কীভাবে? জানতে হলে পড়ুন দুটি ‘এক্সক্লুসিভ’ সাক্ষাৎকার!
সরকারদলীয় নেতার সাক্ষাৎকার
রস+আলো: টানটান উত্তেজনা আর অনেক রেকর্ড গড়ে গ্রুপ পর্বের খেলা শেষ হলো। আপনার অনুভূতি কী?
সরকারদলীয় নেতা: ১৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিশ্বকাপটি ইতিহাসের সেরা বিশ্বকাপের একটি হতে যাচ্ছে। ২০ দলের অংশগ্রহণ ছাড়াও সার্থকভাবে বিশ্বকাপ সম্পন্ন করা সম্ভব হবে এই বিশ্বকাপ এর জ্বলন্ত প্রমাণ!
র.আ.: বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে কিছু বলুন।
স.নে.: বাংলার দামাল ছেলেরা পেট্রলবোমাই ভয় পায় না, আর তারা কিনা ভয় পাবে বোলারদের ছোড়া বলকে! তা কী করে হয়? মাহমুদউল্লাহ সেঞ্চুরি করে তা প্রমাণ করল। প্রতিপক্ষ দলের সব ষড়যন্ত্র জয় করে বাংলাদেশ ক্রিকেট দল এগিয়ে যাবেই।
র.আ.: আইসিসি ২০১৯ সালের বিশ্বকাপ ১০ দলের অংশগ্রহণে আয়োজন করতে পারে বলে জানা গিয়েছিল।
শেষ প্রশ্ন, এ বিষয়ে আপনার মন্তব্য কী?
স.নে.: কমানোর কী দরকার! ১৪ দলই থাকুক। আপনি কী বলেন?
র.আ.: জি, ধন্যবাদ!
বিরোধীদলীয় নেতার সাক্ষাৎকার
রস+আলো: বিশ্বকাপ ক্রিকেট কেমন উপভোগ করছেন?
বিরোধীদলীয় নেতা: চমৎকার! গ্রুপ পর্বে ১৪ দলের খেলা শেষ। তবে বিএনপি এখনো কোয়ার্টার ফাইনালে প্রতিনিধিত্ব করছে!
র.আ.: কীভাবে?
বি.নে.: Bangladesh, New Zealand & Pakistan = BNP! এখন নিশ্চয় বুঝেছেন?
র.আ.: বুঝলাম! মাহমুদউল্লাহর টানা দুই ম্যাচে সেঞ্চুরির রহস্য কী?
বি.নে.: আমাদের আপসহীন টানা হরতাল দেখে মাহমুদউল্লাহ টানা দুই ম্যাচে সেঞ্চুরি করার অনুপ্রেরণা পেয়েছেন বলে আমার ধারণা।
র.আ: মাহমুদউল্লাহর সেঞ্চুরির পর বাংলাদেশের আর কার সেঞ্চুরি করার উজ্জ্বল সম্ভাবনা আছে বলে মনে করেন?
বি.নে.: অবরোধের! হাফ সেঞ্চুরি করে এখনো অপরাজিত আছে।
র.আ.: দীর্ঘমেয়াদি হরতাল-অবরোধে দেশের ক্রিকেট ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আপনি মনে করেন কি?
বি.নে.: ক্রিকেটকে দেশজুড়ে প্রসারিত করা দীর্ঘমেয়াদি হরতাল-অবরোধের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটি ছিল।
র.আ.: বিস্তারিত বলুন।
বি.নে.: দেশের এমন অনেক জায়গা আছে যেখানে ক্রিকেট খেলার মাঠ নেই। তাই দীর্ঘমেয়াদি হরতাল-অবরোধের মাধ্যমে আমরা যানবাহনশূন্য রাস্তাগুলো দিয়ে মাঠের শূন্যতা দূর করতে চেয়েছিলাম।
র.আ.: ক্রিকেট নিয়ে আপনার আর কিছু কি বলার আছে?
বি.নে.: ২০ দলের অংশগ্রহণে ২০১৯ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ করছি।
র.আ.: মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ!