কৌতূহল আর আনন্দের মিশেল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল নয়টা। কক্সবাজার সরকারি মহিলা কলেজ মাঠে শিক্ষার্থীদের ভিড় চোখে পড়ার মতো। গরম উপেক্ষা করে দলবেঁধে এক বুথ থেকে আরেক বুথে ঘুরে বেড়াচ্ছে তারা। মজার সব ইভেন্ট। কৌতূহল আর আনন্দ মিশে উদ্দীপনার যেন শেষ নেই।১৬ সেপ্টেম্বর কক্সবাজারে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব এমন জমজমাট হয়ে ওঠে। সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তথ্যপ্রযুক্তির নানা ইভেন্টে বুঁদ হয়ে ছিল ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজারের বেশি শিক্ষার্থী।কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের একদল ছাত্রকে দেখা গেল প্রচণ্ড গরম উপেক্ষা করে ‘হ্যাপিনেস মেশিন’ ইভেন্টে ভিড় জমাচ্ছে। মেশিনের সামনে দাঁড়ালে স্বয়ংক্রিয়ভাবে মেশিন থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে মেশিন থেকে বেরিয়ে আসে পুরস্কার—একটি টি-শার্ট অথবা স্কেল।ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সালমান রশিদ বলে, ‘ভিডিওগেমস খেলে আমরা শিক্ষার্থীরা কত সময় নষ্ট করে দিচ্ছি। অথচ এখানে খেলার মাধ্যমে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে এই খেলার মাধ্যমে লেখাপড়াটাও ঝালাই করা হচ্ছে। গ্রামীণফোন-প্রথম আলোর এই উদ্যোগ শিক্ষার্থীদের সামনে এগুতে বড় ভূমিকা রাখবে।’ এদিকে ‘ম্যাজিক জোনে’ মশগুল দেখা গেল কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের। এ ছাড়া শত শত শিক্ষার্থী ফেসবুক, নকিয়া, গুগল, অপেরামিনি, প্রথম আলো ও গ্রামীণফোনের বিভিন্ন বুথে নানা প্রশ্নের জবাব দিয়ে আদায় করছে নানা পুরস্কার।কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ইব্রাহিম বলে, ‘আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিতে পারিনি; কারণ এই প্রতিযোগিতা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য। কিন্তু অপেরামিনি বুথে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে একটি ক্যাপ পেয়েছি। আগামী বছর অবশ্যই আই-জিনিয়াস হব।’কক্সবাজার কেজি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র শামসুল ইসলাম বলে, উৎসবের বিভিন্ন বুথে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির নানা দিক পরিচালনা করে নতুন জগৎ সম্পর্কে অনেক ধারণা জন্মেছে। পিছিয়ে ছিলেন না অভিভাবকেরাও। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর ‘হ্যাপিনেস মেশিনে’ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নেন একটি টি-শার্ট। জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারীও একাধিক বুথ ঘুরে দেখেন। অংশ নেন বিভিন্ন কুইজে।তবে সবার দৃষ্টি ছিল ‘আই-জিনিয়াস’ নির্বাচনের দিকে। শহরের চারটি কলেজ ও ছয়টি উচ্চবিদ্যালয় থেকে নিবন্ধন করা ২৪০ শিক্ষার্থীর মধ্য থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হয়। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় জমজমাট আই-জিনিয়াস প্রতিযোগিতা। এদের মধ্যে আই-জিনিয়াস নির্বাচত হয় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর (বিজ্ঞান) ছাত্রী সীলমা সোবহা রাইসা। ‘এসো পৃথিবীর পাঠশালায়’ এই স্লোগানে সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।