ক্যাজুয়ালে স্মার্ট হামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলস ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট হামিন আহমেদ। মাথায় পরেন নানা ধরনের টুপি। পারিবারিক বা বিশেষ অনুষ্ঠান সব খানেই পরেন জিনস-শার্ট। আজ অধুনায় থাকছে তাঁর স্টাইল।

মাথায় টুপি তো অনেকেই পরেন। কিন্তু টুপিতে পকেট থাকে কজনার। অনেকে হয়তো ভাবতেই পারছেন না, টুপিতে আবার পকেট! হ্যাঁ, এমন টুপিই পছন্দ ব্যান্ড দল মাইলসের ভোকালিস্ট গিটারিস্ট হামিন আহমেদের। পোশাক বা অনুষঙ্গ যা-ই হোক না কেন, তাতে কিছুটা নতুনত্ব থাকা চাই। নিজে পছন্দ করেন ‘ক্যাজুয়ালি স্মার্ট’ থাকতে। অর্থাৎ পোশাকটা হবে সাধারণ কিন্তু তাতে স্মার্ট দেখাতে হবে।

আবার কোনো ফরমাল অনুষ্ঠান, হয়তো পরেছেন শার্ট। সঙ্গে ভিন্ন কাটের বা সেলাইয়ের জিনস। পায়ে থাকবে পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা।

গোল গলার টি-শার্টই তাঁর পছন্দের শীর্ষে। মাঝে মধ্যে কলারসহ টি-শার্টও পরেন। সাদাকালো রংই বেশি আকর্ষণ করে তাঁকে। আর প্রিন্টের টি-শার্ট পরলে তার নকশায় ভিন্নতা থাকতে হবে।

চমড়ার পণ্যের ওপরে আছে হামিন আহমেদের বিশেষ দুর্বলতা। তাই বেল্ট থেকে শুরু করে ব্যাগ, জুতা, জ্যাকেট, বেল্ট ইত্যাদিতে বেছে নেন চামড়ার পণ্য।

‘একটা সময় খুব জুতাপাগল ছিলাম। নানা ধরনের জুতায় ঘর ভর্তি হতো। মঞ্চে ওঠার আগে নিজের স্টাইলের দিকে সব সময় খেয়াল রাখি। জিনস আর টি-শার্টে স্বচ্ছন্দ বোধ করি।’ বলছিলেন এই ব্যান্ডশিল্পী। বাসায় বা অবসরে, ভ্রমণ, এমনকি বাড়ির কাছাকাছি কোথাও গেলে থ্রি কোয়ার্টার বা হাফপ্যান্ট পরেন। ক্যাজুয়াল পোশাকের জন্য নেক্সট, গ্যাপ ব্যান্ড বেশি পরা হয়। এ ছাড়া ফরমাল পোশাক কিনতে বস বা টার্গেট। আরমানি এক্সচেঞ্জ, টপম্যান, ভার্সাসি ব্র্যান্ডের সবকিছুই পছন্দ হয়।

গাড়ি ড্রাইভিং করতে পছন্দ করেন। বিএমডব্লিউ স্পোর্টস কার টানে বেশি। মাঝে মাঝে সাইকেল চালান। বিভিন্ন ক্লাবে অনেক দিন পর্যন্ত ক্রিকেট খেলেছেন। জাতীয় দলে খেলেছেন কয়েক বছর। তাই ক্রিকেট ব্যাট আছে পছন্দের সংগ্রহ তালিকায়।

একসময় স্বপ্ন ছিল এমপ্লিফায়ার মেসাবুগি বাজাবেন। এখন সেটাই বাজান। গিটার গিবসন ইএস ৩৩৫ ও ফেন্ডার স্ট্রাটোকাস্টারের প্রতি ছিল দুর্বলতা। মাথায় ক্যাপ আর চোখে সানগ্লাস পরেন প্রয়োজনমতো। কানে পরেন কারুকাজহীন দুল। হাতে ঘড়ি পরেন। স্টাইল সম্পর্কে হামিন আহমেদ বলেন, ‘প্রত্যেক মানুষেরই চেহারা, শারীরিক গঠন, মানসিকতার পরিচয় ফুটে ওঠে তাঁর স্টাইলে। যেখানে শুধু পোশাক নয়, তাঁর কথাবার্তা, আচার-ব্যবহারও জড়িত।

তা-ই এসব মিলে যা, তাই আমার কাছে স্টাইল বলে মনে হয়।’ -s�