কৌশল বদলের ইঙ্গিত দক্ষিণ কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরীয় সীমান্ত দ্বীপ ইয়নপিয়ংয়ে উত্তরের গোলাবর্ষণের ঘটনার পর উত্তেজনা এখনো পুরো থিতিয়ে আসেনি। এখন দক্ষিণ কোরিয়ার দিক থেকে সামরিক কৌশল বদলের ইঙ্গিত দেওয়া হচ্ছে। নিজ ভূখণ্ডের ওপর হামলার জবাব আকাশপথে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে দেশটির পক্ষ থেকে।সীমান্তে সর্বশেষ সংঘাতটি ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ অবসানের পর থেকে সবচেয়ে গুরুতর গোলাবিনিময়ের ঘটনা। দক্ষিণ কোরিয়ার দিনকাল আজ বড়ই অনিশ্চিত। আর এই অনিশ্চিত সময়ের মধ্যে মঞ্চে পা দিলেন ৬১ বছর বয়সী অবসরপ্রাপ্ত জেনারেল কিম কাওয়ান-জিন।দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী পদে তাঁর মনোনয়ন নিশ্চিত করার শুনানিতে অংশ নিতে এই সেদিন পার্লামেন্টে হাজির হয়েছিলেন স্পষ্টভাষী সাবেক এই জেনারেল। পার্লামেন্টে দেওয়া তাঁর ভাষণে একটি বিষয়ের প্রতিফলন ঘটেছে। তা হলো, গত কয়েক সপ্তাহে কোরীয় উপদ্বীপে অনেক কিছুরই আমূল পরিবর্তন হয়েছে।ইয়নপিয়ংয়ে উত্তর কোরিয়ার হামলায় দক্ষিণ কোরিয়ার দুই সেনাসদস্য ও দুজন বেসামরিক লোক প্রাণ হারায়। জেনারেল কিম নিজেও এই ঘটনাকে অর্ধ শতাব্দীরও বেশি সময় আগে কোরীয় যুদ্ধের অবসানের পর সবচেয়ে গুরুতর ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।কোরিয়া যুদ্ধের পর এই প্রথম বেসামরিক মানুষকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া যুদ্ধের পর জনবসতিপূর্ণ কোনো দ্বীপেও উত্তর কোরিয়ার পক্ষ থেকে হামলার ঘটনা এই প্রথম।বিশ্লেষকেরা বলছেন, সেনাবাহিনীতে ৪০ বছরের কাজ করার অভিজ্ঞতা সত্ত্বেও জেনারেল কিমকে শুধু কোরীয় রাজনীতি নিয়ে পড়াশোনা করলে চলবে না, তাঁকে সামরিক কৌশল নিয়েও গবেষণা করতে হবে। উত্তর কোরিয়ার নতুন আক্রমণের কৌশল অনেক দক্ষিণ কোরীয়কে গভীরভাবে নাড়া দিয়েছে।প্রতিরক্ষামন্ত্রী পদে মনোনীত হওয়ার পর জেনারেল কিম এরই মধ্যে উত্তরের প্রতিবেশীর প্রতি কঠোর দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেও দিয়েছেন, উত্তর কোরিয়া যদি ভবিষ্যতে এ ধরনের হামলা চালায়, তাহলে দক্ষিণ কোরিয়া আকাশপথে হামলার জবাব দিতে পারে।যেকোনো ধরনের হামলার জবাব দেওয়ার জন্য কমান্ডারদের আরও বেশি ক্ষমতা দিয়ে নীতিমালা পর্যালোচনারও আহ্বান জানিয়েছেন জেনারেল কিম।দক্ষিণ কোরিয়ার বর্তমান নীতি হলো ‘সমানুপাতিক জবাব’। অর্থাৎ সংঘাত যেন বৃদ্ধি না পায়, সে জন্য উত্তর কোরিয়ার দিক থেকে যে মাত্রায় ও যে অস্ত্র দিয়ে হামলা চালানো হবে, তারাও ঠিক সেই মাত্রায় ও সেই ধরনের অস্ত্র দিয়ে জবাব দেবে।ইয়নপিয়ংয়ের ঘটনায় উত্তর কোরিয়ার পক্ষ থেকে ১৭০টি গোলা নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সেনাসদস্যরা ছুড়েছেন ৮০টি গোলা। তবে কৃত্রিম উপগ্রহ থেকে ধারণ করা ছবি থেকে বোঝা গেছে, অনেক গোলাই লক্ষ্যবস্তু থেকে অনেক দূরে গিয়ে পড়েছে।খবর পাওয়া যাচ্ছে, গোলন্দাজ বাহিনীর সরঞ্জামাদি ঠিকমতো কাজ করেনি কিংবা তাঁরা পুরোপুরি প্রস্তুতও ছিল না। কয়েকজন বিশ্লেষক বলেছেন, একটি সমস্যা হলো বর্তমানে সেনাবাহিনীতে এ ধরনের সক্রিয় যুদ্ধের কথা মনে রাখার মতো বয়স্ক সেনাসদস্য একজনও নেই।ইয়নপিয়ংয়ের ঘটনায় দক্ষিণ কোরীয় সেনাবাহিনীকে যেভাবে পরিচালনা করা হয়েছে, তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জেনারেল কিমের পূর্বসূরি কিম তায়ে-ইয়ং।সমালোচনার মুখে শুধু কিম তায়ে-ইয়ংই পড়েননি। সম্প্রতি গণমাধ্যমের খবরে দেশের গোয়েন্দা প্রধানের দিকেও সমালোচনার তীর ছোড়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, চলতি বছরের শুরুর দিকে গোয়েন্দা প্রতিবেদনে এই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে উত্তর কোরিয়া হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু গোয়েন্দা-প্রধান এই সতর্কবার্তা উপেক্ষা করেছেন।একটি সংবাদপত্রে বলা হয়েছে: তারা এটা জেনেছে এবং তাতে মোটেই গা করেনি। নতুন প্রতিরক্ষামন্ত্রী হয়তো বিষয়গুলো বিবেচনায় নিতে পারেন। উত্তর কোরিয়াকে দেশের ‘প্রধান শত্রু’ হিসেবে ঘোষণা দেওয়ার পক্ষে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্ভবত এই ইঙ্গিত প্রতীকী। তবে বিষয়টিকে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সরকারের সাড়া দেওয়ার একটি ইঙ্গিত হিসেবেই মনে করছেন অনেকে।উত্তর কোরিয়ার দিক থেকে হামলা হলে তাঁরা কোথায় যাবেন অথবা এ ধরনের পরিস্থিতিতে সরকারের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত—রাজধানী সিউলের মানুষ এরই মধ্যে এ ধরনের আলোচনা শুরু করে দিয়েছেন। দক্ষিণের রাজধানী সিউল ‘অসামরিকীকৃত এলাকা’ থেকে মাত্র ৩১ মাইল দক্ষিণে। এই এলাকা দুই দেশকে বিভক্ত করে রেখেছে। এই ‘অসামরিকীকৃত এলাকার’ বিপরীত পাশে উত্তর কোরিয়ার কয়েক হাজার রকেট নাকি তাক করা আছে সিউল নগরের দিকে। এক মাস আগেও হয়তো সিউলের মানুষ এ নিয়ে মাথা ঘামাতেন না। কিন্তু এখন এসব তথ্য মানুষের মনে অনেক বেশি উজ্জ্বল।সাম্প্রতিক ঘটনাবলির পর নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্রমবর্ধমান এই উত্তেজনার জন্য কে দায়ী? উত্তর কোরিয়ার সাম্প্রতিক হামলার পর এ নিয়ে গভীর মতভেদের বিষয়টি বেরিয়ে এসেছে।অনেকেই বলছেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পূর্ববর্তী প্রশাসনের সমর্থিত তথাকথিত ‘সানশাইন নীতি’ দেশকে দুর্বল অবস্থায় নিয়ে গেছে। কারও কারও মতে, উত্তর কোরিয়ার কোনো ‘খারাপ আচরণকে’ ছাড় দেওয়া হবে না—বর্তমান প্রেসিডেন্টের এই দৃঢ়সংকল্প ঝুঁকির পরিমাণকে নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে।