কৌশলে ভরাট হচ্ছে আসকার দীঘি
ময়লা-আবর্জনা, কচুরিপানা ও আগাছার ভাগাড় এখন আসকার দীঘি। অন্তত ১০০টি কাঁচা শৌচাগারের বর্জ্যের শেষ আশ্রয়স্থল এটি। দেখে মনে হয় আগাছার একটি মাঠ। পাড়ে মানুষের অবৈধ বসতি ও দোকানপাট। প্রায় ছয় একর আয়তনের দীঘিটি গৃহস্থালির বর্জ্য ও কচুরিপানায় সুকৌশলে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ১৯৯৫ সালের মহাপরিকল্পনায় আসকার দীঘিকে পর্যটন-সুবিধাসংবলিত একটি বিনোদন পার্ক ও উন্মুক্ত স্থান হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। এরপর ২০০৫ সালের ডিটেইল এরিয়া প্ল্যানেও বিষয়টাকে গুরুত্ব দেওয়া হলেও এর নকশা এখনো চূড়ান্ত হয়নি। তবে ওই মহাপরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়িত হবে, সেটা সিডিএই জানে না।এ প্রসঙ্গে সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘মহাপরিকল্পনায় আসকার দীঘিকে উন্মুক্ত স্থান ও পর্যটন-সুবিধাসংবলিত পার্ক করার কথা বলা হয়েছে। কিন্তু এ নিয়ে এখনো কোনো প্রকল্প গৃহীত হয়নি। তবে দীঘি যদি এখন কেউ কৌশলে ভরাট করার উদ্যোগ নেন, তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। বিষয়টা তদন্ত করে দেখতে হবে।’জানা গেছে, একসময় এই দীঘিতে আশপাশের ৫০ হাজার মানুষ গোসল থেকে শুরু করে কাপড় কাচা সারলেও এটি মশা উৎপাদন কারখানা ছাড়া আর কিছুই নয়। তার পরও ওয়াসার পানি-সংকটের কারণে এখনো অনেকেই এর দূষিত পানি ব্যবহারে বাধ্য হচ্ছেন। অথচ ১৯৯০ সালের দিকে এই দীঘির পানিকে দূষিত বলে ব্যবহার না করতে বিজ্ঞপ্তি (নোটিশ) দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। কিন্তু এখন এই দীঘি নিয়ে সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর কিংবা সিডিএ—কারও মাথাব্যথা নেই।সিটি করপোরেশনের হেলদি ওয়ার্ড খ্যাত জামাল খানের ২০০ বছরের পুরোনো আসকার দীঘিটি পাঁচ বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝখানে ২০০৯ সালের মার্চে সিটি করপোরেশনের উদ্যোগে দীঘিটির কচুরিপানা পরিষ্কার করা হয়েছিল। কিন্তু এক বছর না যেতেই সেটি আবার পূর্বাবস্থায় ফিরে যায়।এ প্রসঙ্গে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী বলেন, ‘দীঘিটি এখন ব্যবহারের অনুপযোগী। দীঘির এই অবস্থার কারণে মশা ও পোকার উৎপাত বেড়েছে। এটি সংস্কার করা হলে আশপাশের অন্তত এক লাখ লোকের প্রতিদিনের ব্যবহারের পানি সমস্যার সমাধান হতো। কিন্তু ব্যক্তিমালিকানাধীন দীঘি হওয়ায় সিটি করপোরেশন এটি এখন আর সংস্কার করবে না।’ তিনি অভিযোগ করেন, ‘হয়তো এভাবে দীঘিটি ভরাট করার চেষ্টা চলছে। এটা হলে ঐতিহ্য নষ্ট হয়ে যাবে।’ জানা গেছে, পর্যায়ক্রমে ১০ বছরে দীঘির পাড় দখল হয়ে গেছে। উত্তর পাড় দখল করেছেন বিভিন্ন আসবাবের ব্যবসায়ী। তবে তাঁদের দাবি, দীঘির পাড়ের মালিক বিভিন্ন ব্যক্তি। তাঁরা মালিকদের কাছ থেকে ভাড়ায় এসব দোকান নিয়েছেন। তবে পাড় ভাড়া নিলেও অনেক ক্ষেত্রে তাঁদের দোকান চলে গেছে দীঘির পানির ধারে।এ প্রসঙ্গে মদিনা ফার্নিচারের ব্যবস্থাপক মোহাম্মদ এস এইচ বাবুল বলেন, ‘আমরা দীঘির পাড় বিভিন্নজনের কাছ থেকে ভাড়া নিয়ে দোকান করেছি। দীঘির মালিক শওকত সাহেব হলেও পাড়ের মালিকানা ভিন্ন। দীঘিটি ভরাটের অন্যতম কারণ ময়লা-আবর্জনা ও কচুরিপানা।’ জানা গেছে, ১৯৬১ সালের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মহাপরিকল্পনায় দীঘিটি উন্মুক্ত পরিসর এলাকা হিসেবে চিহ্নিত করা হলেও এর চার পাড়ই এখন দখল হয়ে গেছে। এমনকি দীঘির চারদিকের পানির অংশও ভরাট হয়ে গেছে। এতে ঝুপড়ি ঘর তুলে ভাড়া দিয়েছেন কিছু লোক। তেমনই একজন মোহাম্মদ হানিফ। তিনি দীঘির মালিক শওকত আলী চৌধুরীর অধীনে এটি তত্ত্বাবধান করেন। হানিফ বলেন, ‘দীঘির চার পাড়ে অন্তত এ রকম ১০০ বস্তিঘর রয়েছে। আমরা মালিকের হয়ে এখান থেকে ভাড়া তুলি।’ দেড় বছরের মাথায় কীভাবে দীঘিটির এই অবস্থা হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘কচুরিপানায় ভরে যায়। কমপক্ষে ১০০ খোলা পায়খানার বর্জ্য সরাসরি দীঘিতে পড়ছে। এ ছাড়া গৃহস্থালির আবর্জনা তো ফেলা হচ্ছেই।’ এর দূষিত পানি ব্যবহার করার কারণে আশপাশের বাসিন্দারা নানা ধরনের চর্ম রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। বস্তিতে থাকা আরিফ বলেন, ‘এই পানি ব্যবহারের কারণে নানা সমস্যায় পড়ছে লোকজন। কিন্তু উপায় নেই।’ ফায়ার সার্ভিস সূত্র জানায়, জামালখান ওয়ার্ড ও আশপাশের এলাকায় বড় বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এই দীঘির পানি ব্যবহার করা হতো। কিন্তু এখন সেই সুযোগ নেই। রেনু বেগম নামে একজন জানান, ‘২০ বছর আগেও এই দীঘির পানি আমরা ফুটিয়ে পান করতাম। কিন্তু এখন এই পানি ধরলেই চুলকায়। তবু বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে।’ মালিকপক্ষ ইচ্ছাকৃতভাবে সুকৌশলে দীঘিটি ভরাট করে ফেলছে বলেও অভিযোগ করেন স্থানীয় লোকজন। পরিবেশ আইনে জলাশয় ভরাট করা নিষেধ। তার পরও কেউ দীঘিটির কথা ভাবছে না বলে স্থানীয় লোকজনের অভিযোগ।