যাপক ছো স্যাং হাইউন ও একজন সংগঠক। ভ্রমণের ক্লান্তি দূর করতেই কেটে যায় শুরুর দুদিন। ছিন্নমূল শিশুদের সঙ্গে একান্ত সময় কাটাতে কোরিয়ার বন্ধুরা ছুটে এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রাণান্ত মুহূর্ত কাটিয়েছেন ২০ শিক্ষার্থীর উদ্যোগে ২০০৮ সাল থেকে পরিচালিত পথশিশুদের স্কুল ‘তরী’ ও সুইপার কলোনিতে অবস্থিত ‘ছায়াবিথী’তে। নিজেদের স্বেচ্ছাসেবক রূপে সাজিয়ে স্কুলশিশুদের সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যয় করেন তিন দিন। শিক্ষাসামগ্রী, খাবার ও পুরস্কার বিতরণ ছিল শিশুদের উৎসাহের অন্যতম অনুষঙ্গ। এটা আমিও বেশ উপভোগ করেছি। এক শিশুর হাতে হাত রেখে নাচ শেষে হাঁপিয়ে বলছিলেন অভিযাত্রী শিক্ষার্থী দলের প্রধান সং জে ইক। দুই বিশ্ববিদ্যালয়ের দ্বিপক্ষীয় শিক্ষা ও গবেষণায় সমঝোতা চুক্তি আর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিভূত সবাই। বাংলাদেশের সুষ্ঠু পরিবেশ রক্ষা, ড্রেনেজ, শিল্পপ্রতিষ্ঠানে পানি ও বর্জ্য ব্যবস্থাপনার কাজে বন্ধুপ্রতিম এ দেশটি বিশেষ অবদান রেখে চলবে, এমনটাই প্রত্যাশা সবার।‘আমাদের উচ্চশিক্ষা গ্রহণের জোগান যেসব খেটে খাওয়া মানুষের শ্রম দিয়ে নিশ্চিত হয়। তাদের উপেক্ষা করে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আদৌ সম্ভব নয়।’ তাই সবার সহযোগিতায় ভবিষ্যতে এর পরিসর বিস্তৃত করার প্রত্যাশা তরীর প্রতিষ্ঠাকালীন সদস্য আজিজুর রহমানের।বিশ্রাম ও বিনোদনের সমান্তরালে চলছিল ঘুরে বেড়ানোর কাজটাও। যতই দেখছি, ততই আপন হয়ে উঠছে এ দেশের অতিথিপরায়ণ মানুষ এবং উন্মুক্ত সবুজ প্রকৃতির সঙ্গে গভীর এক হূদয়ের টান। ভিনদেশি এ শিক্ষার্থীরা জানালেন সুবিধাবঞ্চিত বাংলাদেশের শিশুদের প্রজ্ঞার কথা, শত প্রতিকূলতার মধ্যেও তাদের আগ্রহ ও দক্ষতায় বিস্মিত অনেকেই। নিজ দেশের চিরন্তন অভিজ্ঞতার বাইরে আলাদা করে আবিষ্কার করছেন শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিভিন্ন দিক।‘সঠিক দিকনির্দেশনা ও ব্যবস্থাপনার সুবিন্যাস একে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।’ এমন মন্তব্য আন্তেমিনের।শেষ দিকে প্রতিনিধিদলের শিক্ষার্থীরা ঢাকার গুলশান ও মিরপুরের একাধিক পথশিশুদের স্কুল ঘুরে দেখেন। একই ধরনের কর্মযজ্ঞ সম্পাদন ও শিশুদের বই, খাতা, কলম বিতরণের মাধ্যমে এবারের সফরের সমাপ্তি টানেন সফরকারীরা। দেশে ফিরে দিকহারা শিশুদের নিয়ে প্রশংসনীয় এ কাজ শুরুর কথা শোনা গেল অনেকের কণ্ঠে। ঢাকায় পুরো সময়ই সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিনিধি চার্জ লি।বাংলাদেশের শিশুদের সঙ্গে কখন যে পুরো সময়টা শেষ হয়ে গেল টেরই পাননি আগত অতিথিরা। তাই আসন্ন গ্রীষ্মকালীল ছুটিতে আবার আসতে ইচ্ছুক তাঁরা। ঘুরে দেখতে চান নতুন কোনো দিগন্ত।