কোয়েটায় তালেবানের আশ্রয়
২০০৯ সালের এপ্রিল মাসে পাকিস্তানি বাহিনী আফগানিস্তান থেকে আসা একজন তালেবান জঙ্গিকে গ্রেপ্তার করে। সঙ্গে ছিল তাঁর হাইকমান্ডের জন্য কয়েকটি নথিপত্র। জিজ্ঞাসাবাদে খাত্তাব নামের ওই জঙ্গি জানান, তাঁর হাইকমান্ডের ঘাঁটি হচ্ছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগর কোয়েটায়। আফগানিস্তানের তালেবান নেতারা বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ও এর আশপাশে তাঁদের কার্যক্রম পরিচালনা করছেন, এমন কথা বহুদিন ধরেই অস্বীকার করে আসছে পাকিস্তান। উল্টো দেশটি বলছে, কিছু আফগান জঙ্গি হয়তো সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেন। তবে তাঁদের উদ্দেশ্য খারাপ কিছু নয়। স্রেফ পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে ও তাঁদের সঙ্গে সময় কাটাতে তাঁরা এখানে আসেন। এসব পরিবার পরিজনের অনেকেই পাকিস্তানে শরণার্থী হিসেবে বসবাস করছেন। জঙ্গি খাত্তাবের কাছ থেকে যেসব কাগজপত্র উদ্ধার করা হয়েছে, তার মধ্যে একটি ছিল একজন গুপ্তচরের স্বীকারোক্তি। ন্যাটো বাহিনীর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে তালেবানের একটি গ্রুপ তাঁর শিরশ্ছেদ করে।খাত্তাবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন, কোয়েটার এমন একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কোয়েটার ওই তালেবান গ্রুপের নেতারা শিরশ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। নেতারা জানান, তারা ভুল মানুষকে হত্যা করেছে।জাবুলের তালেবান নেতারা খাত্তাবকে দায়িত্ব দিয়েছিলেন ওই গুপ্তচরের স্বাক্ষর করা কাগজপত্র কোয়েটার নেতাদের কাছে নিয়ে যেতে। কাগজপত্র দেখলেই কোয়েটার নেতারা বুঝতে পারবেন, তারা কোনো ভুল মানুষকে হত্যা করেনি। তবে খাত্তাবের কাছ থেকে এটা স্পষ্ট জানা যায়নি যে কোয়েটায় তাঁর শীর্ষ নেতারা কারা এবং কোয়েটার কোন এলাকায় তাঁরা অবস্থান করছেন। বেলুচিস্তান সীমান্তে আধাসামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল সেলিম নওয়াজ বলেন, ‘যদি নেতারা এখানে বসবাস করে থাকেন তাহলে তাঁদের নিশ্চয়ই একটা জীবনধারা আছে। নিশ্চয়ই তাঁদের নিরাপত্তার একটা ব্যবস্থা আছে। কিন্তু আমরা বা গণমাধ্যম কেন একটি তালেবান নেতাকেও শনাক্ত করতে পারছি না?’ তিনি বলেন, ‘আমার ধারণা তাঁরা আসা-যাওয়ার মধ্যে থাকেন, তাই তাঁদের আমরা শনাক্ত করতে পারছি না।’ কোয়েটার পূর্বাঞ্চলটি ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এখানে জাতিগত পশতুনদের বসবাস। তাদের কর্মকাণ্ডও কিছুটা তালেবানের মতো। তাদের পোশাকও অনেকটা আফগান তালেবানের মতো। অনেকের ধারণা, এখানেই পশতুনদের মধ্যে মিশে আছেন আফগান তালেবান নেতারা।আবার অনেকের ধারণা, খারোতাবাদে ঘাঁটি গেড়েছেন আফগান তালেবান নেতারা। সাংবাদিক ও রাজনৈতিক নেতারাও খারোতাবাদে তালেবানের উপস্থিতি আছে বলে ইঙ্গিত দিয়েছেন। ২০০১ সালের অক্টোবর মাসে মার্কিন বাহিনী যখন আফগানিস্তানে হামলা চালানো শুরু করল তখন কাবুলে তালেবান সরকারের বেশির ভাগ সদস্য সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগর পেশোয়ারে আশ্রয় নেন। তবে আধ্যাত্মিক নেতা মোল্লা মোহম্মদ ওমরসহ তালেবানের শীর্ষস্থানীয় নেতৃত্ব কান্দাহারে তাদের ঘাঁটি গড়ে তোলেন।আফগান শরণার্থীসহ কোয়েটার বর্তমান জনসংখ্যা ১০ লাখেরও বেশি। কোয়েটা ও ওয়াজিরিস্তান এলাকায় তথাকথিত আফগানিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ক সক্রিয়। যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর নেটওয়ার্কটি সেখানে ঘাঁটি গড়ে তোলে। হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা মোল্লা ওমরের খুবই অনুগত এবং আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বেলুচিস্তান সীমান্তের কাছে কান্দাহার ও হেলমান্দ প্রদেশে সক্রিয় তালেবান জঙ্গিরা দক্ষিণ ও দক্ষিণ-মধ্য আফগানিস্তান অস্থিতিশীল করে রেখেছে। পাকিস্তানের ওয়াজিরিস্তানে মার্কিন পাইলটবিহীন বিমান থেকে অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা এবং ওই এলাকায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক অভিযানের ফলে তালেবান জঙ্গিরা কোয়েটার উত্তর-পূর্বাঞ্চলে গিয়ে আশ্রয় নিয়েছেন।পরিচয় গোপন রাখার শর্তে পাকিস্তান সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তালেবান জঙ্গিরা বেলুচিস্তানের তোবা কাকার এলাকায় আশ্রয় নিয়েছেন। তবে গোটা কোয়েটা এলাকায় ছড়িয়ে পড়তে তাঁদের বেশি সময় লাগবে না।কোয়েটার একজন রাজনৈতিক নেতা উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে এখানে জঙ্গিদের জড়ো হওয়ার আভাস মিলছে, তাতে করে হয়তো দেখা যাবে এখানেও জঙ্গি নির্মূলের জন্য মার্কিন পাইলটবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি সশস্ত্র তালেবান জঙ্গিরা কোয়েটার কাছে বিশেষ করে সাবেক শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে। ওই সব শরণার্থী শিবির এখন স্থায়ী গ্রামে পরিণত হয়েছে।’ এসব খবরে এলাকাবাসীও উদ্বিগ্ন হয়ে পড়েছে।