কৌশলে ‘যুদ্ধাপরাধীদের’ পক্ষে জামায়াতের প্রচার
চার দলের রোডমার্চ ও জনসভাকে উপলক্ষ করে নগরে রাজনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির। গত সেপ্টেম্বরে নগরের মুরাদপুর ও দেওয়ানহাটে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা চালানোর পর দলটি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল। পুলিশি অভিযানের মুখে তাদের তৎপরতাও ঝিমিয়ে পড়েছিল। রোডমার্চ এবং জনসভাকে কেন্দ্র করে তারা সক্রিয় হতে শুরু করে। রোডমার্চের পোস্টার-ব্যানারের ফাঁকে ফাঁকে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ডিজিটাল প্রিন্টের ব্যানারও তাঁরা সাঁটিয়ে দিয়েছেন নগরের বিভিন্ন মোড়ে ও পলোগ্রাউন্ডের জনসভাস্থলে।গতকাল সকাল থেকে পলোগ্রাউন্ড দখলে নিয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। তারা প্রবেশপথ থেকে শুরু করে মঞ্চের সম্মুখভাগ পর্যন্ত অবস্থান নেয়। তাদের হাতে ও মাথায় শোভা পাচ্ছিল যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াত ইসলামীর পাঁচ শীর্ষ নেতার মুক্তির দাবিতে বিভিন্ন রঙিন পোস্টার ও ফেস্টুন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জনসভাস্থলে অবস্থান করে দেখা গেছে জামায়াত নেতা-কর্মীরা পলোগ্রাউন্ডে ঢোকার দুটি মুখ টাইগারপাস ও কদমতলী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দেন। এভাবে পলোগ্রাউন্ডের মূল ফটক পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁরা জনসভায় আসা মিছিলগুলোকে স্বাগত জানাচ্ছিলেন।এ সময় কয়েকজন জামায়াত কর্মী জানান, ‘একাধিক দাবিতে রোডমার্চ হচ্ছে। কিন্তু আমাদের দাবি একটাই আমাদের নেতাদের মুক্তি।’ এ প্রসঙ্গে বেলা সাড়ে ১২টায় মোবাইল ফোনে জানতে চাইলে নগর জামায়াতের আমির সাংসদ শামসুল ইসলাম দাবি করেন, ‘এখন পর্যন্ত জনসভায় যা লোক এসেছে তাঁর বেশির ভাগই আমাদের। আমাদের লাখ লাখ কর্মী সমাবেশে এসেছে। নেতাদের মুক্তির দাবি জানাতে এখানে এসেছি।’জানা গেছে, সকাল থেকে নগরী ও বিভিন্ন উপজেলা থেকে জামায়াত নেতা-কর্মীরা জনসভাস্থলে মিছিল নিয়ে আসতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড জামায়াতে ইসলামীর বিশাল একটি মিছিল প্রবেশ করে জনসভায়। তাঁদের মাথায় নেতাদের মুক্তির দাবিতে টুপি ও হাতে পোস্টার ছিল। এর আগে নগরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যান জামায়াত নেতা-কর্মীরা। জামায়াতে ইসলামীর পাশাপাশি বেলা পৌনে ১২টার দিকে জনসভায় আসে ইসলামী ঐক্যজোটের একটি বিশাল মিছিল। জামায়াত কর্মীরা সভা মঞ্চের সামনের সারিতে গিয়ে জড়ো হয়ে বসেন। কর্মীরা জানান, ‘সামনের সারি এবং প্রবেশপথে দাঁড়াতে আমাদের ওপর নির্দেশ ছিল।’এদিকে জামায়াত নেতাদের মুক্তির পাশাপাশি উত্তর জেলা বিএনপির একাংশ সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দাবি সংবলিত পোস্টার ও ব্যানার নিয়ে জনসভায় আসে। পোস্টার জব্দ : পলোগ্রাউন্ডের জনসভাস্থলে ডিজিটাল প্রিন্টের ব্যানার নিয়ে যাওয়ার সময় পুলিশ একটি ট্রাক আটক করে। ট্রাক থামানোর মুহূর্তেই শিবিরের এক নেতাসহ তিন-চারজন আরোহী পালিয়ে যান। পরে ট্রাক তল্লাশি করে ৪৫টি ডিজিটাল প্রিন্টের ব্যানার পেয়েছে পুলিশ।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার কামাল এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘শাহ আমানত নতুন সেতু এলাকা থেকে দেওয়ানহাটের দিকে একটি ট্রাক যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ট্রাকটি থামায়। এর আগেই শিবিরের এক নেতা এবং দুই-তিন শ্রমিক পালিয়ে যান। ট্রাকের ভেতর তল্লাশি করে আমরা বড়, মাঝারি ও ছোট আকৃতির ৪৫টি ডিজিটাল প্রিন্টের ব্যানার জব্দ করেছি।’ওসি আনোয়ার আরও বলেন, ট্রাকে শিবিরের এক নেতা ছিলেন। তাঁর সঙ্গে দুই-তিনজন শ্রমিক দেখা গেছে, যাঁরা ব্যানারগুলো পলোগ্রাউন্ডের জনসভাস্থলের অদূরে দেওয়ানহাটের দিকে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ সূত্র জানায়, ব্যানারে মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত জামায়াতের পাঁচ শীর্ষ নেতার ছবি এবং তাঁদের মুক্তির দাবির কথা উল্লেখ রয়েছে। এ ছাড়া পলোগ্রাউন্ডের জনসভায় সফলের কথাও বলা আছে। জামায়াতের শীর্ষ পাঁচ নেতা হলেন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবদুল কাদের মোল্লা। নগর পুলিশের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘চার দলের রোডমার্চ ও জনসভাকে উপলক্ষ করে জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি নিয়ে মিছিল-সমাবেশ করার সুযোগ খুঁজছে। কিন্তু যুদ্ধাপরাধীদের পক্ষে কাউকে রাস্তায় নামতে দেওয়া নিষিদ্ধ।’