কোরীয় উপদ্বীপে সামরিক মহড়া যা বোঝায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার উত্তেজনায় কাঁপছে কোরীয় উপদ্বীপ। গত মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান-ডুবির ঘটনা দুই কোরিয়ার মধ্যকার সম্পর্কে এক প্রস্থ টানাপোড়েন তৈরি করে। তার আঁচ না কমতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বড় ধরনের সামরিক মহড়া নতুন স্নায়ুযুদ্ধের রসদ জুগিয়েছে। বিষয়টি এবার এতই ক্ষিপ্ত করেছে কমিউনিস্ট উত্তর কোরিয়াকে যে, তারা পরমাণু অস্ত্র দিয়ে জবাবের হুমকি পর্যন্ত দেয়। বিশ্লেষকেরা বলছেন, দুই বৈরী প্রতিবেশীর মধ্যে শান্তির এত আন্তর্জাতিক চেষ্টা-চরিত্রের পরও এ ধরণের খিটিমিটি যে লেগেই আছে তার কারণ দীর্ঘদিনের পারস্পরিক সন্দেহ আর অবিশ্বাস। এ ধরনের সামরিক মহড়া সেই সন্দেহ আর স্নায়ুচাপেরই বহিঃপ্রকাশ। এর মাত্র কয়েক দিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস একসঙ্গে দক্ষিণ কোরিয়া সফর করেন। দুই শীর্ষ মার্কিন কর্মকর্তার একসঙ্গে কোরিয়া সফর প্রমাণ করে মিত্রদেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন-সংহতি কতটা জোরালো।দক্ষিণ কোরীয় জাহাজ চেওনান-ডুবির ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল মিশ্র। ৯ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে চেওনান জাহাজে হামলার নিন্দা জানানো হয়। তবে ওই বিবৃতিতে হামলার জন্য সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করা হয়নি। আন্তর্জাতিক এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, প্রায় নিশ্চিতভাবেই বলা যায় উত্তর কোরিয়ার দিক থেকেই চেওনানে টর্পেডো হামলা চালানো হয়েছে। কিন্তু উত্তর কোরিয়া বরাবরই তা অস্বীকার করে আসছে। কোরিয়া উপদ্বীপের উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে চলছে নানামুখী রাজনীতি। অবশ্য রাশিয়া, চীন কিংবা যুক্তরাষ্ট্র—এই তিন পরাশক্তির কেউই চায় না উত্তেজনা আরও বেড়ে যাক। তবে এটাও একেবারে পরিষ্কার যে, মস্কো বা বেইজিং কেউই পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কোনো ধরনের কড়া পদক্ষেপের পক্ষে থাকবে না ।উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরের পর ২৫ জুলাই জাপান সাগরে শুরু হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চার দিনের যৌথ নৌ-মহড়া। এই নৌ-মহড়াকে অস্বস্তির মধ্যে থাকা দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করার মার্কিন প্রচেষ্টা হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকেরা।কোরীয় উপদ্বীপে উত্তেজনার বেশ কয়েকটি কারণ ধরা পড়েছে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের লেখায়। অনেকের মতে, উত্তর কোরিয়ার নেতার উত্তরসূরি নির্বাচনের জন্য সেখানে একধরনের প্রচেষ্টা চলছে। এটি উত্তেজনা সৃষ্টির একটি কারণ। সম্ভাব্য উত্তরসূরির জন্য পথ তৈরি করে যেতে চাইছেন দেশটির অসুস্থ নেতা কিম জং-ইল।অনেকেরই আশঙ্কা, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ-মহড়াকে কোনো ধরনের সামরিক পদক্ষেপের অজুহাত হিসেবেও ব্যবহার করতে পারে উত্তর কোরিয়া।নৌ-মহড়ার ব্যাপারে চীনের এতটা উদ্বিগ্ন হওয়ার এটাও একটা কারণ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থেকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়। আঞ্চলিক উত্তেজনাকে আরও উসকে দিতে পারে—এমন কিছু না করার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়। চীনের ওই বার্তা পিয়ংইয়ংয়ের জন্য যতটা, ঠিক ততটাই সিউল ও ওয়াশিংটনের জন্যও। তবে নিজস্ব কারণেও এই নৌ-মহড়ার ব্যাপারে নাখোশ বেইজিং। কেউ কেউ ‘রুটিন কাজ’ দাবি করলেও যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার এই নৌ-মহড়া সাধারণ কোনো মহড়া নয়। মহড়ার প্রাথমিক ধাপে অংশ নিয়েছে পরমাণু শক্তিচালিত বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। এ ছাড়া ছিল আরও ২০টি জাহাজ ও সাবমেরিন এবং ১০০টি বিমান। চীন এখন তার নৌবাহিনীর কর্মকাণ্ড ও শক্তি বৃদ্ধি করছে। কাজেই ওই অঞ্চলে যেকোনো শক্তিশালী বিদেশি নৌবাহিনীর উপস্থিতিতে তারা দৃশ্যত উদ্বিগ্ন।যুক্তরাষ্ট্র-কোরিয়া-চীন ত্রিপক্ষীয় জটিলতার সঙ্গে যুক্ত হয়েছে এসব বিষয়ও। বিষয়টি কূটনৈতিক অনিশ্চয়তার এমন একটি জায়গা, যেখানে কারও একটি ভুল পদক্ষেপ ওই অঞ্চলে বিপর্যয় ডেকে আনতে পারে। কোরীয় সংকটে সংশ্লিষ্টদের সম্পর্কের বিন্যাসটি তাই জটিল। এখানে অনেকগুলো পারস্পরিক সম্পর্কের বিষয় জড়িত। এগুলো হলো, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্ক, ওয়াশিংটন ও সিউলের মধ্যকার সম্পর্ক এবং বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্ক। আবার সবকিছুর ঊর্ধ্বে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি ব্যাপক সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক দিক থেকে দেশ দুটি অনেক ক্ষেত্রে একসূত্রে গাঁথা। কিন্তু এসব সম্পর্কের ক্ষেত্রে পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে।কোরীয় উপদ্বীপে যা ঘটছে, তা দীর্ঘ মেয়াদে চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।