কোহিনুর ফাহমিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে পুরোনো ব্রহ্মপুত্র। তাই নদ আর পানি আমাদের কাছে পানিভাত। এক ঈদে আমরা চার বোন ব্রহ্মপুত্রে কোষা নৌকা নিয়ে বের হয়ে পড়লাম। কোষাটি আকারে ছোট হলেও চার বোনেরই ওজন বেশি। তাই যেন আমাদের ভার সইতে পারছিল না। মনে যখন ঈদ আনন্দ, তখন কি আর এত কিছু ভাবার সময় আছ? কোনো কিছু না ভেবেই কোষা ভাসিয়ে দিলাম। বৈঠা ছিল আমার ছোট বোন স্মৃতির হাতে। স্মৃতি ভালো নৌকা চালাতে পারে। তাই এ নিয়ে কারও মধ্যে ভয় কাজ করছিল না।

কিছু সময়ের মধ্যে স্মৃতি কোষাটিকে নদের মাঝখানে নিয়ে গেল। নদে সামান্য ঢেউ ছিল। হঠাৎ দেখি স্মৃতির হাত থেকে বইঠাটি ফসকে পানিতে পড়ে গেছে। চেষ্টা করেও বইঠাটি আর হাতের কাছে আনতে পারেনি। এখন কী হবে। কীভাবে কিনারায় পৌঁছা যাবে—এ নিয়ে দুশ্চিন্তা শুরু হলো। এ অবস্থায় খেয়াল করলাম কোষায় পানি উঠছে। ভয় আরও বাড়ল। আমি বেশি ভয় পাচ্ছিলাম। কারণ আছে। নদীর পাড়ের মানুষ হলেও আমি তখনো পুরোপুরি সাঁতার শিখিনি। কিছু সময়ের মধ্যে পানি বাড়তে থাকে আর কোষাটিও ভারসাম্যহীন হয়ে পড়ে। বুঝতে পারলাম নিশ্চিত ডুবে যাবে। কোষায় একটি খালি ড্রাম ছিল।

আমাকে ড্রামটি দিয়ে বলা হলো এটি ধরে যেন পানিতে ভেসে থাকার চেষ্টা করি। আমি তা-ই করলাম। গাইড করে তিন বোন আমাকে তীরে নিয়ে এল। সেই থেকে যতবার রোজার ঈদ আসে, ততবারই এ ঘটনাটি মনে পড়ে। সবাই মিলে স্মৃতিচারণা করি। ভয়-আনন্দ মিশ্রিত এই ঈদ-স্মৃতি কোনো দিনও ভোলার নয়।