কোয়ান্টাম কম্পিউটারের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসের কলেজ ডি ফ্রান্সের ৬৮ বছর বয়সী পদার্থবিদ্যার অধ্যাপক সার্জ হ্যারোচি প্রতিদিনের মতো সেদিনও স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ করে তাঁর মুঠোফোনে এল নোবেল কমিটির ফোন। ফোনের বক্তব্য, পদার্থবিদ্যায় ২০১২ সালের নোবেল পুরস্কার যৌথভাবে পেয়েছেন তিনি এবং তাঁর সমবয়সী মার্কিন পদার্থবিদ ডেভিড জেফরি ওয়াইনল্যান্ড।হ্যারোচি উত্তেজনায় রাস্তার পাশের বেঞ্চে বসে পড়লেন। যুক্তরাষ্ট্রের কলরাডো বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজিসের অধ্যাপক ওয়াইনল্যান্ড তখন ডেনভারে মধ্যরাতের ঘুমে। তাঁর কাছেও ফোন গেল। ফোন ধরলেন তাঁর স্ত্রী। ঘুমজড়ানো চোখে স্ত্রীর কাছ থেকেই ওয়াইনল্যান্ড প্রথম শুনলেন নোবেল পুরস্কার জয়ের খবর। হ্যারোচি ও ওয়াইনল্যান্ড কোয়ান্টাম পদার্থবিদ্যা ও কোয়ান্টাম কণাসংক্রান্ত গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হলেন। তাঁদের গবেষণার বিষয়বস্তু ও ফলাফল এক হলেও তাঁরা আলাদাভাবে গবেষণা করেছেন এবং তাঁদের গবেষণার পদ্ধতিও ছিল আলাদা।হ্যারোচি ও ওয়াইনল্যান্ডের গবেষণা এবং এর প্রভাব হ্যারোচি ও ওয়াইনল্যান্ড গবেষণা করেছেন কোয়ান্টাম কণার পর্যবেক্ষণ, নিরীক্ষা, পরিমাপ ও নিয়ন্ত্রণ নিয়ে। পদার্থ ও আলোর ক্ষুদ্রতম কণা হলো কোয়ান্টাম কণা। এটি একই সঙ্গে কণা ও তরঙ্গ হিসেবে থাকতে পারে এবং একই সময়ে একাধিক স্থানে অবস্থান করতে পারে। কোয়ান্টাম কণা এই রহস্যময় আচরণ করে তখনই, যখন তা বাইরের সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকে। যখনই বাইরের কোনো কিছুর সঙ্গে কোয়ান্টাম কণার মিথস্ক্রিয়া ঘটে, তখনই তা ওপরে বলা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। ফলে বাহ্যিক অবস্থান থেকে কোয়ান্টাম কণার নিরীক্ষা, পরিমাপ ও নিয়ন্ত্রণ এত দিন ব্যবহারিকভাবে সম্ভব ছিল না। হ্যারোচি ও ওয়াইনল্যান্ড আলাদাভাবে গবেষণা করে কোয়ান্টাম কণার বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই এর নিরীক্ষা, পরিমাপ ও নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করেন। যেহেতু কোয়ান্টাম গুণ অক্ষুণ্ন রেখেই কোয়ান্টাম কণার নিরীক্ষা, পরিমাপ ও নিয়ন্ত্রণ সম্ভব, তাই একটি নিয়ন্ত্রিত কোয়ান্টাম-ব্যবস্থা গড়াও সম্ভব। নিয়ন্ত্রিত কোয়ান্টাম-ব্যবস্থাকে ভিত্তিমূল ধরে সম্ভব হবে কোয়ান্টাম কম্পিউটার তৈরি। বর্তমান ইলেকট্রনিক কম্পিউটারের তুলনায় কোয়ান্টাম কম্পিউটার হবে দ্রুতগতির এবং অনেক কার্যকর। গত শতকে ইলেকট্রনিক কম্পিউটার যেমন সভ্যতাকে আমূল বদলে দিয়েছিল, তেমনি কোয়ান্টাম কম্পিউটারও চলতি শতকে গতিময়তা ও কার্যকারিতার নতুন এক বিস্ময়কর মাত্রা যোগ করবে। কোয়ান্টাম কম্পিউটার মানুষের দৈনন্দিন কর্মপ্রবাহই পাল্টে দিতে পারে এর গতিময়তা দিয়ে। এর আরেক বড় বৈশিষ্ট্য হলো, আরও বেশি নিখুঁত ও নির্ভুল গণনা করা। কোয়ান্টাম কম্পিউটার এই কিছুদিন আগেও কল্পকাহিনির মতো শোনালেও হ্যারোচি ও ওয়াইনল্যান্ডের আবিষ্কার কোয়ান্টাম কম্পিউটার তৈরির পথকে সুগম এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের ব্যবহারিক বিষয়গুলোকে সম্ভব করে তুলেছে। এই আবিষ্কারকে ভিত্তি করে বিশেষ ধরনের ঘড়ি তৈরিও সম্ভব, যা সময়কে আরও নিখুঁত ও নির্ভুলভাবে পরিমাপ করতে পারবে।বর্তমানে মান সময় (স্ট্যান্ডার্ড টাইম) পরিমাপ করার কাজে ব্যবহূত সিজিয়াম ঘড়ির তুলনায় ১০০ গুণ বেশি নিখুঁত সময় পাওয়া যাবে এই ঘড়ি থেকে। নোবেল কমিটি হ্যারোচি ও ওয়াইনল্যান্ডকে নোবেল পুরস্কার প্রদানের কারণ হিসেবে ওপরের কারণগুলোকেই উল্লেখ করেছে। হ্যারোচির মতে, জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) আরও নিখুঁত ও নির্ভুল হবে তাঁদের এই আবিষ্কারের কারণে।যেভাবে কাজ করবে কোয়ান্টাম কম্পিউটারবর্তমান ইলেকট্রনিক কম্পিউটার কাজ করে বাইনারি পদ্ধতিতে। এ ক্ষেত্রে অভ্যন্তরীণভাবে সবকিছুই উপস্থাপিত, অনুধাবিত ও প্রক্রিয়াজাত হয় মাত্র দুটি বিট ০ ও ১-এর মাধ্যমে। যেহেতু মাত্র দুটি অবস্থার (হয় ০ অথবা ১) মাধ্যমেই সবকিছুই উপস্থাপিত, অনুধাবিত ও প্রক্রিয়াজাত হতে পারে, তাই ইলেকট্রনিক কম্পিউটারে গতি ও গণনাসংক্রান্ত কিছু সীমাবদ্ধতা থেকেই যায়। অন্যদিকে কোয়ান্টাম কণা যেহেতু একই সঙ্গে একাধিক অবস্থায় থাকতে পারে, তাই কোয়ান্টাম-ব্যবস্থাকে ভিত্তি করে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা সম্ভব হলে প্রচলিত ০ ও ১ বিটের পাশাপাশি এই দুয়ের মাঝামাঝি আরও তাৎপর্যবাহী বিট পাওয়া সম্ভব। কোয়ান্টাম-ব্যবস্থায় বিটকে বলা হয় কিউবিট এবং ০ ও ১-এর মাঝামাঝি আরও কিউবিট পাওয়া যায় কোয়ান্টম কণার ‘কোয়ান্টাম সুপারপজিশন’ বৈশিষ্ট্যের কারণে। ইলেকট্রনিক কম্পিউটারে ০ ও ১ বিট অনুধাবন করা হয় সংশ্লিষ্ট অভ্যন্তরীণ বৈদ্যুতিক বর্তনীতে বিভবের উপস্থিতি ও অনুপস্থিতি নিরীক্ষা করে। অন্যদিকে কোয়ান্টাম কম্পিউটারে কিউবিট অনুধাবন করা হয় কোয়ান্টাম কণার কৌণিক ঘূর্ণন ও স্পিন নিরীক্ষা করে। মোদ্দাকথা, কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে অভ্যন্তরীণ কার্যাবলি দুয়ের বেশি কিউবিটের মাধ্যমে সম্পাদন সম্ভব হবে বলে এ ক্ষেত্রে গতি, কার্যকারিতা ও তথ্য ধারণক্ষমতাও বেড়ে যাবে। এ ছাড়া যেহেতু ০ ও ১-এর পাশাপাশি কোয়ান্টাম কম্পিউটারে আরও কিউবিট সম্ভব—তাই এর নিরাপত্তাব্যবস্থাও হবে বর্তমান ইলেকট্রনিক কম্পিউটিংয়ের তুলনায় অনেক উন্নততর। কারণ, বর্তমান ব্যবস্থায় কম্পিউটার হ্যাকাররা ০ ও ১ মাত্র এই দুই বিটের বিভিন্ন সম্মিলনের সম্ভাব্যতার কথা মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থা ভাঙার চেষ্টা করে।কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংয়ের বেলায় আরও বেশিসংখ্যক কিউবিটের অধিকসংখ্যক সম্মিলনের সম্ভাব্যতার কথা মাথায় রাখতে হবে এবং ০ ও ১ কিউবিটের পাশাপাশি কোয়ান্টাম সুপার পজিশনজনিত কিউবিটের অনিশ্চয়তা হ্যাকারদেরও অনিশ্চয়তায় ফেলে দেবে।এখন অপেক্ষার পালা কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের এই ধারণাগুলো এত দিন তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু কোয়ান্টাম কণাগুলোকে বাস্তবে পর্যবেক্ষণ, পরিমাপ ও নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না বলে নিয়ন্ত্রিত কোয়ান্টাম-ব্যবস্থা গড়াও সম্ভব হয়নি। হ্যারোচি ও ওয়াইনল্যান্ডের গবেষণায় কোয়ান্টাম কণার বৈশিষ্ট্য ক্ষুণ্ন না করেই তা পর্যবেক্ষণ, পরিমাপ ও নিয়ন্ত্রণের পদ্ধতি আলোর মুখ দেখায় ব্যবহারিক ও বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কারের পথ সুগম হলো। হ্যারোচি ও ওয়াইনল্যান্ড কোয়ান্টাম কণার অবস্থা পর্যবেক্ষণ, পরিমাপ এবং তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিয়েছেন। আর এখন অপেক্ষা, একে ভিত্তি করে সম্ভাবনাময় ব্যবহারিক যান্ত্রিক কোয়ান্টাম কম্পিউটার উদ্ভাবনের (যদিও কানাডার ডি ওয়েভসহ কয়েকটি প্রতিষ্ঠান সীমিত আকারে হলেও কোয়ান্টাম কম্পিউটার তৈরির কাজ করছে)। অপেক্ষার প্রহর যত ক্ষুদ্র হবে, সভ্যতার গতিময়তা ও কার্যকারিতার জন্য ততই হবে মঙ্গল।