কৌশলে এগোচ্ছেন ওয়াদুদ ভূঁইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত চারদলীয় জোট সরকারের আমলের দোর্দণ্ড প্রতাপশালী খাগড়াছড়ির সাংসদ ওয়াদুদ ভূঁইয়া জেলার রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই তৎপরতা বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তবে স্থানীয় সরকারি ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের মতে, অতীতে তাঁর বিতর্কিত কর্মকাণ্ড এবং দলের মধ্যে স্বৈরাচারী ভূমিকার কারণে এই পুনর্বাসন সহজ হবে না। ক্ষমতায় থাকাকালে আবদুল ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলীয়করণ ও সন্ত্রাসী বাহিনী লালন-পালনের ব্যাপক অভিযোগ ওঠে। এক-এগারোর পর দেশে ক্ষমতার রাজনীতির পটপরিবর্তন হলে তিনি গ্রেপ্তার হন এবং দুর্নীতির দায়ে ২০ বছরের সাজা হয় তাঁর। ইতিমধ্যে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি ঢাকায় অবস্থান করছেন। বর্তমানে সেখান থেকেই খাগড়াছড়ির রাজনীতিতে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তাঁর স্থানীয় অনুসারীদের মাধ্যমে। জানা যায়, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর গত বছর ১৩ ডিসেম্বর ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বাধীন জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির অনুমোদন পায়। এর পরপরই তিনি তাঁর সমর্থকদের মাঠে নামিয়ে দেন। জেলা বিএনপির নিজস্ব কোনো কর্মসূচি না থাকলেও কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় চোখে পড়ে তাঁর কর্মী-সমর্থকদের তৎপরতা। গত ২৯ জানুয়ারি দেশব্যাপী বিএনপির গণমিছিল কর্মসূচিতে কর্মী-সমর্থকেরা ওয়াদুদ ভূঁইয়ার ছবি নিয়ে মাঠে নামেন। এর আগে বিভিন্ন কর্মসূচিতে থাকত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। সম্প্রতি ওয়াদুদ ভূঁইয়ার ছবি-সংবলিত একাধিক রকমের পোস্টার সারা জেলায় ব্যাপকভাবে লাগানো হয়েছে। এসব পোস্টারে ওয়াদুদ ভূঁইয়াকে ‘পাহাড়ের অবিসংবাদিত নেতা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এ বিষয়ে জেলা বিএনপির সহসভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘এসব কর্মকাণ্ড নির্বাচনকে লক্ষ্য রেখে নয়, খাগড়াছড়ির বিএনপিতে ওয়াদুদ ভূঁইয়ার অবদান অতুলনীয় বলেই কর্মী-সমর্থকেরা তাঁর ছবি বহন করছেন।’ তিনি আরও বলেন, ‘ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে অবস্থান করে রাজনীতি করতে চান। কিন্তু তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বার্থান্বেষী মহল হামলা চালাতে পারে-এই আশঙ্কায় তিনি খাগড়াছড়িতে থাকছেন না। খাগড়াছড়ি জেলা বিএনপির অপর অংশের (সমীরণ গ্রুপ) নেতা ও জাতীয়তাবাদী যুব দলের উপজাতিবিষয়ক কেন্দ্রীয় সহসম্পাদক বাতায়ন দেওয়ান বলেন, ‘ওয়াদুদ ভূঁইয়া জাতীয়তাবাদী শক্তির একজন নেতা। তিনি খাগড়াছড়িতে অবস্থান করুক আমরাও তা চাই। কিন্তু অতীতে তাঁর বিতর্কিত কর্মকাণ্ড এবং দলের ভেতর স্বৈরাচারী মনোভাবের এখনো কোনো পরিবর্তন হয়নি। চারদলীয় জোটের শাসনামলে তিনি বিরোধী দলের কোনো নেতা-কর্মীকে খাগড়াছড়িতে থাকতে দেননি। এমনকি নিজ দলেও ভিন্ন মতাবলম্বীদের বহিষ্কার ও নির্যাতন চালানো হতো যা এখনো অব্যাহত আছে। বাতায়ন দেওয়ান বলেন, ‘ওয়াদুদ ভূঁইয়ার স্বৈরাচারী মনোভাবের কারণে বিএনপির অনেক নেতা-কর্মী তাঁর ওপর ক্ষুদ্ধ। এ জন্য দায়ী একমাত্র তিনি নিজেই। মূলত এইসব অপকর্মের কারণেই তিনি নিজেকে খাগড়াছড়িতে নিরাপদ বোধ করেন না।’খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা বলেন, ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি (ওয়াদুদ ভূঁইয়া) নির্ভয়ে খাগড়াছড়িতে থেকে রাজনীতি করতে পারেন। তবে এখানে থাকলে তাঁকে কিছু বিষয় পরিত্যাগ করতে হবে। তিনি সামপ্রদায়িকতাকে উসকে দিতে পারবেন না, ষড়যন্ত্র করতে পারবেন না।’ যতন ত্রিপুরা অভিযোগ করেন, ‘সামপ্রদায়িকতাকে উসকে দিয়ে তিনি ফসল তুলতে চান। আমাদের কাছে খবর আছে খাগড়াছড়ি জেলা সদরের বাইরে মাটিরাঙ্গা মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি উপজেলায় যাতে আদিবাসীরা বৈসাবি উৎসব করতে না পারে সেজন্য তিনি ষড়যন্ত্র করছেন।’স্থানীয় রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ির রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য সুকৌশলে এগোচ্ছেন। তাঁর কিছু অন্ধ কর্মী-সমর্থক তাঁকে প্রতিষ্ঠিত করতে খুবই তৎপর। তবে অতীতে তাঁর বিতর্কিত কর্মকাণ্ড এবং এখনো দলের মধ্যে স্বৈরাচারী মনোভাবের কারণে এই প্রত্যাবর্তন সহজ হবে না।